ওবামা লিখছেন স্মৃতিকথা, 'যুদ্ধে' প্রকাশনা সংস্থাগুলো
২০ জানুয়ারি ডোনাল্ড ট্রাম্পের কাছে ক্ষমতা হস্তান্তরের পর এখন অবসর যাপন করছেন বারাক ওবামা। এরপর থেকেই তিনি আলোচনায়। ওবামাকে ‘কাইট-বোর্ডিং’-এ দেখা গেছে। নির্বাচিত করতে না পারলেও ফ্রান্সের ভোটাররা বারাক ওবামাকে তাঁদের প্রেসিডেন্ট করতে চান। সেই বারাক ওবামা আবারও শিরোনাম। এবার তাঁর স্মৃতিকথা প্রকাশের জন্য হুমড়ি খেয়ে পড়েছেন বিশ্বসেরা প্রকাশকেরা। এরই মধ্যে ওই বই প্রকাশের জন্য প্রতিযোগিতায় দর-কষাকষি রেকর্ড ছয় কোটি ডলারের বেশি অর্থ প্রস্তাব করা হয়েছে।
দ্য ইন্ডিপেনডেন্ট-এর অনলাইনের খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ওবামা পরিবার নিয়ে হোয়াইট হাউসে ছিলেন আট বছর। এ সময় কী কী ঘটেছে, তা নিয়ে স্মৃতিকথা লিখছেন তিনি। স্মৃতিকথা কবে নাগাদ প্রকাশ হবে, সে বিষয়ে নিশ্চিত না হলেও এ বই প্রকাশের জন্য এক হুলুস্থুল কাণ্ড শুরু হয়েছে। স্ত্রী মিশেল ও তাঁর এই স্মৃতিকথা প্রকাশের জন্য হুমড়ি খেয়ে রীতিমতো ‘যুদ্ধে’ নেমেছে বিশ্বসেরা প্রকাশনা সংস্থাগুলো। এরই মধ্যে ওই বই প্রকাশের জন্য প্রতিযোগিতায় দর-কষাকষি রেকর্ড অর্থ প্রস্তাব করা হয়েছে। দর-কষাকষির বিষয়ে জানেন, এমন অনেকে দ্য ফিন্যান্সিয়াল টাইমসকে জানিয়েছেন, বইটি প্রকাশের জন্য ছয় কোটি ডলারের বেশি অর্থ প্রস্তাব করা হয়েছে।
এরই মধ্যে এ দৌড়ে সবার চেয়ে এগিয়ে আছেন প্রকাশনা সংস্থা পেঙ্গুইন র্যানডম হাউস। এ সংস্থাটি এর আগেও বারাক ওবামার তিনটি বই প্রকাশ করেছে। বলা হচ্ছে, এবারের দর-কষাকষিতে বিশ্বখ্যাত এ সংস্থাটি বেশি অঙ্কের অর্থ প্রস্তাব করেছে।
নিউজ করপোরেশনের স্বত্বাধিকারী মিডিয়া মোগল রুপার্ট মারডকের প্রকাশনা সংস্থা হারপার কলিনস, সিবিএস টেলিভিশনের মালিকানাধীন প্রকাশনা সংস্থা সিমন অ্যান্ড শস্টারও এ দৌড়ে আছে।
এরই মধ্যে যে অঙ্ক প্রকাশনা সংস্থাগুলো থেকে প্রস্তাব করা হয়েছে, তা সম্ভবত কোনো বিদায়ী প্রেসিডেন্টের জন্য সর্বোচ্চ রেকর্ড। সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটনকে তাঁর ‘মাই লাইফ’ নামের স্মৃতিকথার জন্য দেওয়া হয়েছিল ১ কোটি ৫০ লাখ মার্কিন ডলার। সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশকে তাঁর ‘ডিসিশন পয়েন্টস’-এর জন্য দেওয়া হয়েছিল এক কোটি মার্কিন ডলার।
বারাক ওবামা ক্ষমতায় থাকতেই লিখেছেন সাড়া জাগানো দুটি বই ‘ড্রিমস ফ্রম মাই ফাদার’ এবং ‘দ্য অডেসিটি অব হোপ’। দুটি বই বেস্ট সেলার হয়েছে।
হোয়াইট হাউস ছাড়ার পর থেকে বারাক ওবামা দম্পতি, তাঁর পরিবার ‘লো প্রোফাইল’ অর্থাৎ তাঁরা খুব একটা জনসমক্ষে আসছেন না। এ সময়ে তাঁদের শুধু বন্ধু রিচার্ড ব্রানসনের ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডে দেখা গেছে। সেখানে ওবামাকে ‘কাইট-বোর্ডিং’ শিখতে দেখা গেছে। ব্রডওয়েতে দেখা গেছে মেয়ে মালিয়ার সঙ্গে।
বারাক ওবামার নতুন এই স্মৃতিকথা কবে নাগাদ প্রকাশ হতে পারে, সে বিষয়ে নিশ্চিত করে কিছু জানা যায়নি।