
যুক্তরাষ্ট্রের রিপাবলিকান প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এবং সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডেমোক্র্যাট দলের প্রার্থী হিলারি ক্লিনটনের ভুল নীতির কারণেই ইরাকের মসুল শহর মার্কিন সেনাদের নিয়ন্ত্রণ থেকে জঙ্গি গোষ্ঠী আইএসের হাতে চলে গেছে। সম্প্রতি মসুলে ইরাকি বাহিনীর অভিযান শুরুর আগে আগাম ঘোষণা দেওয়ার কড়া সমালোচনা করে তিনি বলেছেন, ইরাকের সামরিক কৌশলে যুক্তরাষ্ট্রের আর শক্ত নিয়ন্ত্রণ নেই।
এবিসি টেলিভিশনের কাছে দেওয়া একান্ত সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প এসব কথা বলেন। সেখানে তিনি সামরিক বিশেষজ্ঞদের ‘কিছু জ্ঞান’ দেওয়ারও আগ্রহ প্রকাশ করেন।
এবিসি টেলিভিশনের সাংবাদিক জর্জ স্টেনোপলিসের কাছে দেওয়া সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘সামরিক বিশেষজ্ঞরা আমার সঙ্গে বসলে আমি কিছু জ্ঞান দিতে পারি।’ ট্রাম্প বলেন, ‘আমরা তিন মাস ধরে শুনছিলাম ইরাকের মসুলে হামলা করা হবে।’ তিনি প্রশ্ন করেন, ‘সামরিক হামলা করা হবে কিন্তু আগাম সে কথা বলা হবে কেন? মসুলে হামলার আগাম ঘোষণার ফলে সেখান থেকে আইএসের নেতারা পালিয়ে গেছে।’ সামরিক হামলার আগাম খবর পেয়ে আইএস মসুলে শক্ত প্রতিরোধ গড়ে তুলতেও সক্ষম হয়েছে বলে ট্রাম্প অভিযোগ করেন।
ইরাকে মার্কিন সামরিক অভিযান ব্যর্থ হচ্ছে দাবি করে ট্রাম্প এই ব্যর্থতার জন্য আবারও প্রেসিডেন্ট বারাক ওবামা এবং হিলারি ক্লিনটনকে দায়ী করেন। তিনি বলেন, ‘মসুল আমাদের দখলে ছিল, প্রেসিডেন্ট ওবামা এবং হিলারি ক্লিনটনের নীতির কারণে সেখানে শূন্যতা দেখা দেয়।’ ফলে মসুল আইএসের দখলে চলে যায়।
গত রোববার ডোনাল্ড ট্রাম্প এক টুইটবার্তায় বলেছিলেন, ইরাকের মসুলে এবারের মার্কিন হামলায় চরম বিপর্যয় ঘটেছে। তিনি বলেন, ‘মসুলে হামলার জন্য এক মাসের নোটিশ দেওয়া হয়েছিল। ট্রাম্পকে ভোট দিন এবং আবার জয়লাভ করুন।’ ট্রাম্পের মতে, সামরিক অভিযানের বেলায় আগাম ঘোষণা নয়, বরং আকস্মিকতাই কাম্য।
দীর্ঘ প্রস্তুতির পর ইরাকের সামরিক বাহিনী মসুল পুনর্দখলের জন্য সম্প্রতি অভিযান শুরু করেছে। সেখানে তারা আইএসের তীব্র প্রতিরোধের সম্মুখীন হচ্ছে। এ অভিযানে শিয়া ও কুর্দি যোদ্ধা এবং মার্কিন বিমানবাহিনী ও সেনা বিশেষজ্ঞরা ইরাকি বাহিনীকে সহায়তা করছে।
এদিকে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী অ্যাশটন কার্টার এবিসি টিভিকে দেওয়া এক পৃথক বক্তব্যে বলেছেন, মসুলে মার্কিন সামরিক অভিযান পরিকল্পনামাফিক এগিয়ে যাচ্ছে। মার্কিন ওয়ার কলেজের ডিন জেফ ম্যাকসল্যান্ড নিউইয়র্ক টাইমসকে বলেছেন, ‘ট্রাম্পের বক্তব্য থেকে বোঝা যায় সামরিক কৌশল সম্পর্কে কোনোই ধারণা নেই তাঁর।’
জেরুজালেমে ট্রাম্পের সমর্থনে জনসভা: ইসরায়েলে বসবাসরত কয়েক শ মার্কিন নাগরিক গতকাল বৃহস্পতিবার জেরুজালেম শহরে ডোনাল্ড ট্রাম্পের সমর্থনে জনসভা করেছেন। রিপাবলিকানস ওভারসিজ ইসরায়েল নামের একটি সংগঠন এই জনসভার আয়োজন করে। সেখানে উপস্থিত হওয়া ইসরায়েলি আমেরিকান নাগরিকেরা বলেছেন, ট্রাম্প জয়ী হলে তা ইসরায়েলের জন্য মঙ্গলজনক হবে। তাঁরা মনে করেন, ট্রাম্প হিলারির চেয়ে অনেক বেশি ইসরায়েলবান্ধব নেতা।