ওবামা 'বস্তাপচা' নেতা
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা একজন ‘বস্তাপচা’ নেতা। তাঁর কাজকর্ম একেবারে ‘নিরস’। বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর প্রেসিডেন্টকে নিয়ে এ মন্তব্য করেছে চীনের ক্ষমতাসীন দল কমিউনিস্ট পার্টির ঘনিষ্ঠ একটি পত্রিকা। ওবামার আসন্ন চীন সফরের আগে এ মন্তব্য করল পত্রিকাটি। খবর এএফপির।
গতকাল বুধবার গ্লোবাল টাইমস নামের পত্রিকাটির সম্পাদকীতে লেখা হয়েছে ‘ওবামা সব সময় “হ্যাঁ, আমরা পারি (ইয়েস, উই ক্যান)” বলে জিগির তোলেন। এতে জনগণের মধ্যে প্রচণ্ড প্রত্যাশার ঢেউ ওঠে। তবে তিনি নিজে যা করছেন তা একেবারেই যাচ্ছেতাই। নিজের সমর্থকদের তিনি কিছুই দিতে পারেননি। মার্কিন সমাজ তাঁর বস্তাপচা কথাবার্তায় ক্লান্ত হয়ে পড়েছে।’
মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ওবামার ক্ষমতাসীন দল ডেমোক্রেটিক পার্টি বিরোধী দল রিপাবলিকান পার্টির কাছে ধরাশয়ী হওয়ার পর গ্লোবাল টাইমস ওই সম্পাদকীয় ছাপল।
ওবামার পররাষ্ট্রনীতি নিয়ে প্রশ্ন তুলে পত্রিকাটি লিখেছে, তিনি (ওবামা) মার্কিন সেনাদের ইরাক ও আফগানিস্তান থেকে প্রত্যাহার করে নিয়েছেন। তবে এসব দেশে ‘কোনো প্রকার শান্তি অবশিষ্ট রাখেননি’।
ওবামাকে সার্বিকভাবে মূল্যায়ন করে সম্পাদকীয়তে বলা হয়েছে, তাঁর ‘সবচেয়ে বড় সফলতা হচ্ছে শূন্য বুলি’। পাশ্চাত্যের রাজনৈতিক পদ্ধতি মৌলিকভাবেই ত্রুটিপূর্ণ বলে মন্তব্য করে এতে বলা হয়েছে, ‘বুশের (সাবেক মার্কিন প্রেসিডেন্ট) যেকোনো কাজ করার সাহস ছিল। আর ওবামার কোনো কাজ করার সাহস নেই। দুজন এসেছেন ভিন্ন দুটি দল থেকে। তবে দুজনের পরিণতি হয়েছে একই। এটা কি তাঁদের সমস্যা, না মার্কিন ব্যবস্থার?’