ওবামাকে 'সৎ মানুষ' বললেন কাস্ত্রো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সম্পর্কের বরফ গলছে এই করমর্দনে। হাত মেলাচ্ছেন কিউবার প্রেসিডেন্ট রাউল কাস্ত্রো (বাঁয়ে) ও মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। ছবি: এএফপি
সম্পর্কের বরফ গলছে এই করমর্দনে। হাত মেলাচ্ছেন কিউবার প্রেসিডেন্ট রাউল কাস্ত্রো (বাঁয়ে) ও মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। ছবি: এএফপি

কূটনৈতিক সম্পর্কের বরফ গলাতে অনেক ধৈর্যের প্রয়োজন। গতকাল শনিবার মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে মুখোমুখি এক ঐতিহাসিক সাক্ষাতে এ কথা বলেন কিউবার প্রেসিডেন্ট রাউল কাস্ত্রো। পানামা সিটিতে চলমান আমেরিকা শীর্ষ সম্মেলনে যোগ দেওয়ার পাশাপাশি এক বৈঠকে মিলিত হন এই দুই নেতা।
এ সময় দুই দেশের সম্পর্কের উন্নয়নে আশা প্রকাশ করে ওবামাকে একজন ‘সৎ মানুষ’ বলে অভিহিত করেন কাস্ত্রো।
এএফপির খবরে জানানো হয়, দুই নেতা মুখোমুখি বসার পর কাস্ত্রোর মুক্তমনে এগিয়ে আসার উদ্যমের জন্য ওবামা প্রথমে তাঁকে ধন্যবাদ জানান। এ সময় কাস্ত্রো বলেন, ‘আমরা প্রতিটি বিষয় নিয়ে আলোচনায় ইচ্ছুক, তবে আমাদের খুব ধৈর্য ধরতে হবে, খুব ধৈর্য।’
গত ৫০ বছরের মধ্যে দুই দেশের নেতাদের মধ্যে এটাই ছিল প্রথম আনুষ্ঠানিক আলোচনা। এর আগে কিউবা ও যুক্তরাষ্ট্রের সম্পর্কের বরফ গলার এই ঐতিহাসিক বিষয়টিকে ওবামা মোড় ঘুরিয়ে দেওযার মতো ‘সন্ধিস্থল’ বলে উল্লেখ করেন। গত ডিসেম্বর থেকে দুই দেশের মধ্যে সম্পর্কের টানাপোড়েন শিথিল হতে শুরু করে। এরপর গতকাল ছিল দুই নেতার মধ্যে প্রথম পূর্ণাঙ্গ বৈঠক। এতে কাস্ত্রো কিউবা ও যুক্তরাষ্ট্রের সম্পর্কের ইতিহাস নিয়ে দীর্ঘ বক্তব্য দেন। ১৯৫৯ সাল থেকে কিউবার ওপর অর্থনৈতিক প্রতিবন্ধকতা সৃষ্টি করে আসছে যুক্তরাষ্ট্র। কাস্ত্রো এই বাধা তুলে নিতে অনুরোধ করেন। এ সময় ওবামাকে তিনি ‘সৎ মানুষ’ বলে উল্লেখ করেন। কাস্ত্রোর সঙ্গে এ বৈঠককে ওবামা ঐতিহাসিক ঘটনা বলে উল্লেখ করেন।