ওবামাকেয়ার বাতিলের প্রস্তাব সিনেটে প্রত্যাখ্যান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাত বছর সাত মাস চেষ্টার পর ‘ওবামাকেয়ার’ নামে পরিচিত স্বাস্থ্যবিমা আইন বাতিলে ব্যর্থ হলো যুক্তরাষ্ট্রের ক্ষমতাসীন রিপাবলিকান পার্টি। শুক্রবার রাত ১টা ৩০ মিনিটে সিনেটর জন ম্যাককেইনের শেষ ভোটে সিনেটে রিপাবলিকান নেতৃত্বের প্রস্তাবিত একটি খসড়া বাতিল হয়ে যায়। ম্যাককেইন ছাড়াও সিনেটর সুসান কলিন্স ও লিসা মুরকাউস্কি এ খসড়ার বিরুদ্ধে ভোট দেন। সিনেটের সব ডেমোক্র্যাটের ‘না’ ভোটের ফলে মোট ৪৯-৫১ ভোটে বাতিল হয়ে যায় প্রস্তাবটি।

ম্যাককেইন যাতে তাঁর মত পরিবর্তন করেন, সে জন্য হোয়াইট হাউস তড়িঘড়ি করে ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সকে সিনেটে প্রেরণ করে। চূড়ান্ত ভোট গ্রহণের আগে তাঁরা দুজন সিনেটের অধিবেশনকক্ষে ২১ মিনিট কথা বলেন, কিন্তু ম্যাককেইন তাঁর মত পরিবর্তন করতে অস্বীকার করেন। এর আগে সিনেটে এক ভাষণে যে কঠোর গোপনীয়তায় খসড়াটি প্রস্তুত করা হয়, ম্যাককেইন তাঁর সমালোচনা করেন ও ডেমোক্র্যাটদের অংশগ্রহণে নতুন করে আলাপ-আলোচনার প্রস্তাব রাখেন। 

তিন দিন ধরে মার্কিন সিনেট স্বাস্থ্যবিমা প্রশ্নে একের পর এক ভোট গ্রহণের মাধ্যমে কোন একটি খসড়া পাস করার আপ্রাণ চেষ্টা করে আসছিল। প্রেসিডেন্ট ট্রাম্প তাঁর দলের সদস্যদের সাবধান করে দিয়েছিলেন ওবামাকেয়ার বাতিল আইন গৃহীত না হলে তিনি ‘ভীষণ রাগ’ করবেন। প্রশাসনের পক্ষ থেকে নারাজ সিনেটরদের ওপর চাপ প্রয়োগের বিভিন্ন চেষ্টাও হয়। অভ্যন্তরীণ মন্ত্রী রায়ান জিঙ্কে আলাস্কার লিসা মুরকাউস্কিকে হুমকি দেন, ওবামা কেয়ার প্রশ্নে সহযোগিতা না করলে আলাস্কার জন্য ইতিমধ্যে চিহ্নিত একাধিক ব্যয় বরাদ্দ বাতিল হবে।

সিনেটে রিপাবলিকান নেতা মিচ ম্যাককনেল ওবামাকেয়ার সম্পূর্ণ বাতিলের চেষ্টায় ব্যর্থ হয়ে একটি ‘কৃশকায় বাতিল’ খসড়া প্রস্তাব করেন, যাতে চলতি স্বাস্থ্যবিমার কতিপয় গুরুত্বপূর্ণ ধারা অপরিবর্তিত রাখা হয়। কংগ্রেসের নিজস্ব বাজেট অফিস হিসাব করে জানিয়েছিল এই খসড়া আইনে পরিণত হলে কমপক্ষে দেড় কোটি মানুষ স্বাস্থ্যবিমা হারাবে ও মাথাপিছু বিমার হার নাটকীয়ভাবে বেড়ে যাবে। ম্যাককনেল আশ্বাস দিয়েছিলেন এই খসড়াটি সিনেটে পাস হলেও তা আইনে পরিণত হবে না। প্রতিনিধি পরিষদের সঙ্গে আলাপ-আলোচনার পর সম্মতির ভিত্তিতে চূড়ান্ত খসড়াটি গৃহীত হবে। কিন্তু জন ম্যাককেইন সে আশ্বাসে আস্থা রাখতে পারেননি।

দুই সপ্তাহ আগে জানা যায়, ম্যাককেইন মস্তিষ্কের ক্যানসার রোগে আক্রান্ত হয়েছেন। চিকিৎসাধীন অবস্থায় চার দিন আগে তিনি সিনেটে ফিরে আসেন ও ওবামাকেয়ার বাতিল প্রক্রিয়া শুরুর পক্ষে ভোট দেন। সে সময় প্রেসিডেন্ট ট্রাম্প ম্যাককেইনকে ‘একজন প্রকৃত আমেরিকান নায়ক’ হিসেবে অভিহিত করেছিলেন। ওবামাকেয়ার বাতিল ভোট পরাস্ত হওয়ার পর ট্রাম্প এক টুইটে তাঁর হতাশা ব্যক্ত করেন, তবে ম্যাককেইন ও ‘না’ ভোট প্রদানকারী অন্য দুজন রিপাবলিকান সিনেটরের নাম উল্লেখ করেননি।

কোনো সন্দেহ নেই, ওবামাকেয়ার বাতিলের ব্যর্থতা প্রেসিডেন্ট ট্রাম্প ও রিপাবলিকান নেতৃত্বের জন্য এক ভয়াবহ বিপর্যয়। ট্রাম্পের নির্বাচনী প্রচারণার একটি প্রধান প্রতিশ্রুতিই ছিল প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ামাত্রই তিনি ওবামাকেয়ার বাতিল ও নতুন স্বাস্থ্যবিমা আইনে স্বাক্ষর করবেন। বিস্তর দোষত্রুটি থাকলেও ওবামাকেয়ারের ফলে সোয়া দুই কোটি অতিরিক্ত মানুষ স্বাস্থ্যবিমার অধীনে এসেছে। এই আইনে ক্যানসার বা ডায়াবেটিসের মতো ‘পূর্বাবস্থা’ সত্ত্বেও পূর্ণ বিমার ব্যবস্থা রাখা হয়েছে। আইনটি বাতিল করে রিপাবলিকান নেতৃত্ব যে নতুন খসড়া প্রস্তাব করে, তা নিয়েও দলটিতে মতভেদ তৈরি হয়। আপসরফা হিসেবে ম্যাককনেল ওবামাকেয়ারের কতিপয় ধারা অক্ষুণ্ন রেখে একটি কৃশকায় বাতিল আইন প্রস্তাব করেন। আশা ছিল কৃশকায় আকারের এই স্বাস্থ্যবিমা আইন প্রেসিডেন্ট ট্রাম্পের টেবিলে স্বাক্ষরের জন্য পাঠানো সম্ভব হবে। কিন্তু একজন ক্যানসার-আক্রান্ত সিনেটর, যিনি ভিয়েতনাম যুদ্ধের সময় আহত হয়ে পাঁচ বছর সেখানে বন্দী হয়ে ছিলেন, তাঁর প্রতিরোধের মুখে সে স্বপ্ন বিলীন হয়ে গেল।