ওবামার অভিবাসন পরিকল্পনা আটকে দিলেন সুপ্রিম কোর্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লাখো অভিবাসীকে যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানো বন্ধ করতে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার অভিবাসন নীতি পরিবর্তনের পরিকল্পনাকে আটকে দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। ওবামার পরিকল্পনার পক্ষে-বিপক্ষে চারজন করে বিচারপতি রায় দেন। ফলে যুক্তরাষ্ট্রে অবৈধভাবে থাকা অভিবাসীদের দেশে ফেরত পাঠাতে নিম্ন আদালতের দেওয়া রায়ই বহাল থাকল।
এই রায়ে হতাশা প্রকাশ করেছেন ওবামা। তিনি বলেন, রায়টি যুক্তরাষ্ট্রে থাকা কয়েক লাখ অভিবাসীর জন্য ‘হৃদয়বিদারক’। অভিবাসীরা এখানে তাঁদের স্থান করে নিয়েছিলেন।
২০১৪ সালে ওবামা নির্বাহী ক্ষমতাবলে অভিবাসন নীতি পরিবর্তন করেছিলেন। ফলে কয়েক লাখ অবৈধ অভিবাসী যুক্তরাষ্ট্রে থাকার সুযোগ পান। তিনি মার্কিন কংগ্রেসকে পাশ কাটিয়ে এ সিদ্ধান্ত নিয়েছিলেন।
কংগ্রেসের রিপাবলিকান দলীয় স্পিকার পল রায়ান অবশ্য আদালতের রায়কে স্বাগত জানিয়েছেন। তিনি বলেন, একমাত্র কংগ্রেসেরই আইন প্রণয়নের অধিকার রয়েছে।