ওবামার অভিবাসী সুরক্ষা পরিকল্পনায় আবার বাধা

যুক্তরাষ্ট্রে অবৈধভাবে বসবাসকারী প্রায় ৫০ লাখ অভিবাসীকে দেশে ফেরত পাঠানো থেকে রক্ষায় প্রেসিডেন্ট বারাক ওবামার পরিকল্পনা আরেক দফা আদালতের বাধার মুখে পড়ল। খবর আল-জাজিরার।
যুক্তরাষ্ট্রের নিউ অরলিন্স অঙ্গরাজ্যের একটি আপিল আদালত প্রেসিডেন্ট ওবামার ওই অভিবাসন পরিকল্পনা আটকে দেন। এ পরিকল্পনার ওপর এর আগে টেক্সাসের একটি আদালতের দেওয়া নিষেধাজ্ঞা বহাল রাখার আদেশ দেন এ আদালত।
গত সোমবার আদালতের ওই আদেশের ফলে অবৈধ অভিবাসীদের নিয়ে মার্কিন প্রেসিডেন্টের নির্বাহী পরিকল্পনা বাস্তবায়নের ভবিষ্যৎ আরও ফিকে হয়ে গেল। ধারণা করা হচ্ছে, আদেশের কারণে মার্কিন প্রশাসন ২০১৭ সালে প্রেসিডেন্ট ওবামার ক্ষমতা ছাড়ার আগে সুপ্রিম কোর্টে এ বিষয়ে আর আপিল করতে পারবে না।
বিশ্লেষকেরা বলছেন, আদালতের এই আদেশের বিরুদ্ধে ফের আপিলের বিষয়টি গ্রহণে মাসের পর মাস লেগে যেতে পারে। সেটিও আবার নির্ভর করছে এই অভিবাসন পরিকল্পনার বিরুদ্ধে করা মামলার কার্যক্রম কীভাবে এগোয় তার ওপর। মামলাটিতে আরও কার্যক্রম গ্রহণে তা টেক্সাসের ফেডারেল আদালতের কাছেও ফেরত পাঠানো হতে পারে।
গত বছরের নভেম্বরে ওবামা যখন এ পরিকল্পনা ঘোষণা করেন, তখন তাঁর বিরোধী রিপাবলিকানরা একে একটি অবৈধ নির্বাহী পদক্ষেপ বলে সমালোচনা করেছিলেন। এর বিরুদ্ধে ২৬টি অঙ্গরাজ্যের পক্ষ থেকে আদালতে চ্যালেঞ্জ করা হয়। পরিকল্পনার পক্ষে মার্কিন প্রশাসনের যুক্তি, সরকারের নির্বাহী শাখা তার অধিকারের মধ্যে থেকেই যুক্তরাষ্ট্রে অবৈধভাবে আসা শিশুসহ অভিবাসীদের নির্দিষ্ট কিছু অংশের প্রত্যাবর্তন ঠেকানোর এ রকম সিদ্ধান্ত নিচ্ছে।
গত সোমবার সন্ধ্যায় হোয়াইট হাউস এক বিবৃতিতে বলেছে, আদালতের ওই আদেশের সঙ্গে তারা দৃঢ়ভাবে দ্বিমত পোষণ করছে। বিষয়টিতে পরবর্তী পদক্ষেপ নির্ধারণ করতে জাস্টিস ও হোমল্যান্ড সিকিউরিটি দপ্তর এই রুল পর্যালোচনা করবে।
বিবৃতিতে বলা হয়, ‘সুপ্রিম কোর্ট ও কংগ্রেস এটা পরিষ্কার করে দিয়েছে যে মার্কিন অভিবাসন আইন প্রয়োগের ক্ষেত্রে কেন্দ্রীয় সরকার তার অগ্রাধিকারের বিষয় নির্ধারণ করতে পারবে।’ বিবৃতিতে আরও বলা হয়, এই মামলা-মোকদ্দমা ওই সব মানুষের জন্য বাধার সৃষ্টি করছে এবং তাদের জবাবদিহির মুখে ফেলছে, যারা বছরের পর বছর কাজকর্ম করে, কর দিয়ে অর্থনীতিতে অবদান রেখে আমাদের কমিউনিটির অংশ হয়ে উঠেছেন।