ওবামার কিউবা নীতি থেকে সরে আসছেন ট্রাম্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, কিউবার বিষয়ে তাঁর পূর্বসূরি প্রেসিডেন্ট বারাক ওবামার প্রশাসনের নীতি ছিল ‘সম্পূর্ণ একতরফা’। কাজেই সাবেক প্রশাসনের অবস্থান থেকে সরে এসে তিনি দেশটির ব্যাপারে আবার কঠোর হবেন।
ফ্লোরিডার মিয়ামিতে গতকাল শুক্রবার এক অনুষ্ঠানে ক্যারিবীয় দ্বীপদেশ কিউবার বিষয়ে মার্কিন নতুন নীতির ঘোষণা দেন ট্রাম্প। তাঁর ঘোষণা অনুযায়ী, দেশটিতে মার্কিন জনসাধারণের ভ্রমণ এবং বাণিজ্যে কড়াকড়ি আরোপ করা হবে। দেশটিকে সহায়তাও কাটছাঁট করা হবে। তবে কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন এবং হাভানা থেকে মার্কিন দূতাবাস প্রত্যাহার করে নেওয়া হবে না বলে আশ্বস্ত করেন ট্রাম্প।
কমিউনিস্ট-শাসিত কিউবার সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কে দীর্ঘদিন শীতলতা বিরাজ করার পর মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সময় বরফ গলতে শুরু করে। কিন্তু ট্রাম্পের প্রশাসন কড়াকড়ি আরোপ করে উল্টো পথেই যাত্রা করতে চলেছে বলে অনেকেরই অভিমত।
প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণার সময়ই ট্রাম্প ঘোষণা দিয়েছিলেন, নির্বাচিত হলে তিনি কিউবার ব্যাপারে কঠোর হবেন। নতুন জারি করা নির্দেশনায় ট্রাম্পের সেই প্রতিশ্রুতিই বাস্তবায়ন করা হবে বলে ধারণা করা হচ্ছে।
এদিকে এএফপি জানায়, প্রেসিডেন্ট ট্রাম্প স্বীকার করেছেন, তাঁর বিরুদ্ধে তদন্ত চলছে। টুইটারে এক বার্তায় তিনি বলেন, ‘এফবিআই পরিচালককে বরখাস্ত করার ঘটনায় আমার বিরুদ্ধে এমন একজন তদন্ত করছেন, যিনি আমাকে এফবিআই পরিচালককে বরখাস্ত করতে বলেছিলেন।’