ওবামার চেয়ে পুতিন ভালো নেতা: ট্রাম্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিজ দেশের প্রেসিডেন্ট বারাক ওবামার চেয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে অনেক ভালো নেতা বলে মনে করেন ডোনাল্ড ট্রাম্প। গতকাল বুধবার রাতে নিউইয়র্কের ইনট্রিপিড এয়ার অ্যান্ড সি মিউজিয়ামে এক টেলিভিশন সাক্ষাৎকারে এমনটাই বলেন আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির এই প্রার্থী।

এনবিসির ‘কমান্ডার ইন চিফ’ নামের ওই অনুষ্ঠানে হাজির ছিলেন ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিলারি ক্লিনটন। উভয়কে আধা ঘণ্টা করে সময় দেওয়া হয়। সেখানে উপস্থিত সামরিক কর্মকর্তাদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন তাঁরা।

পুতিন প্রসঙ্গে ট্রাম্প বলেন, ‘তাঁর পক্ষে ৮২ শতাংশ জনমত আছে। আমি মনে করি, তিনি যখন আমাকে ভালো বলবেন, তখন আমি তা প্রশংসা হিসেবেই নেব। তাই নয় কি?’ তিনি আরও বলেন, নিজ দেশের ওপর পুতিনের বেশ ভালোই নিয়ন্ত্রণ আছে। আগামী নভেম্বরের নির্বাচনে তিনি বিজয়ী হলে তিনি তাঁর (পুতিন) মতো হতে পারবেন বলে আশাবাদী।

রাশিয়া বৈশ্বিক অস্থিতিশীলতার বীজ বপন করছে—পেন্টাগন প্রধানের এমন বক্তব্যের এক দিন পরেই ট্রাম্প পুতিনের প্রশংসায় মেতে ওঠেন।

ট্রাম্প যে এই প্রথম রাশিয়ার নেতাকে নিয়ে প্রশংসাসূচক মন্তব্য করেছেন এমন নয়। গত ডিসেম্বরে পুতিন ট্রাম্পকে ‘একজন গুণী ব্যক্তি’ বলে মন্তব্য করেছিলেন। ট্রাম্প পুতিনের এই মন্তব্যকে ‘বিরাট সম্মান’ বলে উল্লেখ করেছেন।

ট্রাম্পের রাশিয়াপ্রীতির আরেক উদাহরণ হলো হিলারি ক্লিনটনের ই-মেইল হ্যাক করতে রাশিয়ার প্রতি আহ্বান জানানো। তবে এ নিয়ে নিজ দেশে বেশ সমালোচনার মুখেই পড়তে হয় ট্রাম্পকে।

২০০৯ থেকে ২০১৩ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের সময় হিলারি ক্লিনটন মন্ত্রণালয়ের নিজস্ব নিরাপদ সার্ভার ব্যবহারের বাইরে ব্যক্তিগত সার্ভারেও ই-মেইল আদান-প্রদান করেছেন। অভিযোগ রয়েছে, এতে রাষ্ট্রীয় গোপন তথ্য পাচার হয়েছে এবং যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা হুমকির মুখে পড়েছে। মার্কিন কংগ্রেসে রিপাবলিকান নেতৃত্ব দুই বছর ধরে হিলারির বিরুদ্ধে একের পর এক অভিযোগ, তদন্ত ও শুনানি করে গেছে। অভ্যন্তরীণ তদন্ত শেষে মার্কিন কেন্দ্রীয় তদন্ত সংস্থার (এফবিআই) প্রধান জেমস কোমি গত জুলাই মাসে কংগ্রেসকে জানান, নিজস্ব সার্ভারে ব্যক্তিগত ও গোপনীয় বার্তা আদান-প্রদানের কাজটি দায়িত্বজ্ঞানহীন। তবে সে কারণে হিলারির বিরুদ্ধে অপরাধমূলক কাজের অভিযোগ আনা সংগত নয়।

অভিযোগ সংগত হোক আর না হোক, এ নিয়ে গতকাল আবারও তোপের মুখে পড়তে হলো হিলারিকে। নৌ বিমানবাহিনীর একজন কর্মকর্তা হিলারিকে বলেন, তিনি যদি এ কাজ করতেন, তাহলে তাঁর জেল হতো। জবাবে হিলারি বলেন, ‘আমি তা-ই করেছি, যা আমার করা উচিত ছিল। এবং এটি আমি এটিকে খুবই গুরুত্বের সঙ্গে নিয়েছি। সব সময় সিরিয়াস ছিলাম, ভবিষ্যতেও থাকব।’

বর্তমান বিশ্বে আইএসকে দমন করার ওপর গুরুত্বারোপ করে হিলারি বলেন, ইরাক যুদ্ধের পক্ষে ২০০২ সালে তাঁর দেওয়া সিনেট ভোট ছিল ‘একটি ভুল’।