ওবামার জন্ম যুক্তরাষ্ট্রে মেনে নিলেন ট্রাম্পের রানিং মেট
মার্কিন প্রেসিডেন্ট ওবামা যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করেননি, সে কারণে তিনি বৈধভাবে দেশটির প্রেসিডেন্ট হতে পারেন না। এই অভিযোগ বারাক ওবামাকে তাঁর দায়িত্ব গ্রহণের আগে থেকেই শুনতে হয়েছে। এই ‘ষড়যন্ত্র তত্ত্বে’ যাঁরা নেতৃত্ব দেন তাঁদের অন্যতম হলেন মার্কিন নির্বাচনে রিপাবলিকান দলের প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প। এখন প্রেসিডেন্ট নির্বাচনে সেই ট্রাম্পের রানিং মেট মাইক পেন্স বললেন, ওবামা যুক্তরাষ্ট্রেই জন্মেছেন। এ নিয়ে তাঁর কোনো সন্দেহ নেই।
এর আগে বারবার ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ওবামা যে হাওয়াইতে জন্মগ্রহণ করেননি, তা প্রমাণের জন্য তিনি সেখানে অনুসন্ধানকারী পাঠাবেন। তবে কাউকে কখনো তিনি পাঠিয়েছেন, তার কোনো প্রমাণ নেই। ট্রাম্পের অব্যাহত আক্রমণের মুখে ২০১১ সালে ওবামা তাঁর জন্ম সনদের মূল কপি হোয়াইট হাউসের ওয়েবসাইটে তুলে দেন। সাম্প্রতিক সময়ে ট্রাম্প এ নিয়ে হইচই করেননি, তবে ওবামার জন্মের ব্যাপারে তাঁর সন্দেহ পুরোপুরি যায়নি, সে কথা বার কয়েক জানিয়েছেন।
ট্রাম্পের রানিং মেট মাইক পেন্স অবশ্য বলেছেন, ওবামা যে মার্কিন মাটিতে জন্মেছেন, সে ব্যাপারে তাঁর নিজের কোনো সন্দেহ নেই। গত বুধবার স্যানডিয়েগোতে নির্বাচনী প্রচারণার সময়ে তাঁর সফরসঙ্গী এক সাংবাদিক তাঁকে প্রশ্ন করেন, ওবামার জন্মের ব্যাপারে মিথ্যা সন্দেহ তোলার জন্য ডোনাল্ড ট্রাম্পের ক্ষমা চাওয়া উচিত কি না—সে প্রশ্নের সরাসরি জবাব না দিয়ে পেন্স বলেন, ওবামা হাওয়াইতে জন্মেছেন, সে কথা তিনি নিজে বিশ্বাস করেন। পেন্স বলেন, এ ব্যাপারে বিস্তর গবেষণা হয়েছে, নানা প্রমাণপত্র মিলেছে।
যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণকায় প্রেসিডেন্টের নির্বাচনের বৈধতা তোলার কারণে আফ্রিকান-আমেরিকানদের কাছে ট্রাম্প নিন্দিত হয়েছে। সাম্প্রতিক সময়ে ভোট আদায়ের লক্ষ্যে ট্রাম্প নিজেকে কালো মানুষের বন্ধু হিসেবে প্রতিপন্ন করার নানা চেষ্টা চালাচ্ছেন। তা সত্ত্বেও এই মুহূর্তে আফ্রিকান-আমেরিকানদের মধ্যে ট্রাম্পের সমর্থন ২ থেকে ৪ শতাংশের বেশি নয়।
এ ব্যাপারে প্রশ্ন করা হলে পেন্স জোর দিয়ে বলেন, ট্রাম্প যুক্তরাষ্ট্রের সব মানুষের কল্যাণ হয়, এমন নীতি বাস্তবায়িত করবেন। তিনি দাবি করেন, ট্রাম্পের কারণে রিপাবলিকান দলের সমর্থকদের সংখ্যা বহু গুণে বেড়েছে।