ওবামার জন্ম যুক্তরাষ্ট্রেই, স্বীকার ট্রাম্প শিবিরের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের প্রচারকর্মী দল আনুষ্ঠানিকভাবে স্বীকার করে নিল বিদায়ী প্রেসিডেন্ট বারাক ওবামার জন্ম যুক্তরাষ্ট্রেই। তবে সংশ্লিষ্ট কর্মকর্তারা গতকাল শুক্রবার লিখিত বিবৃতিতে এ কথা বললেও ট্রাম্প নিজের মুখে তা স্বীকার করতে অস্বীকৃতি জানিয়েছেন।
বারাক ওবামার জন্মস্থান নিয়ে প্রশ্ন তুলে ডোনাল্ড ট্রাম্প এ নিয়ে প্রচার চালিয়ে আসছিলেন। প্রাপ্ত তথ্যপ্রমাণ অনুযায়ী, ওবামার জন্ম যুক্তরাষ্ট্রের হাওয়াই অঙ্গরাজ্যে।
মার্কিন সংবিধান অনুযায়ী যুক্তরাষ্ট্রের মাটিতে জন্ম না হলে কেউ অন্যভাবে নাগরিক হওয়া সত্ত্বেও প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হতে পারেন না। তবে যুক্তরাষ্ট্রের বেশির ভাগ আইনজ্ঞ মনে করেন, সংবিধান ‘ন্যাচারাল বর্ন সিটিজেন’ বলতে যুক্তরাষ্ট্রের মাটিতে জন্ম নেওয়া অথবা মা-বাবার একজন মার্কিন নাগরিক হওয়াকে বুঝিয়েছে।
ট্রাম্পের প্রচার কর্মকর্তারা এখন এ বিতর্কের জন্য তাঁর প্রতিদ্বন্দ্বী হিলারি ক্লিনটনকেই দায়ী করছেন। তাঁরা বলছেন, ২০০৮ সালে ডেমোক্র্যাট দলের মনোনয়ন পাওয়ার লড়াইয়ে নেমে হিলারিই ওবামার বিরুদ্ধে ওই দুর্নাম ছড়িয়েছিলেন। তবে জন্ম বিতর্কের সঙ্গে হিলারি যুক্ত ছিলেন এ রকম কোনো তথ্যপ্রমাণ নেই। প্রতিক্রিয়া হিসেবে হিলারি ক্লিনটন বলেন, ‘বর্ণবাদী জন্ম বিতর্ক প্রচারণায় নেতৃত্ব নিয়েছেন এমন একজন ব্যক্তি প্রেসিডেন্ট বারাক ওবামার উত্তরসূরি হতে পারেন না এবং হবেনও না।’