ওবামার জলবায়ু-নীতির বিপরীতে চলছেন ট্রাম্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নির্বাহী আদেশে সই করছেন ট্রাম্প
নির্বাহী আদেশে সই করছেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‘কয়লার বিরুদ্ধে যুদ্ধের’ সমাপ্তি ঘোষণা করেছেন। তাঁর দেশে কার্বন নির্গমন কমাতে যেসব আইন ছিল, তিনি সেগুলো বাতিলের পদক্ষেপ নিয়েছেন। সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার জলবায়ু-নীতি পাল্টানোর আদেশে গত মঙ্গলবার সই করে তিনি এ পথেই পা বাড়ালেন।
একটা গুরুত্বপূর্ণ বৈশ্বিক জলবায়ু চুক্তির অংশ হিসেবে কার্বন নির্গমন হ্রাসের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল যুক্তরাষ্ট্র। কিন্তু ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচনের প্রচার অভিযানে যেমন বলে আসছিলেন, সেভাবেই তাঁর পূর্বসূরি বারাক ওবামার জলবায়ু-নীতি বদলে দেওয়ার পথে এগোলেন। ট্রাম্পের ভাষায়, এসব নিয়মের কারণে যুক্তরাষ্ট্রের অনেকে চাকরি হারিয়েছেন।
যুক্তরাষ্ট্রের পরিবেশ সুরক্ষা সংস্থায় প্রথম পরিদর্শনে গিয়েই কয়লাচালিত বিদ্যুৎকেন্দ্রগুলোর নির্গমনের সীমারেখা পর্যালোচনার নির্দেশ দেন ট্রাম্প। কয়লা উৎপাদনে ফেডারেল সরকারের বিধিনিষেধও তুলে নিতে বলেন। তাঁর যুক্তি, এসব পদক্ষেপ মার্কিন জ্বালানি ও উৎপাদন এবং কর্মসংস্থান সৃষ্টিতে নতুন যুগের সূচনা করবে।
তবে সমালোচকেরা বলছেন, সাবেক প্রেসিডেন্ট ওবামা পরিবেশবান্ধব ‘ক্লিন পাওয়ার প্ল্যান’ নীতি নিয়েছিলেন। বর্তমান প্রেসিডেন্ট ট্রাম্প সেটা উল্টে দিলেই বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি বা উল্লেখযোগ্যসংখ্যক কর্মসংস্থান সৃষ্টির সম্ভাবনা নেই। মার্কিন কয়লাশিল্প অনেক দিন আগে থেকেই পড়তির দিকে। প্রাকৃতিক গ্যাস, সুলভ নবায়নযোগ্য জ্বালানি, স্বয়ংক্রিয় যন্ত্রপাতির ব্যবহার বৃদ্ধি ইত্যাদির কারণেই ওই পুরোনো জ্বালানিটির চাহিদা কমে এসেছে। ২০০৮ সালে মার্কিন মুল্লুকে ৮৮ হাজার কয়লাখনি ছিল। আজ সেগুলোর ২৫ শতাংশ কমেছে।
বিশেষজ্ঞদের একটি অংশের মতে, ট্রাম্পের আদেশের ফলে প্যারিস জলবায়ু চুক্তি বাস্তবায়নে বিঘ্ন ঘটবে। যুক্তরাষ্ট্র ২০২৫ সালের মধ্যে কার্বন নির্গমন ২৬ থেকে ২৮ শতাংশ কমানোর যে অঙ্গীকার করেছিল, ট্রাম্প কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র চালু করলে সেই প্রতিশ্রুতি পূরণে মুশকিল হবে।
যুক্তরাষ্ট্রের সবচেয়ে জনবহুল দুই অঙ্গরাজ্য ক্যালিফোর্নিয়া ও নিউইয়র্কের কর্তৃপক্ষ বলেছে, তারা পূর্বের জলবায়ু চুক্তি বাস্তবায়নের নীতিতে অটল থাকবে। ক্যালিফোর্নিয়ার কর্মকর্তারা এ বিষয়ে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে আইনি লড়াইয়ে যাওয়ার ইঙ্গিতও দিয়েছেন।
ফ্রান্সের রাজনীতিক লরো ফাবিউস ২০১৫ সালে প্যারিস জলবায়ু সম্মেলনে সভাপতি ছিলেন। তিনি গতকাল ট্রাম্পের পদক্ষেপের সমালোচনা করে বলেন, এটা বৈশ্বিক উষ্ণায়নের বিরুদ্ধে লড়াইকে পিছিয়ে দেবে।
পৃথিবীর সুরক্ষার স্বার্থে প্রায় ২০০টি দেশ ওই চুক্তি বাস্তবায়নের ব্যাপারে একমত হয়েছে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল বলেছে, বেইজিং ২০১৫ সালের জলবায়ু চুক্তির প্রতি এখনো অঙ্গীকারবদ্ধ।