প্রতিনিধি পরিষদে পাস ওবামার পরিকল্পনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরিয়ায় ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিদের মোকাবিলায় দেশটির উদারপন্থী সরকারবিরোধীদের প্রশিক্ষণ ও অস্ত্র দেওয়ার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার পরিকল্পনা অনুমোদন করেছে প্রতিনিধি পরিষদ। ওবামার বিরোধী রিপাবলিকান পার্টির নিয়ন্ত্রণাধীন প্রতিনিধি পরিষদে তাঁর পরিকল্পনার পক্ষে ২৭৩টি এবং বিপক্ষে ১৫৬টি ভোট পড়ে। খবর এএফপি ও রয়টার্সের।
সিনেটেও ওবামার পরিকল্পনা সহজেই অনুমোদন পাবে বলে আশা করা হচ্ছে। পরিকল্পনা বাস্তবায়নে ৫০ কোটি ডলার চেয়েছেন তিনি।
ওবামার প্রতি অসন্তোষ: প্রেসিডেন্ট ওবামা যেভাবে সন্ত্রাসী হুমকি মোকাবিলা করছেন, তাতে সন্তুষ্ট নন বেশির ভাগ আমেরিকান। একটি জনমত জরিপের বরাত দিয়ে নিউইয়র্ক টাইমস গতকাল এ খবর দিয়েছে।
জঙ্গি বিমান দেবে নেদারল্যান্ডস: ইরাক ও সিরিয়ায় আইএস জঙ্গিদের বিরুদ্ধে যুদ্ধ করতে কুর্দি যোদ্ধাদের এফ-১৬ জঙ্গি বিমান দেবে নেদারল্যান্ডস। সরকারি সূত্রের বরাত দিয়ে গতকাল বৃহস্পতিবার একটি ডাচ পত্রিকার খবরে এ কথা বলা হয়।
সৌদি আরবে হামলার আহ্বান: আইএসের একজন সৌদি আত্মঘাতী হামলাকারী সৌদি বাদশাহর পরিবারের সদস্যদের লক্ষ্য করে হামলা চালানোর জন্য তাঁদের অনুসারীদের প্রতি আহ্বান জানিয়েছেন। এ-সংক্রান্ত একটি ভিডিওচিত্র গত বুধবার ইন্টারনেটে প্রকাশ করে আইএস।
ব্রিটিশ সাংবাদিককে মুক্তি: জন ক্যান্টিল নামের একজন ব্রিটিশ ফ্রিল্যান্স ফটোসাংবাদিককে মুক্তি দিয়েছে আইএস। গতকাল ইউটিউবে প্রকাশ করা একটি ভিডিওচিত্রে সংগঠনটি এ কথা জানায়।