ওবামার পরিকল্পনা বাস্তবায়ন কঠিন হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বারাক ওবামা
বারাক ওবামা

বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব রুখতে গত সোমবার তাঁর ভাষায় ‘বৃহত্তম’ পরিকল্পনা ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। ‘পরিচ্ছন্ন বিদ্যুৎ পরিকল্পনা (ক্লিন পাওয়ার প্ল্যান)’ নামের ওই পরিকল্পনা কতটুকু বাস্তবায়িত করা যাবে, তা নিয়ে প্রশ্ন উঠেছে। বিবিসি।
বিরোধী রিপাবলিকান পার্টি অনেক আগে থেকেই ওবামার পরিবেশমুখী পরিকল্পনার বিরোধিতায় সরব ছিল, এখনো আছে। সঙ্গে আছে বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো। তাই জলবায়ু পরিবর্তন রোধে ওবামার এই পদক্ষেপ কার্যকর হবে, নাকি হিমাগারে ঢুকবে, তা নিয়ে সংশয় রয়েই গেছে।
ওবামার উচ্চাভিলাষী পরিকল্পনার মুখ্য বিষয় হলো, ২০০৫ সালের মাত্রাকে ধরে ২০৩০ সাল নাগাদ যুক্তরাষ্ট্রের বিদ্যুৎকেন্দ্রগুলো থেকে কার্বন নিঃসরণের মাত্রা ৩২ শতাংশ কমিয়ে আনা। আগে এই মাত্রা নির্ধারণ করা হয়েছিল ৩০ শতাংশ।
হোয়াইট হাউস মনে করছে, কার্বন নিঃসরণের এ পরিকল্পনা বাস্তবায়নের দায়িত্বটি যেহেতু রাজ্যগুলোর ওপর ছেড়ে দেওয়া হয়েছে, তাই এটি কেন্দ্র থেকে চাপিয়ে দেওয়া বলে অভিযোগ করতে পারবে না বিরোধী রিপাবলিকানরা।
সরকারের এনভায়রনমেন্টাল প্রোটেকশন এজেন্সির (ইপিএ) তৈরি এই পরিকল্পনা বাস্তবায়নে আদালতগুলোও সহায়তা করবেন, এমনটিই আশা ওবামা প্রশাসনের। সাম্প্রতিক বছরগুলোতে আদালত পরিবেশ বিষয়ে এমন বেশ কয়েকটি ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রেখেছেন। আর তাতেই এ বিশ্বাস জন্মেছে ওবামা প্রশাসনের।
আর ওবামা এই পরিকল্পনা বাস্তবায়নে দৃশ্যত একধরনের জুয়া খেলেছেন। তাদের প্রত্যাশা, এই আইনটি বাস্তবায়নের ফলে যে প্রভাব পড়বে তা সময় সাপেক্ষ। এর বিরুদ্ধে কেউ আদালতে গেলে সেখানেও অনিশ্চয়তা রয়েছে। এই দুই কারণে রিপাবলিকান দলীয় গভর্নরদের শেষতক এটা মেনে নেওয়া ছাড়া উপায় থাকবে না।
প্রেসিডেন্ট ওবামার এই পদক্ষেপ প্যারিসে এ বছরের ডিসেম্বর মাসে অনুষ্ঠেয় জলবায়ু সম্মেলনে একটি চুক্তি সম্পাদন করতে বড় ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে। প্যারিস সম্মেলনে একটি চুক্তি ভবিষ্যতে জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব রুখতে সহায়তা করবে।
কার্বন নিঃসরণ কমাতে ওবামার এই পরিকল্পনা ঘোষণার অনেক আগে থেকেই বিতর্কের জন্ম দেয়। কয়েকটি অঙ্গরাজ্য আদালতে যাওয়ার হুমকি দেয়। কয়েকটি পরিষেবা প্রতিষ্ঠান বলছে, নতুন আইনের ফলে বিদ্যুতের মূল্য যাবে বেড়ে। এর ফলে যুক্তরাষ্ট্র বিপদে পড়বে। তবে এখন যুক্তরাষ্ট্রে সৌরবিদ্যুতের মতো পরিবেশবান্ধব নবায়নযোগ্য জ্বালানির বাজার বাড়তে থাকবে, এটি নিশ্চিত করে বলা যায়। নবায়নযোগ্য জ্বালানি নিয়ে মানুষের আগ্রহ বাড়ছে এবং এসব জ্বালানিসামগ্রীর দামও কমছে।