ওবামার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে ভোটাভুটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকে অভিযুক্ত করার লক্ষ্যে গত বুধবার কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে ভোটাভুটি হয়েছে। ক্ষমতার সীমা লঙ্ঘনের অভিযোগে তাঁর বিরুদ্ধে ওই উদ্যোগ নেওয়া হয়। খবর নিউইয়র্ক টাইমসের।
প্রতিনিধি পরিষদের রিপাবলিকান পার্টির আইনপ্রণেতারা ক্ষমতার সীমা লঙ্ঘন নিয়ে ওবামার ওপর বেশ ক্ষুব্ধ। কারণ, তাঁদের মতে, প্রেসিডেন্টের বিরুদ্ধে গৃহীত পদক্ষেপ যথেষ্ট হয়নি। আর ওবামার রাজনৈতিক দল ডেমোক্রেটিক পার্টির আইনপ্রণেতাদের অভিযোগ, রিপাবলিকানরা প্রেসিডেন্টের প্রতি প্রতিশোধপরায়ণ আচরণ করছেন।
প্রতিনিধি পরিষদে ২২৫-২০১ ভোটে রিপাবলিকানরা জয়ী হন। এই প্রস্তাব পাসের মাধ্যমে আইনপ্রণেতারা প্রেসিডেন্ট ওবামার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে হাউসকে ক্ষমতা দিয়েছেন। অ্যাফোর্ডেবল কেয়ার অ্যাক্ট আইন প্রয়োগে ওবামা উদ্দেশ্যমূলকভাবে তাঁর ক্ষমতার সীমা লঙ্ঘন করেন বলে রিপাবলিকানরা অভিযোগ করছেন।
ভোটাভুটির আগে এক বিতর্কে রিপাবলিকানরা অভিযোগ করেন, ক্ষমতার সীমা লঙ্ঘন করে ওবামা তাঁর সাংবিধানিক শপথের মর্যাদা নষ্ট করেছেন। প্রতিনিধি পরিষদের স্পিকার রিপাবলিকান পার্টির জন বোয়েনার আইনপ্রণেতাদের ক্ষোভ প্রশমিত করতে বিকল্প ভাবনারও প্রস্তাব দেন। জবাবে দলটির আইনপ্রণেতা সারাহ পলিন প্রেসিডেন্ট ওবামাকে অভিশংসন করার আহ্বান জানান।
তবে রিপাবলিকান পার্টির অনেকেই আবার ওবামাকে অভিযুক্ত করার প্রস্তাব ও আইনি উদ্যোগ গ্রহণের সমালোচনা করেন। রিপাবলিকান পার্টির পণ্ডিত বলে খ্যাত এরিক এরিকসন বলেন, এ ধরনের উদ্যোগ ‘রাজনৈতিক থিয়েটার’ ছাড়া আর কিছুই নয় এবং এতে করে করদাতাদের অর্থের অপচয় হচ্ছে।
সাম্প্রতিক জনমত জরিপেও দেখা যাচ্ছে, রিপাবলিকানদের মধ্যে ওবামাকে অভিশংসিত করার পক্ষে অবস্থান বেশি। ফক্সনিউজের এক জরিপে দেখা যায়, ৫৬ শতাংশ রিপাবলিকানই ওবামাকে অভিশংসনের পক্ষে মত দিয়েছেন। সিএনএনের এক জরিপেও গত সপ্তাহে প্রায় একই ধরনের ফলাফল পাওয়া যায়।