ওবামার মুখোশ পরে ডাকাতি
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার মুখোশ পরে ডাকাতির ঘটনা ঘটেছে। আজ শুক্রবার দ্য ইনডিপেনডেন্টের এক খবরে জানানো হয়, গতকাল বৃহস্পতিবার রাত আটটার দিকে ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের সালেম শহরের এক ফাস্টফুডের দোকানে এ ঘটনা ঘটে।
ওই মুখোশের মাধ্যমে ডাকাত নিজের চেহারা সম্পূর্ণ লুকিয়ে ফেলে। একটি বন্দুক নিয়ে ওই ব্যক্তি ফাস্টফুডের দোকানটিতে ঢোকে এবং এক মিনিটেরও কম সময়ের মধ্যে অর্থকড়ি নিয়ে পালিয়ে যায়।
সিসিটিভির ফুটেজে দেখা যায়, ক্যামেরার সামনে দাঁড়িয়ে কালো পোশাক পরা ওই ব্যক্তি দেঁতো হাসির একটি মুখোশ টেনেটুনে ঠিক করছে।
পুলিশের এক মুখপাত্র জানান, অনেকগুলো ব্যাপার সামনে রেখে পুলিশ তদন্ত করছে। ওই ব্যক্তির মুখোশহীন ছবি সংগ্রহের চেষ্টা চলছে। তাঁর সঙ্গে অন্য কেউ ছিল কি না, খতিয়ে দেখা হচ্ছে।
বিখ্যাত ব্যক্তিদের মুখোশ পরে ডাকাতির ঘটনা যুক্তরাষ্ট্রে নতুন নয়। এর আগে ক্যালিফোর্নিয়ায় ২০০৯ সালের ডিসেম্বরে এক ব্যক্তি রিচার্ড নিক্সনের মুখোশ পরে দুটি ব্যাংকে ডাকাতি করে। জুলাইয়ে ফ্লোরিডায় আলবার্ট আইনস্টাইনের মুখোশে একটি ব্যাংকে ডাকাতির অভিযোগে অপর এক ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ।