ওবামার মেয়েদের 'ক্লাস' নেই

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার দুই মেয়ে মালিয়া ও সাশার ‘ক্লাস’

নেই—এমন মন্তব্য লিখে ইন্টারনেটে সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে সমালোচনার ঝড় তুলেছেন দেশটির টেনেসি অঙ্গরাজ্যের রিপাবলিকান কংগ্রেসম্যানের এক নারী মুখপাত্র।
এলিজাবেথ লটেন নামের ওই নারী লিখেছেন, ‘কিছুটা আভিজাত্য প্রদর্শনের চেষ্টা করো। তোমরা যে ভূমিকায় আছ, অন্তত তার প্রতি শ্রদ্ধাশীল হও।’
আজ রোববার বার্তা সংস্থা এএফপির খবরে জানানো হয়, ‘থ্যাংকস গিভিং ডে’ উপলক্ষে গত বুধবার হোয়াইট হাউসে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ওই অনুষ্ঠানে তোলা ছবিতে ওবামার পাশে তাঁর দুই মেয়েকে খাটো স্কার্ট পরে থাকতে দেখা গেছে।
এর পরিপ্রেক্ষিতে টেনেসি অঙ্গরাজ্যের রিপাবলিকান আইনপ্রণেতা স্টিফেন ফিনচারের মুখপাত্র এলিজাবেথ লটেন ফেসবুক পেজে মন্তব্য করেন, অবস্থানের কারণে তারা যেমনটা সম্মান পায়, তেমন পোশাকই তাদের পরা উচিত। বারে যাওয়ার মতো পোশাক পরা উচিত নয়।
এ নিয়ে ইন্টারনেটে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনা শুরু হলে এলিজাবেথ তাঁর পোস্টটি সরিয়ে ফেলেন। তবে এর আগেই তাঁর পোস্টটি অনেকবার শেয়ার হয়। পরে তাঁর বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেন এলিজাবেথ।