ওবামার সফরসঙ্গী হতে সাংবাদিকের লাগবে ৬০ হাজার ডলার

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার এশিয়া সফরের সঙ্গী হতে প্রতি সংবাদকর্মীকে ৬০ হাজার ডলার করে গুনতে হবে। নভেম্বর মাসেই প্রেসিডেন্ট ওবামা এশিয়ার তিনটি গুরুত্বপূর্ণ দেশ সফরে যাচ্ছেন।
চীন, মিয়ানমার ও অস্ট্রেলিয়া সফরের সময় প্রেসিডেন্টের সফরসঙ্গী সংবাদকর্মীদের প্রতিজনকে ৬০ হাজার ডলার করে দেওয়ার জন্য বলা হয়েছে। ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, এই ৬০ হাজার ডলার সংবাদকর্মীদের শুধু যাতায়াত ব্যয় হিসাবে দিতে হবে। হোটেল ভাড়া, খাবারসহ আনুষঙ্গিক ব্যয়ের জন্য জনপ্রতি আরও ১০ হাজার ডলার করে ব্যয় হবে।
গত বুধবার ছিল প্রেসিডেন্টের এশিয়ায় সফরসঙ্গী হিসেবে সংবাদকর্মীদের তালিকাভুক্তির শেষ দিন। হোয়াইট হাউস করসপন্ডেন্স অ্যাসোসিয়েশন সূত্রে জানানো হয়েছে, সময়সীমার মধ্যে মাত্র ৫১ জন সংবাদকর্মী নাম নিবন্ধন করেছেন। প্রত্যাশার চেয়ে কম সংবাদকর্মীর তালিকাভুক্তির কারণেই জনপ্রতি ভ্রমণ ব্যয় বেড়ে গেছে বলে জানানো হয়েছে।
মার্কিন প্রেসিডেন্টের বিদেশ সফরের সময়সঙ্গী সংবাদকর্মীদের জন্য পৃথক বিমান ভাড়া করা হয়ে থাকে। সংবাদকর্মীর সংখ্যা বেশি হলে জনপ্রতি ভাড়া কমে আসে।
হোয়াইট হাউস করসপন্ডেন্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ক্রিস্টি পারসন এক ই-মেইল বার্তায় বলেছেন, প্রেসিডেন্ট ওবামার এশিয়া সফরের সময় সংবাদকর্মীদের ভ্রমণ ব্যয় বেড়ে যাওয়ায় কোনো পক্ষই খুশি নয়। বিমান ভাড়া করার ক্ষেত্রে ভবিষ্যতে কোনো সৃজনশীল উপায় বের করা যায় কি না, তা পরীক্ষা করে দেখা হবে।
রক্ষণশীল মার্কিন মিডিয়াগুলো বলছে, প্রেসিডেন্ট বারাক ওবামার প্রতি জনগণের আগ্রহ কমে যাওয়ায় এমনটি হয়েছে। মিডিয়া হাউসগুলো আগের মতো কর্মীবহর পাঠানো থেকে বিরত থাকছে।
নিউইয়র্ক টাইমস, ওয়াশিংটন পোস্টসহ টিভি নেটওয়ার্কগুলো তাদের স্বল্পসংখ্যক কর্মী পাঠাচ্ছে ওবামার সফরসঙ্গী হিসেবে। বেশ কিছু মার্কিন মিডিয়া তাদের বিদেশি প্রতিনিধির মাধ্যমে সংবাদ সংগ্রহের কাজ সারবে বলে জানিয়ে দিয়েছে। চীন ও মিয়ানমারের মতো দেশে মার্কিন মিডিয়া হাউসগুলোর নিয়মিত প্রতিনিধির সংখ্যা অবশ্য হাতে গোনা।
সংবাদমাধ্যমের হোয়াইট হাউস প্রতিনিধিরা বলছেন, প্রেসিডেন্ট ওবামা এখন মেয়াদের শেষ দিকে। তাঁর প্রতি সংবাদমাধ্যমের আগ্রহ এখন আর আগের মতো নেই। পাশাপাশি চীন ও মিয়ানমারে তথ্য সংগ্রহের পরিবেশ মুক্ত না থাকাও সফরসঙ্গী সংবাদকর্মীর সংখ্য কম হওয়ার কারণ হতে পারে বলে হোয়াইট হাউস করসপন্ডেন্স অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি স্টিভ থমা মনে করেন।