ওবামার সমালোচনায় রিপাবলিকানরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রে আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণে প্রেসিডেন্ট বারাক ওবামার ঘোষিত পদক্ষেপের সমালোচনায় মুখর হয়েছেন শীর্ষস্থানীয় রিপাবলিকান নেতারা। ওবামার এই ঘোষণা ইতিমধ্যে আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের অন্যতম এক ইস্যু হয়ে দাঁড়িয়েছে। খবর বিবিসির।
রিপাবলিকান দলের সদস্য ও মার্কিন পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেনটেটিভসের স্পিকার পল রায়ান বলেন, কংগ্রেসকে পাশ কাটিয়ে নির্বাহী আদেশ ‘স্বাধীনতায় হস্তক্ষেপ’-এর শামিল, যা কিনা আদালতেও নিয়ে যাওয়া যাবে। আর নির্বাচিত হলে ওবামার পদক্ষেপ পাল্টে ফেলবেন বলে জানিয়ে দিয়েছেন আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের মনোনয়নপ্রত্যাশী ডোনাল্ড ট্রাম্প।
যুক্তরাষ্ট্রে একের পর এক সহিংস ঘটনার পরিপ্রেক্ষিতে গত মঙ্গলবার আগ্নেয়াস্ত্র আইনে সংস্কার আনতে সব অস্ত্র বিক্রেতাকেই সনদ নেওয়া, ক্রেতাদের অতীত রেকর্ড পরীক্ষাসহ পাঁচটি গুরুত্বপূর্ণ পদক্ষেপের ঘোষণা করেন প্রেসিডেন্ট বারাক ওবামা। আবেগপূর্ণ ওই ভাষণে প্রেসিডেন্ট অভিযোগ করেন, আগ্নেয়াস্ত্রের মালিকানার অধিকারের পক্ষের মহল দেশকে জিম্মি করে রেখেছে।
আগ্নেয়াস্ত্রের মালিকানার পক্ষে কাজ করা দেশটির সবচেয়ে বড় মহল ন্যাশনাল রাইফেল অ্যাসোসিয়েশন (এনআরএ) বলে, ওবামার পদক্ষেপ যুক্তরাষ্ট্রে সম্প্রতি ঘটা কোনো হত্যাযজ্ঞই ঠেকাতে পারত না। রিপাবলিকান সদস্য পল রায়ান বলেন, অপরাধী ও সন্ত্রাসীদের ওপর মনোযোগ নিবদ্ধের চেয়ে সাধারণ নাগরিকদের ওপর আইনি বাধ্যবাধকতা প্রেসিডেন্ট চাপিয়ে দিতে চাইছেন। তাঁর শব্দ চয়ন ও পদক্ষেপ ভীতি প্রদর্শনের শামিল, যা স্বাধীনতার ভিত নড়বড়ে করে দেয়।
বিতর্কিত মন্তব্যের কারণে বারবার আলোচনার টেবিলে আসা রিপাবলিকান নেতা ডোনাল্ড ট্রাম্প বলেন, হোয়াইট হাউসে নির্বাচিত হলে তিনি ওবামার এই পদক্ষেপ পাল্টে দেবেন। রিপাবলিকান দল থেকে প্রেসিডেন্ট পদে আরেক মনোনয়নপ্রত্যাশী টেড ক্রুজ প্রেসিডেন্টের নির্বাহী ক্ষমতাকে অসাংবিধানিক বলে টুইট করেন। রিপাবলিকান নেতা ও প্রেসিডেন্ট পদে মনোনয়নপ্রত্যাশী জেব বুশ বলেন, তিনি আগ্নেয়াস্ত্রের ওই পদক্ষেপকে বাতিল করবেন।