ওবামার সিরিয়া নীতির তীব্র সমালোচনা ৫০ কর্মকর্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যম পর্যায়ের ৫০ জন কর্মকর্তা এক যৌথ ‘ভিন্নমত’ পত্রে সিরিয়ায় বাশার আল-আসাদ সরকারের প্রতি প্রেসিডেন্ট বারাক ওবামার নীতির সমালোচনা করেছেন। এতে বলা হয়েছে, সিরিয়ায় বিমান হামলার মতো শক্ত সামরিক অভিযানের মাধ্যমে বাশার সরকারকে বিদ্রোহী শক্তিগুলোর সঙ্গে আলোচনায় বসতে বাধ্য করা সম্ভব।
পররাষ্ট্রনীতির কোনো বিষয়ে আপত্তি থাকলে, তা প্রকাশের জন্য ভিয়েতনাম যুদ্ধের সময় ‘ডিসেন্ট চ্যানেল’ বা ভিন্নমত প্রকাশের প্রক্রিয়া চালু করা হয়। এই প্রক্রিয়ার মাধ্যমেই ১৯৭১ সালে বাংলাদেশে গণহত্যার ব্যাপারে পাকিস্তানের সমালোচনা না করার নিক্সন প্রশাসনের নীতির বিরুদ্ধে আপত্তি জানিয়ে ঢাকাস্থ মার্কিন কনসাল জেনারেল অফিসের ২০ জন অফিসার এক যৌথ বার্তায় ‘ভিন্নমত’ প্রকাশ করেছিলেন।
সিরিয়ায় মার্কিন প্রেসিডেন্ট ওবামার কৌশলের অন্যতম লক্ষ্য, রাশিয়ার সমর্থনে আসাদ সরকারকে আংশিক যুদ্ধবিরতি চুক্তিতে উৎসাহিত করা। যৌথপত্রে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা অভিযোগ করেন, আসাদ সরকার এই আংশিক যুদ্ধবিরতি কখনোই মেনে চলেনি। বরং তাঁর ওপর কোনো প্রত্যক্ষ চাপ না থাকায় তিনি বিরোধী পক্ষের সঙ্গে আলাপ-আলোচনার কোনো প্রয়োজন অনুভব করেননি।
এই পত্রে বলা হয়, ‘সিরিয়া ও নিকটবর্তী অঞ্চলসমূহ বর্তমানে যে অস্থিরতার মুখে রয়েছে, তার মুখ্য কারণ হলো আসাদ সরকারের অব্যাহত নির্বিচার বোমাবর্ষণ।’ এই পত্রে বলা হয়, ‘সিরিয়ায় যুদ্ধ শুরু হওয়ার পাঁচ বছর পরেও যে ব্যাপক ধ্বংস ও মানবিক ক্লেশ অব্যাহত রয়েছে, তা বন্ধের যে নৈতিক যৌক্তিকতা আছে, তা নিয়ে কোনো বিতর্ক থাকার কথা নয়। কিন্তু এই “স্টাটাস কো” বা স্থিতাবস্থা যদি বজায় থাকে, তাহলে সিরিয়ার মানবিক, কূটনৈতিক ও সন্ত্রাসবাদবিরোধী সংকট আরও বাড়তে থাকবে।’
স্টেট ডিপার্টমেন্টের কর্মকর্তাদের এই ভিন্নমতের কথা বৃহস্পতিবার প্রথম প্রকাশ করে নিউইয়র্ক টাইমস।