ওবামার 'সবচেয়ে বড় হতাশা'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বারাক ওবামা। ফাইল ছবি
বারাক ওবামা। ফাইল ছবি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণে আইন প্রণয়নে ব্যর্থতাকে তাঁর শাসনামলের ‘সবচেয়ে বড় হতাশা’ বলে স্বীকার করেছেন। তবে বর্ণবাদ বিষয়ে তাঁর সময়ে বেশ উন্নতি হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
আজ শুক্রবার বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।
বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ওবামা বলেন, যুক্তরাষ্ট্রজুড়ে লাগাতার গুলি করে মানুষ হত্যার পরও এ আইন পাশে কোনো ধরনের অগ্রগতি না হওয়াটা ‘দুঃখজনক’। তবে তিনি এ নিয়ে তাঁর চেষ্টা চালিয়ে যাওয়ার কথা বলেন। তবে বিবিসি উত্তর আমেরিকার সম্পাদক জন সোপেল বলেন, ওবামা চেষ্টা চালিয়ে যাওয়ার কথা বললেও তাঁর কন্ঠে খুব একটা আত্মবিশ্বাস পাওয়া যায়নি।
ওবামার সাক্ষাৎকারের কয়েক ঘণ্টা পরেই যুক্তরাষ্ট্রের লুইজিয়ানার একটি সিনেমা হলে এক অস্ত্রধারী গুলি ছুড়লে দুজন নিহত হন, এতে আরও বেশ কয়েকজন আহত হন। ওই ব্যক্তি পরে নিজেকেও গুলিবিদ্ধ করেন।

সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘৯ / ১১ পরবর্তী সময়ের দিকে তাকালে দেখতে পাবেন, এ সময় সন্ত্রাসবাদের কারণে ১০০ জনেরও কম মানুষ মারা গেছেন। কিন্তু একই সময়ে নির্বিচারে গুলির ঘটনায় দশ হাজারেরও বেশি মানুষ মারা গেছে।’

উল্লেখ্য, প্রেসিডেন্ট ওবামা তাঁর শাসনামলে আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণে কঠোর আইন প্রণয়নের চেষ্টা করলেও শেষ পর্যন্ত বিদ্যমান আইন পরিবর্তনে উল্লেখযোগ্য কোনো পরিবর্তন করতে পারেননি।

বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ওবামা তাঁর শাসনামলে বর্ণবাদ পরিস্থিতির উন্নতি হয়েছে বলে দাবি করেন। তিনি বলেন, পুলিশের ভূমিকা ও নির্বিচারে হত্যা নিয়ে উদ্বেগ ‘বৈধ’ এবং এসব বিষয়ে ‘গভীর মনোযোগও’ যৌক্তিক। তবে বর্ণবাদ বিষয়ে উন্নতি হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। তিনি বলেন, ‘আমার শাসনামলে বেড়ে ওঠা শিশুরা বর্ণবাদ সম্পর্কে ভিন্ন দৃষ্টিভঙ্গি নিয়ে বড় হচ্ছে। আপনারা যদি আমার মেয়েদের প্রজন্মের দিকে তাকান আমাদের প্রজন্মের চেয়ে তাদের দৃষ্টিভঙ্গি সম্পূর্ণ ভিন্ন দেখতে পাবেন।’