ওমর মতিন ফোনে পুলিশকে বলেন, আমিই গুলি করেছি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ওমর মতিন
ওমর মতিন

যুক্তরাষ্ট্রের অরল্যান্ডোয় নাইটক্লাবে হামলাকারী ওমর মতিন পুলিশকে ফোন করে বলেছিলেন, তিনিই গুলি করেছেন। নাইট ক্লাবে হামলার সময় পুলিশের একজন মধ্যস্থতাকারীর সঙ্গে মতিনের কথোপকথনের কিছু অংশ প্রকাশ পেয়েছে।
হামলার সময় প্রায় তিন ঘণ্টা ওই ক্লাব অবরুদ্ধ করে রাখার একপর্যায়ে পুলিশকে ফোনে ওমর মতিন বলেন, ‘আমি অরল্যান্ডোতে আছি এবং আমিই গুলি করেছি।’ সে সময় তিনি সিরিয়া ও ফ্রান্সে সন্ত্রাসী হামলায়ও জড়িত থাকারও দাবি করেন। পুলিশ ওই দিন ভবনটি ঘিরে ফেলার পর পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হন মতিন।
সোমবার এক সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, প্রাথমিকভাবে গুলি বিনিময়ের পরে আর কোনো গোলাগুলি হয়নি।
মার্কিন কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই জানায়, আক্রমণ শুরুর পর ৩০ মিনিটের মধ্যে মতিন তিনবার পুলিশকে ফোন করেছিলেন। সে সময় অনেককেই তিনি জিম্মি করে রেখেছিলেন। তাঁর প্রথম ফোনকলের ব্যাপ্তি ছিল ৫০ সেকেন্ড। এরপর মতিন আরও তিনবার পুলিশের মধ্যস্থতাকারী দলের সঙ্গে ফোনে কথা বলেন। ফোনে বারবারই তিনি নিজেকে ‘ইসলামি সৈনিক’ হিসেবে ঘোষণা করেন।

এফবিআইয়ের একজন মুখপাত্র সাংবাদিকদের জানান, ফোনে তিনি খুব ধীরস্থির ও শান্তভাবে কথা বলছিলেন। তিনি বলেন, এই হামলার পেছনে কোনো বিদেশি সন্ত্রাসীদের হাত ছিল—এমন কোনো তথ্য-প্রমাণ পাওয়া যায়নি। মতিন কোনো দল বা মানুষের কাছ থেকে বিচ্ছিন্ন ছিল বলে ধারণা করা হচ্ছে। এর আগে এফবিআই বলেছিল, মতিন ইসলামিক স্টেটের (আইএস) নেতা আবু বকর আল বাগদাদির অনুগত।

১২ জুন মধ্যরাতে সমকামীদের ওই ক্লাবে ওমর মতিনের গুলিতে ৪৯ জন নিহত হন। আহত হন ৫৩ জন। যুক্তরাষ্ট্রের ইতিহাসে এটি সবচেয়ে ভয়াবহ বন্দুক হামলার ঘটনা।