ওয়াশিংটন ও হাভানা দূতাবাস চালু করছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্র ও কিউবা আবারও পরস্পরের রাজধানীতে দূতাবাস খোলার সিদ্ধান্ত নিয়েছে। এ ব্যাপারে দুই পক্ষের চুক্তি হয়েছে। গত মঙ্গলবার যুক্তরাষ্ট্রের এক ঊর্ধ্বতন কর্মকর্তা এ কথা জানান। খবর এএফপির।
আশা করা হচ্ছে, এর মধ্য দিয়ে অর্ধশতক ধরে চলা দুই দেশের স্নায়ুযুদ্ধের অবসান ঘটতে যাচ্ছে। নতুন করে উভয় দেশের মধ্যে দূতাবাস খোলার বিষয়ে গতকাল বুধবার হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার আনুষ্ঠানিক ঘোষণা দেওয়ার কথা ছিল।
মার্কিন ওই ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, ‘আমরা আগামীকাল (গতকাল) আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেব যে যুক্তরাষ্ট্র ও কিউবা আবারও দুই দেশের রাজধানীতে দূতাবাস খোলার বিষয়ে একটি চুক্তি করেছে। এর মধ্য দিয়ে আবার কূটনৈতিক সম্পর্ক আনুষ্ঠানিকভাবে পুনঃপ্রতিষ্ঠা করা হবে।’
১৯৬০-এর দশকের শুরুর দিকে দুই দেশের মধ্যে সম্পর্ক শীতল হতে থাকে। এরপর প্রায় পাঁচ দশক ধরে যুক্তরাষ্ট্র ও কিউবার কূটনৈতিক যোগাযোগ বন্ধ ছিল। এ সময় ধরে ওয়াশিংটনে কিউবার এবং হাভানায় যুক্তরাষ্ট্রের কোনো দূতাবাস নেই। এ কারণে দ্বিপক্ষীয় বাণিজ্যিক সম্পর্কও নষ্ট হয়।
তবে দেশ দুটির রাজধানী যথাক্রমে ওয়াশিংটন ও হাভানায় ১৯৭৭ সাল থেকে ‘ইন্টারেস্ট সেকশন’ নামের কূটনৈতিক দপ্তর চালিয়ে আসছে দুই দেশ। তবে তা পুরোপুরি দূতাবাসের মর্যাদা পায়নি।
প্রায় ১৮ মাস গোপনে সমঝোতা আলোচনার পর কিউবার প্রেসিডেন্ট রাউল কাস্ত্রো ও মার্কিন প্রেসিডেন্ট ওবামা গত ডিসেম্বরে দুই দেশের সম্পর্কোন্নয়নে সম্মত হন। দুই নেতা গত এপ্রিলে পানামায় ঐতিহাসিক বৈঠকে মিলিত হন। এটিই ছিল ১৯৫৬ সালের পর থেকে যুক্তরাষ্ট্র ও কিউবার প্রেসিডেন্টের প্রথম বৈঠক।
গত মে মাসে রাষ্ট্রীয় মদদে সন্ত্রাসবাদ পরিচালিত দেশের তালিকা থেকে কিউবার নাম বাদ দেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নেয় যুক্তরাষ্ট্র।
কিউবার বিপ্লবী নেতা ফিদেল কাস্ত্রো ও তাঁর ভাই রাউল কাস্ত্রোর নেতৃত্বে ১৯৫৯ সালে মার্কিন সমর্থিত দেশটির একনায়ক ফুলগেনসিও বাতিস্তার সরকারকে উৎখাত করেন। এর জেরে দেশটির সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে যুক্তরাষ্ট্র।