ওয়াশিংটন ডিসিতে বসছে আন্তর্জাতিক মাতৃভাষা সাহিত্য সম্মেলন ও গ্রন্থমেলা
ওয়াশিংটন ডিসিতে ২০২০ সালে অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক মাতৃভাষা সাহিত্য সম্মেলন ও গ্রন্থমেলা। আগামী বছরের মার্চে বসছে দুদিনব্যাপী এ সাহিত্য সম্মেলন। ওয়াশিংটনভিত্তিক একমাত্র শিল্প সাহিত্য মুখপত্র ও প্রকাশনী স্বদেশ শৈলীর উদ্যোগে এ সম্মেলন ও মেলার আয়োজন করা হচ্ছে। সম্মেলনের প্রস্তুতি ও বাস্তবায়ন কমিটির আহ্বায়ক স্বদেশ শৈলীর সম্পাদক ও প্রকাশক মৃদুল রহমান বলেন, ‘বৃহত্তর ওয়াশিংটন এলাকায় প্রচুর বাঙালি রয়েছেন। প্রবাসের যান্ত্রিক জীবনের মধ্যেও বাঙালিদের সংবেদনশীল চিত্তে মাতৃভাষা কৃষ্টি-সংস্কৃতি ও সাহিত্যের প্রতি অকৃত্রিম দরদ ও মমত্ববোধের সঙ্গে রয়েছে শেকড়-অন্বেষী মনোভাব এ সম্মেলন তাদের মাতৃভাষার প্রতি আবেগেরই একটি বহিঃপ্রকাশ দলমতের ভিন্নতা থাকলেও একই আবেগ, উদ্দীপনা ও চেতনার মন্ত্রে সম্মিলিতভাবে একুশ উদ্যাপনের মতোই সবাইকে নিয়ে এ সম্মেলন সার্থক করা সম্ভব।’
বৃহত্তর ওয়াশিংটনে এমন একটি আন্তর্জাতিক মাতৃভাষা সাহিত্য সম্মেলন ও গ্রন্থমেলা আয়োজনের খবরে এরই মধ্যে ব্যাপক সাড়া পড়েছে। সম্মেলন বাস্তবায়নে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সাবেক অধ্যাপক বিশিষ্ট লোকগবেষক ড. ওয়াকিল আহমদকে প্রধান উপদেষ্টা করে গঠন করা হয়েছে উপদেষ্টা পরিষদ। এতে বাংলাদেশ ও ওয়াশিংটন ডিসির প্রধান সমন্বয়কারীর ভূমিকা পালন করবেন বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রধান সমন্বয়কারী অনন্ত উজ্জ্বল ও স্বদেশ শৈলীর অন্যতম প্রকাশক ও প্রধান সম্পাদক এ্যান্থনী পিউস গোমেজ। সম্মেলনের প্রস্তুতি চলছে জানিয়ে অনন্ত উজ্জ্বল প্রথম আলো উত্তর আমেরিকাকে বলেন, সম্মেলনে অবাঙালি মার্কিন স্কলার ও বাংলা ভাষার বিভিন্ন ক্ষেত্রের স্বনামধন্য গবেষকদের উপস্থিতি নিশ্চিত করা হচ্ছে। এ্যান্থনী পিউস বলেন, ‘বৃহত্তর ওয়াশিংটনের সর্বস্তরের বাংলা ভাষাভাষী ও বিভিন্ন কমিউনিটি সংগঠন, পৃষ্ঠপোষকদের পাশে রেখে এ মহতী সম্মেলন সার্থক করাই আমাদের উদ্দেশ্য।’