ওরেগনে স্যান্ডার্স, কেনটাকিতে হিলারি
হিলারি ক্লিনটন ভেবেছিলেন ডেমোক্রেটিক দলের প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে বাছাই পর্বের নির্বাচন এপ্রিল নাগাদ শেষ হবে এবং তিনিই সেই দলের একমাত্র বিজয়ী প্রার্থী হবেন। তাঁর সে পরিকল্পনায় বাধ সেধেছেন ভারমন্টের ‘গণতান্ত্রিক সমাজতন্ত্রী’ সিনেটর বার্নি স্যান্ডার্স। মোট ডেলিগেট সংখ্যায় হিলারির তুলনায় বিস্তর পিছিয়ে থাকলেও তিনি একের পর এক প্রাইমারি জিতে চলেছেন। তাঁর সর্বশেষ বিজয় ছিল প্রগতিশীল হিসেবে পরিচিত ওরেগন রাজ্যে। মঙ্গলবার এই রাজ্যে অনুষ্ঠিত প্রাইমারিতে তিনি সহজেই বিজয় অর্জন করেন। একই দিনে কেনটাকিতে অনুষ্ঠিত দিনের অপর প্রাইমারিতে তিনি হিলারির কাছে শূন্য দশমিক এক শতাংশ ভোটের ব্যবধানে পরাস্ত হন।
একই দিন ওরগনে রিপাবলিকান দলের প্রাইমারিতে দলের একমাত্র প্রার্থী ডোনাল্ড ট্রাম্প সহজেই জয়লাভ করেন। অন্য কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় তাঁর দলীয় মনোনয়ন পাওয়া এখন কেবল আনুষ্ঠানিকতা মাত্র।
ডেমোক্রেটিক দলের এই দুই প্রার্থী ৭ জুন ক্যালিফোর্নিয়ায় চূড়ান্ত প্রাইমারি না হওয়া পর্যন্ত তাঁদের লড়াই চালিয়ে যেতে বদ্ধপরিকর বলে মনে হচ্ছে। তবে ওরেগন ও কেনটাকির জোড়া প্রাইমারি ভোটের ফলে নির্বাচনী দৌড়ে আপাতত তেমন কোনো হেরফের হচ্ছে না। সর্বশেষ হিসাব অনুসারে, সুপার ডেলিগেটসহ হিলারির পক্ষে রয়েছে ২২৯১ ডেলিগেট। অন্যদিকে, স্যান্ডার্সের ঝুড়িতে সর্বসাকল্যে জমা পড়েছে ১৫২৮ ডেলিগেট। দলীয় মনোনয়ন পেতে হলে প্রয়োজন ২৩৮৩ ডেলিগেটের সমর্থন।
অঙ্কের হিসাবে স্যান্ডার্সের পক্ষে মনোনয়নের জন্য প্রয়োজনীয় ডেলিগেটের সমর্থন পাওয়া অসম্ভব, সেই কারণে তাঁর সমর্থকদের মধ্যে উত্তেজনা বাড়ার লক্ষণ দেখা যাচ্ছে। হিলারির সমর্থকদের সঙ্গে তাদের একাধিক মুখোমুখি সংঘর্ষের ঘটনাও ঘটেছে। স্যান্ডার্সের সমর্থকেরা দাবি করছেন, ডেমোক্রেটিক নেতৃত্ব স্যান্ডার্সের প্রতি অবিচার করছে। জাতীয় জনমত জরিপে হিলারির চেয়ে স্যান্ডার্স অনেক সহজে ট্রাম্পকে পরাজিত করতে সক্ষম—এ কথা জানা সত্ত্বেও শুধুমাত্র দলীয় আনুগত্যের কারণে দলের অধিকাংশ প্রথম সারির নেতা ও নির্বাচিত প্রতিনিধিরা, সুপার ডেলিগেট হিসাবে জয়-পরাজয়ের শেষ খেলা যাদের হাতে, তাঁরা প্রায় ঢালাওভাবে হিলারির প্রতি সমর্থন ঘোষণা করেছেন।
দলের নেতৃত্বের বিরুদ্ধে স্যান্ডার্সের সমর্থকদের বিরাগ সরাসরি সংঘর্ষের রূপ নেয় গত শনিবার নেভাডায় ডেমোক্রেটিক দলের রাজ্য সম্মেলনে। জুলাই মাসে ফিলাডেলফিয়ায় দলের কনভেনশনে কারা ডেলিগেট হবে, সে উদ্দেশ্যে ডাকা এই সম্মেলনে স্যান্ডার্সের সমর্থকেরা দলীয় নেতাদের হিলারির প্রতি পক্ষপাতিত্বের তীব্র প্রতিবাদ করে এবং একপর্যায়ে সম্মেলন মঞ্চ দখল করে নেয়। একাধিক স্যান্ডার্স সমর্থক আক্রমণাত্মক ভাষায় বক্তব্য রাখেন ও পরে টুইটারে দলের রাজ্য পর্যায়ের নেতাদের হত্যার হুমকি দেন। ডেমোক্রেটিক পার্টির কেন্দ্রীয় নেতারা স্যান্ডার্স সমর্থকদের এই ব্যবহারের তীব্র সমালোচনা করেছেন। স্যান্ডার্স নিজে এই ব্যবহারের কোনো সমালোচনা না করায় তিনিও দলীয় নেতাদের আক্রমণের শিকার হন। সিনেটে ডেমোক্রেটিক নেতা হ্যারি রিড স্যান্ডার্সের প্রতি তাঁর সমর্থকদের সংযত করার দাবি জানান। দলের একাধিক নেতা স্যান্ডার্সকে মনোনয়ন পর্বের প্রতিযোগিতা থেকে সরে দাঁড়ানোর দাবিও তুলেছেন।
স্যান্ডার্স শুধু সে দাবি উপেক্ষাই করছেন না, ওরেগনে চমৎকার বিজয়ের পর এবং কেনটাকিতে হিলারির হাতে অল্প ব্যবধানে পরাজিত হয়ে তিনি এখন নিজের বিজয়ের ব্যাপারে আরও আস্থাশীল হয়ে উঠেছেন। মঙ্গলবার ক্যালিফোর্নিয়ার কারসনে এক বিশাল জনসভায় স্যান্ডার্স দাবি করেন, দলীয় মনোনয়ন তাঁর আয়ত্তের বাইরে নয়। ৭ জুন ক্যালিফোর্নিয়ার প্রাইমারিতে বিজয় অর্জন করলে তেমন ঘটনা ঘটতে পারে বলে তিনি দৃঢ় আস্থা ব্যক্ত করেন। পরিহাসের সঙ্গে তিনি বলেন, ‘মিসেস ক্লিনটনকে বলে দেবেন না যে ক্যালিফোর্নিয়ায় আমরাই বিজয় অর্জন করবেন। এ কথা জানলে তিনি ভীষণ নার্ভাস হয়ে পড়বেন।’
ডেমোক্রেটিক পার্টির শীর্ষ নেতারা স্যান্ডার্স ও তাঁর সমর্থকদের খোলাখুলি হিলারিবিরোধী অবস্থানে উদ্বিগ্ন হয়ে পড়েছেন। ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে জিততে হলে হিলারিকে স্যান্ডার্স-সমর্থকদের আস্থা অর্জন করতে হবে। দলের নির্বাচনী বিশেষজ্ঞেরা বলছেন, স্যান্ডার্স নিজে যদি তাঁর সমর্থকদের নিবৃত্ত না করেন, তাহলে তাদের নেতিবাচক মনোভাব এমন পর্যায়ে গিয়ে পড়তে পারে যে এরা হয় ভোটকেন্দ্রে যাবেন না, বা এমনকি ট্রাম্পের বাক্সে ভোট দিতে পারেন। স্যান্ডার্স নিজে অবশ্য বলেছেন, যেকোনো মূল্যে ট্রাম্পকে ঠেকাতে হবে। কিন্তু নিজে দলীয় মনোনয়ন না পেলে দলীয় সমর্থকদের হিলারির পক্ষাবলম্বন করার পরামর্শ দেবেন কিনা, তা স্পষ্ট করে জানাননি।
ডেমোক্রেটিক পার্টির নেতারা এই দুই প্রেসিডেন্ট পদপ্রার্থীর মধ্যে বাক্যযুদ্ধ অবিলম্বে বন্ধের অনুরোধ করেছেন। সিনেটর টম উডাল ও সিনেটর ক্লেয়ার ম্যাককস্কাল ভিন্ন ভিন্ন বিবৃতিতে উভয় নেতাকেই মনে করিয়ে দিয়েছেন, দলের আসল লক্ষ্য ট্রাম্পকে পরাস্ত করা। নিজেদের মধ্যে অন্তর্ঘাতী লড়াই বন্ধ না হলে তারা শুধু হোয়াইট হাউসেই হারাবেন না, সিনেটে নিয়ন্ত্রণ ফিরে পাওয়ার যে আশা তাদের রয়েছে, তাও অলীক বলে প্রমাণিত হবে।