ওসমানীর জন্ম ও মৃত্যুদিবস জাতীয়ভাবে পালনের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জেনারেল ওসমানীর শততম জন্মজয়ন্তী উপলক্ষে জালালাবাদ অ্যাসোসিয়েশন অব আমেরিকার আয়োজিত অনুষ্ঠানে অতিথি ও সদস্যরা
জেনারেল ওসমানীর শততম জন্মজয়ন্তী উপলক্ষে জালালাবাদ অ্যাসোসিয়েশন অব আমেরিকার আয়োজিত অনুষ্ঠানে অতিথি ও সদস্যরা

বঙ্গবীর জেনারেল মহম্মদ আতাউল গণি (এমএজি) ওসমানী এক অমিত তেজ ক্ষণজন্মা পুরুষ ছিলেন। তিনি দেশের সেনাবাহিনীতে চাকরি করেছেন। নিজের দেশের স্বাধীনতার জন্য সশস্ত্র লড়াইয়ে অধিনায়কত্ব করেছেন। নির্মল চরিত্রের সামরিক বাহিনীর মানুষ হয়েও ওসমানী ছিলেন গণতন্ত্রের প্রতি চরম শ্রদ্ধাশীল। দেশের জন্য শুধু লড়াইই করেননি। নিজের সর্বস্ব দিয়ে গেছেন দেশ ও দশের কল্যাণে। এমন এক ব্যক্তিত্বকে চর্চার মধ্য দিয়ে আমাদের বর্তমান প্রজন্ম যেমন লাভবান হবে তেমনি আগামী প্রজন্ম অনুপ্রাণিত হবে। আমাদের দেশের স্বাধীনতার সমৃদ্ধ ইতিহাস জানার জন্যই জেনারেল ওসমানীর জীবন নিয়ে চর্চা হওয়া উচিত। ইতিহাসে তাঁকে যথাযথ মর্যাদা দেওয়া উচিত।
জেনারেল ওসমানীর শততম জন্মজয়ন্তী উপলক্ষে জাললাবাদ অ্যাসোসিয়েশন অব আমেরিকা নিউইয়র্কে এক অনুষ্ঠানের আয়োজন করে। ৯ সেপ্টেম্বর কুইন্স প্যালেসে অনুষ্ঠিত গান, কবিতা, আলোচনায় নিউইয়র্ক, নিউজার্সি ও কানেকটিকাটের ওসমানী ভক্তরা উপস্থিত হয়েছিলেন। প্রধান অতিথি ছিলেন মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অব.) এম আজিজুর রহমান বীর উত্তম।
মঞ্চে অতিথিদের জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। সংগঠনের সভাপতি বদরুল হোসেন খানের সভাপতিত্বে অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলের সাধারণ সম্পাদক জেড চৌধুরী জুয়েল।
প্রধান অতিথি এম আজিজুর রহমান বীর উত্তম বলেন, জেনারেল ওসমানী কর্মদক্ষ সেনানায়ক ছিলেন। মুক্তিযুদ্ধে নিজের আহত হওয়ার পর জেনারেল ওসমানী চিকিৎসা নিয়ে কী ভূমিকা রাখেন তা উল্লেখ করেন জেনারেল আজিজ। রণাঙ্গনে এ সমরনায়ক মুক্তিযোদ্ধাদের কীভাবে নির্দেশ দিতেন তার কিছু ঘটনা স্মরণ করে ওসমানীকে একজন খাঁটি দেশপ্রেমিক ও গণতন্ত্রের প্রতি চরম শ্রদ্ধাশীল মানুষ হিসেবে আখ্যায়িত করেন। তিনি বলেন, জেনারেল ওসমানী কখনো রাজনীতির সঙ্গে সেনাবাহিনীকে এক করে দেখেননি।
মুক্তিযোদ্ধা শিল্পী তাজুল ইমামের আঁকা ওসমানীর প্রতিকৃতি উন্মোচন করেন প্রধান অতিথি আজিজুর রহমান। মুক্তিযোদ্ধা আর ওসমানী অনুরাগীরা পুষ্পস্তবক দিয়ে প্রয়াত সমরনায়কের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করেন। যুক্তরাষ্ট্র মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আবদুল মুকিত চৌধুরীর নেতৃত্বে মুক্তিযোদ্ধারা জেনারেল ওসমানীর প্রতিকৃতি সামনে রেখে সামরিক কায়দায় গার্ড অব অনার দেন।
অনুষ্ঠানের একদিকে ছিল চিত্রাঙ্কন প্রতিযোগিতা। প্রবাসের শিশু-কিশোরেরা এতে অংশ নেয়। কবিতা আবৃত্তি করেন সেমন্তি ওয়াহেদ ও মিজানুর রহমান বিপ্লব। স্বাধীন বাংলা বেতারের শিল্পী রথীন্দ্রনাথ রায় ও শহীদ হাসান সংগীত পরিবেশন করেন। নানা পর্বের নাচ গানে অন্যান্যের মধ্যে ছিলেন প্রবাসের শিল্পী শাহ মাহবুব, শাওলী চৌধুরী, শম্পা চৌধুরী, পিনাক গোস্বামী, সুতিপা চৌধুরী, সীমা জামান প্রমুখ।
‘এ লিবারেশন ওয়ার হিরো জেনারেল ওসমানী’ প্রামাণ্য চিত্র প্রদর্শিত হয়। এ প্রামাণ্য চিত্রে উঠে আসে এক কর্মবীর ক্ষণজন্মা মানুষের জীবনের নানা অধ্যায়।
সাংস্কৃতিক পর্বে নিউইয়র্কের স্বনামধন্য সংগঠন বিপা’র পরিবেশনা ছিল হৃদয় কাড়া। নৃত্যে ও সংগীতে বাংলাদেশকে উপস্থাপনের চমৎকার প্রয়াস ছিল বিপা প্রধান অ্যানি ফেরদৌস পরিচালিত পরিবেশনায়। নিউজার্সি থেকে অনুষ্ঠানে যোগ দেওয়া শতদল গোষ্ঠী এবং কবির কিরণের আবৃত্তি ও তাদের পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে।

অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করছেন শিল্পীরা
অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করছেন শিল্পীরা

বঙ্গবীর ওসমানীর জীবন আর কর্ম নিয়ে প্যানেল আলোচনা পরিচালনা করেন প্রথম আলো উত্তর আমেরিকার আবাসিক সম্পাদক ইব্রাহীম চৌধুরী ও সাংস্কৃতিক সংগঠক মিনহাজ আহমেদ। অনুষ্ঠানের নানা পর্যায়ের আলোচনায় অংশ নেন সাপ্তাহিক ঠিকানা সম্পাদক মো. ফজলুর রহমান, সাপ্তাহিক বাঙালি সম্পাদক কৌশিক আহমেদ, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আবদুস সালাম, বাংলাদেশ সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপিকা রানা ফেরদৌস চৌধুরী, লেখিকা শামসাদ হুসাম চৌধুরী, মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. জিয়াউদ্দিন আহমেদ, শিল্পী তাজুল ইমাম, অ্যাডভোকেট শেখ আখতারুল ইসলাম, ওসমানী স্মৃতি পরিষদের সভাপতি নজমুল ইসলাম চৌধুরী, আবদুস শহীদ, অ্যাডভোকেট নাসির উদ্দিন আহমেদ, মুক্তিযোদ্ধা তোফায়েল আহমেদ চৌধুরী, আবদুল আজিজ নাঈমী, জহিরুল ইসলাম, জালালাবাদ অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক মইনুল হক হেলাল, গৌস খান, মোশাররফ আলম, আতাউল গনি আসাদ প্রমুখ৷
সাংবাদিক ফজলুর রহমান তাঁর আলোচনায় বলেন, ‘ওসমানীর জীবন নিয়ে আমাদের চর্চা করতে হবে। পাঠ্যপুস্তকে ওসমানীর জীবনী অন্তর্ভুক্ত করতে হবে।’ অপর সাংবাদিক কৌশিক আহমেদ তাঁর বক্তব্যে বলেন, নানা কারণে বাঙালির জীবনে ওসমানী প্রাসঙ্গিক হয়ে থাকবেন সময়ের সীমানা অতিক্রম করেও।
অধ্যাপক ডা. জিয়াউদ্দিন আহমেদ বলেন, ‘ওসমানী সেরা বাঙালিদের একজন ছিলেন। আমাদের দেশ আর দেশের পতাকার সঙ্গে এ বীরের নাম মিশে আছে।’ আওয়ামী লীগ নেতা আবদুস সালাম বলেন, বঙ্গবন্ধুর ডাকে বাঙালিরা দেশের স্বাধীনতার লড়াই করেছে। সামরিক যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন জেনারেল ওসমানী। নিজের মার্যাদার সঙ্গে দেশের মর্যাদা সমুন্নত রেখে বঙ্গবীর ওসমানী মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়েছেন।
ওসমানী স্মৃতি পরিষদের সভাপতি নজমুল ইসলাম চৌধুরী বলেন, ওসমানীর প্রতি আজ অবহেলা করা হচ্ছে। জাতীয়ভাবে তাঁকে স্মরণ করা হয় না। এ দীনতা থেকে বেরিয়ে আসার আহ্বান জানান তিনি। কমিউনিটি নেতা আবদুস শহীদ বলেন, বঙ্গবীর ওসমানীর নামে সিলেটের বালাগঞ্জে সামরিক একাডেমি প্রতিষ্ঠা করা হোক।
অধ্যাপিকা রানা ফেরদৌস চৌধুরী প্রতিবেশী হিসেবে সজ্জন ওসমানীকে নিয়ে তাঁর ব্যক্তিগত স্মৃতির কথা তুলে ধরেন।
মুক্তিযোদ্ধা কামান্ডার আবদুল মুকিত চৌধুরী বলেছেন, ‘আমাদের মুক্তিযুদ্ধ সারা বিশ্বের যুদ্ধের ইতিহাসে ছিল ভিন্ন। এ যুদ্ধের সব বিষয়কে জানতে হলে আমদের অনেক গভীরে যেতে হবে এবং সমরনায়ক ওসমানীকে নিয়ে চর্চা করতে হবে।’ সাংবাদিক, কলাম লেখক শামসাদ হুসাম চৌধুরী বলেন, ওসমানীকে জাতীয়ভাবে স্মরণ না করে একজন মহান বীরের প্রতি চরম অন্যায় করা হচ্ছে।
মুক্তিযোদ্ধা শিল্পী তাজুল ইমাম বলেন, একজন মুক্তিযোদ্ধা হয়েও জীবদ্দশায় জেনারেল ওসমানীকে কাছে থেকে দেখার কোনো সুযোগ হয়নি। সমরনায়কের জন্মশত বার্ষিকী উপলক্ষে ওসমানীর প্রতিকৃতি আঁকতে গিয়ে একজন জেনারেলকে শিল্পীর দৃষ্টিতে দেখার তিনি চেষ্টা করেছেন বলে জানান।

সংগীত পরিবেশনা
সংগীত পরিবেশনা

মুক্তিযোদ্ধা তোফায়েল আহমেদ চৌধুরী বলেন, ওসমানীকে আজ শুধু সিলেটবাসীই কেন স্মরণ করবেন? বাংলাদেশের এ মহান বীরকে জাতীয়ভাবে সম্মান জানানো আমাদের অস্তিত্বের স্বার্থেই জরুরি বলে তিনি উল্লেখ করেন।
টানা বৃষ্টিপাত উপেক্ষা করে কুইন্স প্যালেসে লোক সমাগম ছিল লক্ষণীয়। শুধু সিলেট অঞ্চলের প্রবাসীরাই নয়, দলমত-নির্বিশেষে মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতির প্রতি শ্রদ্ধা আর ভালোবাসা জানাতে আসেন প্রবাসী নারী-পুরুষের। অনুষ্ঠানে প্রবাসীরা জালালাবাদ অ্যাসোসিয়েশনকে জেনারেল ওসমানীকে নিয়ে এমন আয়োজনের জন্য ধন্যবাদ জানান। অ্যাসোসিয়েশনের সভাপতি বদরুল হোসেন খান ও সাধারণ সম্পাদক জেড চৌধুরী জুয়েল নানা সীমাবদ্ধতার মধ্যেও অনুষ্ঠান সফল করার জন্য সবার প্রতি কৃতজ্ঞতা জানান। যাঁরা অনুষ্ঠানে আর্থিক সহযোগিতা দিয়েছেন তাঁদের ধন্যবাদ জানানো হয়।
প্রথম আলো উত্তর আমেরিকার ৭ সেপ্টেম্বর সংখ্যায় সমরনায়ক ওসমানীকে নিয়ে ছিল বিশেষ আয়োজন। জালালাবাদ অ্যাসোসিয়েশন অব আমেরিকার সহযোগিতায় জেনারেল ওসমানীর জীবনের অনেক জানা-অজানা বিষয় নিয়ে লেখেন সাংবাদিক মাহবুবুর রহমান, সাংবাদিক মুহাম্মদ ফয়জুর রহমান, মুক্তিযোদ্ধা সুব্রত বিশ্বাস, অ্যাডভোকেট শেখ আখতারুল ইসলাম, লেখক সোনিয়া কাদির, সাংবাদিক ইব্রাহীম চৌধুরী, কবি তমিজ উদ দীন লোদী ও লেখক গীতিকার ইশতিয়াক রুপু।
প্রয়াত ওসমানীর ওপর তথ্যবহুল লেখাগুলো সংগ্রহে রাখার মতো বলে প্রবাসীরা মন্তব্য করেছেন।