ওহ্, ওমারোসা!

ডোনাল্ড ট্রাম্প তাঁর একসময়ের রিয়েলিটি টিভি শো ‘অ্যাপ্রেনটিস’-এর সাবেক তারকা ওমারোসা মানিগল্ট-নিউম্যানকে নিয়ে মহাঝামেলায় পড়ে গেছেন। একসময় নিজে তাঁকে অত্যন্ত যোগ্য ও চমৎকার মানুষ বলে সাফাই গেয়েছেন, আর গতকাল সোমবার সারা সকাল তিনি একের পর এক টুইট করে ওমারোসার চরিত্র হননে সময় কাটালেন।
গত বছর ডিসেম্বরে ওমারোসাকে অযোগ্যতা ও দায়িত্ব পালনে ব্যর্থতার অভিযোগে হোয়াইট হাউসের গণসম্পর্ক কর্মকর্তার চাকরি থেকে পদচ্যুত করা হয়। সে সময় তিনিই ছিলেন ট্রাম্প প্রশাসনের সর্বোচ্চ আফ্রিকান-আমেরিকান। চাকরি খোয়ানোর পর হোয়াইট হাউসে তাঁর অভিজ্ঞতার বর্ণনা করে ওমারোসা একটি খোলামেলা বই লিখেছেন। বইটি এই সপ্তাহেই বাজারে আসছে। এতে ওমারোসার দাবি, ট্রাম্প একজন বর্ণবাদী। অনেক সময় তিনি আফ্রিকান-আমেরিকানদের অত্যন্ত অবমাননাকর ‘নিগার’ নামে গালমন্দ করেছেন, সে কথার টেপও নাকি আছে। ট্রাম্পের মানসিক সুস্থতা নিয়েও সন্দেহ প্রকাশ করেছেন ওমারোসা।
তাতেও সমস্যা ছিল না, হোয়াইট হাউসের ভেতরে ও বাইরে কেউই ওমারোসাকে খুব একটা গুরুত্বের সঙ্গে গ্রহণ করে না। কিন্তু গোল বেধেছে অন্যখানে। ওমারোসা হোয়াইট হাউস থাকার সময় ট্রাম্পসহ বিভিন্ন কর্মকর্তার সঙ্গে তাঁর কথাবার্তা গোপনে টেপ করেন। গত তিন দিন তিনি সেসব টেপ একের পর এক প্রকাশ করা শুরু করেছেন। এর মধ্যে একটি টেপ করা হয়েছে অত্যন্ত গোপনীয় বলে বিবেচিত সিচুয়েশন রুমে চিফ অফ স্টাফ জন কেলির সঙ্গে। বরখাস্ত করার জন্য কেলি তাঁকে সেখানে ডেকে এনেছিলেন। ওমারোসা প্রথমে যে টেপটি প্রকাশ করেন, তাতে কেলি বেশ ভদ্র ভাষায় তাঁকে চাকরিচ্যুতির কথা জানান। পরের টেপটি ট্রাম্পের, তাতে ওমারোসা হোয়াইট হাউস ছেড়ে চলে যাচ্ছেন, এ কথা জানতে পেরে তিনি নিজের বিস্ময় প্রকাশ করেছেন। এই টেপ প্রসঙ্গে ওমারোসার বক্তব্য, তাঁকে চাকরিচ্যুত করা হয়েছে—এ কথা ট্রাম্প হয় জেনেও না জানার ভান করেছেন। তবে এই সিদ্ধান্ত যদি তাঁর অজ্ঞাতে হয়ে থাকে, তাহলে প্রমাণিত হয়, হোয়াইট হাউসের নিয়ন্ত্রণ তাঁর হাতে নেই।
ওমারোসাকে নিয়ে সমস্যা আছে, সে বিশ্বাসযোগ্য নয়, এ কথা অনেকে তাঁকে বোঝানোর চেষ্টা করা সত্ত্বেও ট্রাম্প এই আফ্রিকান-আমেরিকান নারীকে বছরে ১ লাখ ৮০ হাজার ডলারের চাকরিটা প্রদান করেন। ট্রাম্পের দাবি, একটি চাকরির জন্য ওমারোসা তাঁর হাতে-পায়ে ধরে কান্নাকাটি করেছেন। কিন্তু কোনো যোগ্যতা বা অভিজ্ঞতা ছাড়া এমন একজন মানুষকে এমন গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়ায় অনেকেই ট্রাম্পের নিজের বিচার-বিবেচনা নিয়ে প্রশ্ন তুলেছেন। বিশিষ্ট ভাষ্যকার ডেভিড গার্গেন বলেছেন, প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের আগে ট্রাম্প বলেছিলেন তিনি সবচেয়ে যোগ্য, সবচেয়ে সেরা মানুষগুলোকেই হোয়াইট হাউসে চাকরি দেবেন। ওমারোসা কি সেই যোগ্য লোকদের একজন?
চাকরি থেকে বরখাস্তের আগে ট্রাম্প একাধিকবার ওমারোসাকে ‘দারুণ যোগ্যতাসম্পন্ন’ একজন বলে প্রশংসা করেছেন। গতকাল অবশ্য টুইটারে সম্পূর্ণ ভিন্ন কথা শোনালেন তিনি। ওমারোসা নির্বোধ, উন্মাদ, ছোট জাত ইত্যাদি নানা বিশেষণে ভূষিত করে পরপর চারটি টুইট করেছেন। ‘নিগার’ বলার যে দাবি ওমারোসা করেছেন, সেটি মিথ্যা, এমন কোনো টেপ তাঁর কাছে নেই, সে কথাও ট্রাম্প জানিয়েছেন।
ওমারোসা জানিয়েছেন, হোয়াইট হাউস ছেড়ে আসার পর তাঁকে মুখ বন্ধ রাখার জন্য মাসে ১৫ হাজার ডলারের মাসোহারা দিয়ে একটি অপ্রকাশ বা নন-ডিসক্লোজার চুক্তির প্রস্তাব করা হয়। ওমারোসা সে প্রস্তাবে রাজি হননি। এখন জানা গেছে, শুধু ওমারোসা নন, হোয়াইট হাউসের সব কর্মচারীর ক্ষেত্রেই এই অপ্রকাশ চুক্তির ব্যবস্থা রয়েছে। প্রশ্ন উঠেছে, ওমারোসা যদি এত অযোগ্য ও নীচু জাতের মানুষ হবেন, তাহলে তাঁর মুখ বন্ধ রাখার জন্য মাসে এত মোটা অঙ্কের অর্থ কেন দেওয়া হবে? এই অর্থ আসছেই-বা কোথা থেকে?
হোয়াইট হাউস থেকে বলা হয়েছে, ট্রাম্প ও অন্যান্য কর্মকর্তার কথাবার্তা টেপ করে ওমারোসা নিরাপত্তা আইন লঙ্ঘন করেছেন। ওমারোসা পাল্টা যুক্তি দেখিয়ে বলেছেন, ‘আমার হাতে এই টেপ না থাকলে কেউ কি আমার কথা বিশ্বাস করত?’
জানা গেছে, একটা-দুটো নয়, ওমারোসার কাছে সম্ভবত ১০০ বা তার চেয়েও বেশি টেপ থাকতে পারে। স্মরণযোগ্য, ট্রাম্প নিজে তাঁর ব্যবসায়িক জীবনে অন্যের কথা টেপ করে চাপ সৃষ্টির কাজে ব্যবহার করেছেন। একাধিক ভাষ্যকার মন্তব্য করেছেন, ট্রাম্পের সুযোগ্য ছাত্রী হিসেবে ওবামারোসা নিজের শিক্ষকের ‘ওষুধ’ তাঁরই ওপর বেশ ভালোভাবেই প্রয়োগ করেছেন।
নিজের স্মৃতিকথা প্রকাশের আগে ওমারোসা চাইছিলেন তাঁকে নিয়ে বিতর্ক উঠুক, তাতে বইয়ের কাটতি বাড়বে। আমেরিকার প্রেসিডেন্ট নিজের সব কাজকর্ম বাদ দিয়ে যেভাবে ওমারোসাকে নিয়ে উঠেপড়ে লেগেছেন, তাতে বোঝা যায় নিজের কৌশলে ওমারোসা একদম সফল।