ওয়াটারগেট কেলেঙ্কারির ছায়া?
ডোনাল্ড ট্রাম্প নির্বাচনের আগে তাঁর ফোনে আড়ি পাতার অভিযোগ তুলেছেন তখনকার প্রেসিডেন্ট বারাক ওবামার বিরুদ্ধে। এটি তাঁর ভাষায়, ‘আরেকটি ওয়াটারগেট’ কেলেঙ্কারি।
তা, কী ছিল ওয়াটারগেট কেলেঙ্কারি? ১৯৭২ সালের ওয়াটারগেট কেলেঙ্কারি যুক্তরাষ্ট্রের রাজনীতির ইতিহাসে বহুল আলোচিত একটি ঘটনা। রিপাবলিকান প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন তখন দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হওয়ার চেষ্টা করছিলেন। তাঁর নির্বাচন কমিটির সঙ্গে সংশ্লিষ্ট কয়েকজন প্রতিপক্ষ ডেমোক্রেটিক পার্টির খবর পেতে ওয়াশিংটন ডিসিতে অবস্থিত দলটির সদর দপ্তরে গোপনে টেপ রেকর্ডার স্থাপন করেছিলেন।
ঘটনাটি ফাঁস হওয়ার পর হোয়াইট হাউসের কয়েকজন কর্মকর্তা পদত্যাগ করেন এবং একজনকে বরখাস্ত করা হয়। ওই কেলেঙ্কারির জেরে নিক্সনও ১৯৭৪ সালে পদত্যাগ করেন। যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত তিনিই একমাত্র পদত্যাগ করা প্রেসিডেন্ট।
ওয়াশিংটনের একটি হোটেলের নাম ওয়াটারগেট। সেখানে ডেমোক্র্যাট ন্যাশনাল কমিটির কার্যালয় ছিল। পরে নিক্সন দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হওয়ার পর তাঁর বিরুদ্ধে তদন্ত শুরু হয়। ১৯৭৪ সালের এপ্রিলে চাপের মুখে কিছু টেপ প্রকাশ করেন নিক্সন। জুলাইয়ে সুপ্রিম কোর্টের নির্দেশে টেপ হস্তান্তর করেন নিক্সন। স্বীকার করেন, আড়ি পাতা সম্পর্কে জানতেন তিনি। এফবিআইয়ের তদন্তে বাধা দিয়েছিলেন। আগস্ট নাগাদ জনমত চলে যায় বিপক্ষে। শুরু হয় সাংবিধানিক সংকট। কংগ্রেসের একটা বড় অংশ চলে যায় নিক্সনের বিরুদ্ধে। পদত্যাগে বাধ্য হন তিনি।
১৯৭২ সালের অনেক দিন পর ২০১৬ সালের মার্কিন নির্বাচন। এবার আক্রান্ত হয় ডেমোক্র্যাট দলের ন্যাশনাল কমিটি। তাদের সার্ভার হ্যাকিংয়ের শিকার হয়েছে। এর পেছনে রুশ হ্যাকাররা দায়ী, বলছেন মার্কিন তদন্তকারীরা।
মার্কিন আইনজীবী জন ডিন ওই দুই নির্বাচনই দেখেছেন। তিনি বিবিসি রেডিওকে বলেন, নিক্সন ও ট্রাম্প দুজনই কর্তৃত্বপরায়ণ মানসিকতার লোক। পার্থক্য হচ্ছে, নিক্সন প্রকাশ্যে সে আচরণ দেখাতেন না। আর ট্রাম্প তা প্রকাশ্যেই দেখাতে চান। তাঁরা দুজনই অন্ধ আনুগত্য প্রত্যাশা করেন। জন ডিন বলেন, এটি হয়তো দ্বিতীয় ওয়াটারগেট কেলেঙ্কারি হচ্ছে না, কিন্তু সেই ধাঁচ দেখা যাচ্ছে।