ওয়ান ওয়ে টিকিট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক গ্লাস পানি খেয়ে বক্তৃতাটা শেষ করল নিনা। পরিকল্পনা মাফিক ৪৫ মিনিটেই সে তার বক্তব্য তুলে ধরল। তুমুল হাততালির মধ্যে মঞ্চ থেকে নামার সময়ই চারদিকে তাকিয়ে একটা খালি চেয়ার চোখে পড়ায় গিয়ে সেখানেই বসল।
পাশের লোকটাকে কেন যেন চেনা মনে হলেও বুঝতে পারল যে লোকটা তার পরিচিত কেউ নয়, তবে শরীরের রং তার মতোই বাদামি হওয়ায় এটা মনে হয়েছে। লোকটা একটা সহানুভূতির হাসি দিয়ে হাত বাড়িয়ে দিল, ‘আমি রাশেদ, সুইডেনের প্রতিনিধি দলের সদস্য।’ প্রতি উত্তরে নিনা হাত বাড়িয়ে রাশেদের হাতটা হাতে নিয়ে বলল, ‘আমি নিনা, পরিচয় একটু আগেই পেয়েছেন নিশ্চয়ই।’
-হ্যাঁ তা পেয়েছি, আপনি ব্রিটিশ প্রতিনিধি দলের সদস্য।
-হ্যাঁ, তাই। তবে ব্রিটিশ হলেও মূলত আমি বাঙালি। আমার বাড়ি বাংলাদেশের সিলেট অঞ্চলে।
-তাই! আমিও তো মূলত সিলেটি বাঙালি, তবে ছোটবেলায় দেশ ছেড়েছি। মিশে গেছি সুইডেনের মূল সমাজের সঙ্গে। হালকা বাংলা বলতে পারলেও চর্চার অভাবে তা হারিয়ে যাচ্ছে। স্টকহোমে বেশ কিছু বাঙালি থাকলেও তাদের সঙ্গে আমার মেলামেশা নেই।
-খুবই দুঃখজনক।
নিনা মঞ্চের দিকে তাকিয়ে বক্তার বক্তব্য শুনতে লাগল।
এতক্ষণ রাশেদের সঙ্গে তার আলাপগুলো ইংরেজিতেই হয়েছে।
পরিবেশ নিয়ে এই আন্তর্জাতিক সেমিনারে অংশ নিতে তার এখানে আসা।
পরিবেশ নিয়ে কাজে সুইডেন অনেক এগিয়ে আছে, ওদের–ই একটা মেয়ে ষোলো বছর বয়সী গ্রেটা একটা দারুণ কাজ শুরু করেছে, সেখান থেকে এই নতুন পরিবেশ রক্ষার আন্দোলন শুরু হয়েছে।
মঞ্চের বক্তার বক্তৃতা শেষ হওয়ার পরে মধ্যাহ্ন ভোজের বিরতি শুরু হয়ে গেল। ঘণ্টা দুই পরে আবার আরেক সেশনের শুরু হবে। সবার সঙ্গে সঙ্গে নিনা ও উঠে দাঁড়াল।
আপনি কোথায় খাবেন?—রাশেদ নিনাকে প্রশ্ন করল।
নিনা বাংলায় উত্তর দিল—সেটা এখনো ভাবিনি, তবে আমার সঙ্গে বাংলায় কথা বললে আপনার সঙ্গে এক সঙ্গেই লাঞ্চ করতে পারি। টাকাটা না হয় আমিই স্পনসর করব।
ভালো কথা, আমি কোনো বাঙালির সঙ্গে ইংরেজিতে কথা বলি না।
অবাক হয়ে নিনার দিকে কতক্ষণ তাকিয়ে রাশেদ ভাঙা ভাঙা বাংলায় বলে উঠল,
—ঠিক আছে গো সুনা, মাগনা খানির লাগি আমি চাইনিজও মাততে রাজি আছি।
দুজনের উচ্চস্বরে হাসির শব্দে আশপাশের সব লোকজন অবাক হয়ে তাকাল।
—চলুন তবে, একটা কিছু খেয়ে আসি, সকালে নাশতা করা হয়নি। এক কাপ কফি দিয়ে কাজ চালিয়েছি।
–চলুন, পথ দেখাল রাশেদ আর পেছনে পেছনে নিনা।
কনভেনশন হল থেকে বেরিয়েই সামনের বাসে উঠে পড়ল ওরা দুজন। ভর্তি হয়ে যাওয়ায় বাস ছেড়ে দিল।
স্টকহোম শহরটা বেশ পছন্দ হয়েছে নিনার। একদম পরিষ্কার ও পরিপাটি সাজানো। মধ্যযুগের ছায়ায় সাজানো আধুনিক শহর। যদিও রাজধানী শহর, এরপরও মানুষজন তেমন নেই।
যেতে যেতে এটা-সেটার সঙ্গে তাকে পরিচয় করিয়ে দিচ্ছিল রাশেদ। ওর বাংলা ভীষণ মরচে ধরা। তারপরেও চেষ্টা করে যাচ্ছিল আর নিনা ওকে সঠিক শব্দগুলো বেছে বেছে তার কথাগুলোকে গ্রহণযোগ্য করে ওঠায় সাহায্য করছিল। এক সময় বাসটা এসে সমুদ্রের পাশে দাঁড়ালে রাশেদের ইশারায় নিনাও উঠে দাঁড়িয়ে বাস থেকে নামল। শহরের একদম মধ্যখানেই সমুদ্র, অবাক হওয়ার মতো কথা।
-এই শহরটা গড়ে উঠেছে পানিকে কেন্দ্র করে, স্টকহোম আর তার সাগর সঙ্গমে প্রায় ১৩ হাজার দ্বীপ আছে।
-১৩ হাজার! কি বলছেন?
-হ্যাঁ, ১৩ হাজার। তবে এর বেশির ভাগই খুব ছোট, কিছু কিছু বেশ বড়।
যেমন রাজবাড়ি বা সংসদ ভবন, এগুলো এক একটা দ্বীপ। বেশ সুন্দর।
-হ্যাঁ, আমার কাছে বেশ লাগছে। এ দেশে থাকতে খুব ভালো নিশ্চয়ই! লন্ডন তো একটা বাজার হয়ে গেছে। চারদিকে এত ভিড় যে হাঁপিয়ে উঠতে হয়।

-আসুন, লাঞ্চ করে নিই। কি খেতে চান? বিল যেহেতু আপনি দিচ্ছেন, পছন্দের দায়িত্বটাও আপনার।
-আমি আপনাদের সুইডিশ খাবার খেতে চাই।
-আসুন আমার সঙ্গে।
রাশেদ নিনাকে নিয়ে একটা বিরাট ভবনে ঢুকল। সেখানে মাঝারি আকারের অনেক খাবারের দোকান। একটা দোকানে গিয়ে খাবারের সঙ্গে পরিচয় করিয়ে দিল। দুজনে বেছে বেছে কিছু সুইডিশ খাবার একটা প্লেটে নিয়ে নিল।
খাবারের বেশির ভাগই মাছ তবে বলগা হরিণের মাংস আর কিছু কালো রুটিও নিল।
-আপনাদের এখানে সাদা কোনো রুটি দেখলাম না, সবই কালো রুটি।
-হ্যাঁ সুইডেনে সাদা ময়দার রুটি খুবই কম চলে। বেশির ভাগই লাল আটার রুটি।
এ কারণেই হয়তো বেশির ভাগ মানুষই পাতলা, শরীরে মেদের কোনো চিহ্নই নেই। মেয়েগুলো বেশ হালকা–পাতলা। প্রায় সবাই সাইকেল চালাচ্ছে।
-হ্যাঁ, স্টকহোমের মানুষ নিজের এলাকায় হয় হাটে, না হয় সাইকেল চড়ে। কেবল দূরে যেতে হলে গাড়ি, বাস বা পাতাল রেল ব্যবহার করে।
খাবার হাতে নিয়ে তারা একটা টেবিলে গিয়ে বসল। আর রাশেদ উঠে গিয়ে কিছু ন্যাপকিন আর দুটো মিনারেল ওয়াটার নিয়ে আসল। আস্তে আস্তে দুজনে তাদের খাবার শেষ করল।
খাবার নিনার খুব ভালো লাগল, খুবই সহজ–সরল রান্না। বিশেষ করে হেরিং মাছগুলো খেতে দারুণ লাগল। রুটি একটু তেতো লাগলেও সয়ে এল।
সাধারণত স্বল্প খেয়ে অভ্যস্ত নিনা বেশ পেট ভরেই খেয়ে নিল।
খাবারের পরে রাশেদ দুকাপ কফি নিয়ে আসল, বেশ কড়া আর তেতো কফি।
নিনা ঘড়ি দেখে বলল, আমাদের উঠতে হবে, দ্বিতীয় অধিবেশন শুরু হতে আর আধা ঘণ্টা বাকি।
ঘড়ি দেখে রাশেদও উঠে গেল।
-চলুন, আবার বাস ধরতে হবে।
-দাঁড়ান, লাঞ্চের দামটা দিয়ে আসি।
-সেটা দিয়ে দেওয়া হয়েছে।
-ওমা কেন, এটা তো আমার দেওয়ার কথা না?
-হ্যাঁ, তাইতো! আচ্ছা, খাতায় লিখে রাখছি। পরে নিয়ে নেব।
দুজনে বাইরে বেরিয়ে বাসের জন্য অপেক্ষা করতে লাগল।
সমুদ্রের পাড়ে কিছু লোক মাছ ধরছে আর ওপরে শৃগালগুলো কর্কশ স্বরে চেচাচ্ছে, বেশ একটা পরিবেশ।
বাস এসে গেলে তারা উঠে বসল। বুকে ব্যাজ থাকায় ড্রাইভার কোনো ভাড়া নিলেন না। এই কয়দিন স্টকহোম শহর কর্তৃপক্ষ তাদের ভাড়া মওকুফ করে দিয়েছেন। কনভেনশন হলে ফিরে তারা দুকাপ কফি নিয়ে এসে বক্তব্য শোনায় মনোযোগ দিল। সন্ধ্যার সময় অধিবেশন সেদিনের মতো মুলতবি হওয়ার পরে ওরা বেরিয়ে এল।
-এখন কি করতে চাচ্ছেন?
-হোটেলে গিয়ে রেস্ট করব, আপনি?
-আমি রাতটা আমার গ্রামের বাড়িতে কাটিয়ে দেব, কাল আবার আসব।
-ওহ! আচ্ছা কাল আবার দেখা হবে।
-আপনিও চলুন না আমার সঙ্গে!
-কি আছে সেখানে?
-সেখানে আমি আছি,
রাশেদ উত্তর দিল
-ব্যাস?
-হ্যাঁ ব্যাস,
ঘুরে দাঁড়াল রাশেদ।
-তাহলে আমার সঙ্গে আমার হোটেলে চলুন, কিছু কাপড় নিয়ে নিই।
তারা কনভেনশনের বাসে করে নিনার হোটেলে গিয়ে নামল। রাশেদ এক কাপ কফি নিয়ে লাউঞ্জে বসল আর নিনা ওপরে তার রুমে চলে গেল।
মিনিট দশেক পরে ছোট্ট একটা ব্যাগ হাতে নেমে আসল।
-চলুন আপনার গ্রামে।
কাছের–ই একটা আন্ডারগ্রাউন্ড কার পার্কে রাশেদের গাড়ি রাখা ছিল, ওরা সেখানে গিয়ে গাড়িতে উঠল।
রাশেদ তার ক্রেডিট কার্ড দিয়ে পার্কের ভাড়া পরিশোধ করে বেরিয়ে এল।
-এখান থেকে কেমন দূরে আপনার গ্রাম?
-প্রায় এক শ কিলোমিটার হবে, ঘণ্টা খানিকের রাস্তা।
একটু এগিয়ে গিয়েই গাড়ি মোটরওয়েতে পড়ল। সুন্দর ও পরিষ্কার ছিমছাম রাস্তা, এক এক দিকে চারটা করে লেন। গাড়ির স্পিড অনেক বেড়ে গেল।
-সেখানে আমরা কি করব?
-হাঁটাহাঁটি করব, মূলত আলস্যে সময় কাটাব। শহরের যান্ত্রিক পরিবেশে দম বন্ধ হয়ে আসে, সেটা ব্যালান্স করব।
-আমি মূল লন্ডন শহরে থাকি, দম বন্ধ করা একটা পরিবেশ। ভাবছি একটু বাইরের দিকে চলে যাব। সেখানে আবার সবুজের ছড়াছড়ি।
প্রায় ৫০ মিনিট পরে একটা জায়গায় গাড়ি মূল রাস্তা থেকে নেমে একটা সরু রাস্তায় গিয়ে পড়ল, এর কিছুক্ষণ পরে একটা কাঁচা রাস্তায় কয়েক মাইল যাওয়ার পরে একটা সুন্দর বাংলোর সামনে গিয়ে গাড়ি থামাল রাশেদ—এই আমার বাড়ি।
- বাহ বেশ তো, আশপাশে আর কোনো বাড়ি নেই?
-লেকের পাড় দিয়ে মাইল পাঁচেক গেলে একটা বাড়ি আছে।
দুজনে গাড়ি থেকে নেমে আসল।
দরজা খুলে রাশেদ নিনাকে আসতে বলল।
-বাড়ির দরজা দেখছি খোলা, কোনো তালা নেই।
-হ্যাঁ, সেটাই। এখানে কেউ আসে না।
বাড়ির ভেতরে ব্যাগ রেখে রাশেদ তাকে পেছনের দিকের দরজা খুলে বাইরে নিয়ে গেল। পেছনে গিয়ে নিনা অবাক হল।
বেশ বড় একটা বাগান, চারদিকে ফলের বাগান আর ফাঁকে ফাঁকে সবজির বেড। তাপ সংরক্ষণের জন্য বিশেষ রকমের কাপড় দিয়ে ঢাকা।
গাছগুলোর সঙ্গে পরিচয় করিয়ে দিল রাশেদ।
-এই দুটো হচ্ছে আপেল গাছ। এর পাশেরটা প্লাম ও ওই দিকেরটা পিচ। লাল ও কালো, দুরকমেরই প্লাম আছে।
-বেশ তো, আপনার প্রচুর ফল খাওয়া হয়।
-খেয়ে কুলাতে পারি না, এখানে কোনো প্রতিবেশীও নেই। তাই সব ফল নিয়ে অফিসে সহকর্মীদের মধ্যে বিলিয়ে দিই।
আরেকটু পেছনে গিয়ে লেকের পাড়ে গিয়ে একটা বেঞ্চে বসল ওরা দুজন। একটু পরে কিছু হাঁস ভেসে এসে পাড়ে উঠে আসল। রাশেদ একটা ছোট্ট বাক্স থেকে কিছু গম নিয়ে ওদের সামনে ছিটিয়ে দিলে ওরা খেতে লাগল।
-বাহ বেশ তো, আপনার মেহমান এসে গেছে।
-হ্যাঁ, আমাকে দেখলেই ওরা গম খেতে আসে, ওদের খুব পছন্দ।
-সুন্দর পরিবেশ, তা আপনি একাই থাকেন নাকি বাড়িতে কোনো বেগম সাহেবা আছেন?
রাশেদ খুব ভেবে ভেবে বাংলায় উত্তর দিচ্ছিল, বেগম সাহেবা কথাটার মানে জিজ্ঞেস করে বুঝে হেসে দিল।
-নাহ, এখানে কোনো বেগম সাহেবা নেই। শুধু সাহেবই আছেন।
-বিয়ের বয়েস তো হয়েছে, করেননি কেন?
-বিয়ে করার মতো কাউকে এখনো খুঁজে পাইনি।
-সুইডেনে কি মেয়ের আকাল চলছে নাকি?
-আকাল নেই, তবে এখানকার মেয়েরা বিয়ে করতে চায় না। মধ্য বয়েসের আগে ওদিকে যায় না। একা থাকে, অনেকের সঙ্গে মেলামেশা করে।
-লন্ডনে একদম উল্টো, বিয়ের জন্য ছেলে পাওয়া যায় না। মেয়েগুলো বুড়িয়ে যাচ্ছে।
-রাতে কী খেতে চান?
-যা আছে তাই খাব, তেমন কোনো চাহিদা নেই।
-তাহলে মাছ ধরি?
হেসে ভেঙে পড়ল নিনা।
-আপনি মাছ ধরবেন আর আমরা ডিনার করব? এক সপ্তাহ বসে থাকলে একটা মাছ হয়তো ধরতে পারবেন।
রাশেদ ওর দিকে একটু তাকিয়ে থেকে বাড়ির বাইরের কোনা থেকে একটা লম্বা বড়শি নিয়ে আসল। বড়শির সুতা বেশ লম্বা, তবে অনেক ভিন্ন। সুতায় একটার জায়গায় বেশ কয়েকটা বড়শি লাগানো, অন্তত গোটা দশেক তো হবেই।
রাশেদ লেকের পাড়ের কাঠের প্ল্যাটফর্মে দাঁড়িয়ে বড়শিটা পেছনে ঘুরিয়ে সামনের দিকে ঝাঁকি দিয়ে পানিতে ছুড়ে মারল। সাঁই করে শব্দ তুলে এগিয়ে বেশ দূরের পানিতে গিয়ে পড়ল সেটা। মিনিট খানিক অপেক্ষা করে বার কয়েক ঝাঁকি দিয়ে হুইল দিয়ে সুতা গুটাতে শুরু করল সে। মিনিট খানিক গুটানোর পরে বড়শিটা পানির একদম প্রান্তে এসে গেলে নিনা অবাক চোখে দেখল, প্রতিটি বড়শিতে একটা করে মাছ গেঁথে আছে আর সেগুলো নাচানাচি করছে। প্রায় ৯–১০ ইঞ্চি লম্বা লম্বা একেকটা মাছ।
রাশেদ বড়শিটা টেনে ডাঙায় তুলে এনে বলল—আপনি মাছগুলো খোলেন আর আমি একটা কিছু নিয়ে আসি।
বাড়ির ভেতরে গিয়ে সে একটা ছোট প্লাস্টিকের বালতি নিয়ে আসল।
নিনার তখনো বিস্ময় কাটেনি।
-একবারে এত মাছ কীভাবে ধরলেন?
-এগুলো স্ট্রমিং মাছ, এভাবেই ধরা হয়। মিস নাই।
-আপনি আবার বড়শি ছোড়েন তো, আমি ভিডিও করতে চাই। না হলে এই গল্প কেউ বিশ্বাস করবে না।
রাশেদ আরও বার কয়েক বড়শি ছুড়ে মারল, আর প্রতিবারেই প্রতিটি বড়শিতে একটি করে মাছ পেল। নিনা বেশ কয়েকটা ফটো তুলল ও ভিডিও করল।
-আসুন আপনাকেও মাছ ধরা শিখাই,
-না বাবা না, আমি পারব না।
-আরে আসুন না, শিখিয়ে দিচ্ছি। ভয়ের কি আছে? দেখতে তো আপনাকে বেশ সাহসী মনে হয়!
এই খোঁচায় কাজ হলো, নিনা এসে তার পাশে দাঁড়াল।
কিন্তু বড়শি ছুড়ে মারতে গিয়ে সমস্যা হতে লাগল।
এদিকে মারে তো ওদিকে যায় আর সে হাসতে হাসতে ভেঙে পড়ে।
রাশেদ বড়শি গুটিয়ে তার হাতে দেয় আর সে উল্টো সিধা ছুড়ে মারে। এই বড়শি মারার মধ্যে দিয়ে দুজনের মধ্যে প্রচুর স্পর্শ হতে লাগল ও শেষমেশ রাশেদ তার পেছনে দাঁড়িয়ে ওর হাতের ওপরে হাত ধরে বড়শিটা ছুড়ে মারলে সেটা অনেক দূরেই গিয়ে পড়ল। বিপত্তিটা হল বড়শি গোটানোর সময়। বড়শি যখন প্রায় ডাঙায় এসে পড়বে ঠিক এই সময় নিনা ব্যালান্স হারিয়ে রাশেদের ওপরে পড়ল আর দুজনেই একদম মাটিতে গড়াগড়ি। নিনার হাতে তখনো বড়শি, জীবনের প্রথম ধরা মাছ সে ছাড়তে রাজি নয়। সে ধরে আছে বড়শি আর রাশেদ ধরে আছে তাকে। হাসতে হাসতে প্রায় গড়াগড়ি খেয়ে সে মাছগুলো ঠিকই ওপরে তুলে আনল।
আধা ঘণ্টার পরিশ্রমেই অনেক মাছ ধরা হয়ে গেল। প্রায় আধ বালতি মাছ। বাড়ির ভেতরে নিয়ে তারা দুজনে কিছু মাছ পরিষ্কার করতে লাগল। রাশেদ কাঁচি দিয়ে মাছের চারিদিক কেটে নিনাকে দেয় আর নিনা ভালো করে ধুয়ে সেগুলো একটা বড় বাটিতে রাখে। এরপর মাছগুলোকে কিছু মসলা মাখিয়ে ভেজে নিল। এত তাজা মাছ নিনা কোনো দিন খায়নি।
-আপনার জীবনধারাটা খুব পছন্দ হয়েছে। এই বাড়িটাও চমৎকার।
-থেকে যান না কেন?
অবাক হয়ে তাকিয়ে নিনা প্রশ্ন করে, ‘থেকে কি করব?’
-আমাকে বাংলা শেখাবেন।
আবার হাসতে হাসতে দুজনে শেষ।
খাবার পরে দুজন হাঁটতে বেরোল। সামান্য উঁচুনিচু পাহাড়ি এলাকার আঁকাবাঁকা পথ। হাঁটতে নিনার খুব ভালো লাগছিল। মাত্র কয়েক ঘণ্টা আগে পরিচয় হলেও অনেক দিনের চেনা মনে হচ্ছিল একে অপরের কাছে।
-তা আপনার কোনো সাহেব আছে নাকি, না আপনিও আমার মতোই?
প্রশ্ন রাখল রাশেদ।
-একজন হওয়ার কথা ছিল, কিন্তু হয়ে উঠেনি। হঠাৎ তিনি আবিষ্কার করেছেন যে, ওনার অন্য কাউকে চাই।
-বাহ! কত দিনের পরিচয় ছিল?
-ছিল অনেক দিনের, পছন্দও শুরু থেকেই। যাক বাদ দিন, অতীত তার কবরেই থাকুক না।
-হুম, সেটাই ভালো। প্রসঙ্গটা আনার জন্য দুঃখিত।
-এনে আসলে ভালোই করেছেন। আমার সম্পর্কে জানলেন, আমিও আপনার সম্পর্কে জেনেছি।
-আমরা দুজনই মুক্ত মানুষ! একজন সাহেব ছাড়া আর একজন বেগম ছাড়া।
বেশ খানিকটা পথ হাঁটা হয়ে গিয়েছিল, এবার ফেরার পালা। ফিরতে ফিরতে দুজন বেশ ঘনিষ্ঠ হয়ে এল। এ ওর গায়ে ঘেঁষে ঘেঁষে হাঁটতে হাঁটতে কথা বলে হাসতে হাসতে বাড়ি ফিরে এল ওরা। রাত তখন বেশ, কিন্তু মাথার ওপরে সূর্য তখনো আলো ঝরাচ্ছে।
মুঠোফোনে সময় দেখে নিনা প্রশ্ন করল,
-আচ্ছা আপনাদের এখানে রাত কখন হবে?
-আজ রাতে তো রাত হবে না, মানে সূর্য ডুববে না।
-ওমা কেন?
-এটা ওনার মর্জি।
-তাহলে ঘুমাব কখন?
-এখনই ঘুমিয়ে পড়ব।
-এই ভর দুপুরে?
-হ্যাঁ তাই।
রাশেদ নিনাকে তার রুম দেখিয়ে দিল, ‘এখানে সব আছে, দেখে নিন। কিছু লাগলে আওয়াজ দেবেন।’
শোয়া মাত্র ঘুমিয়ে পড়ল রাশেদ।
শেষ রাতে নিনার স্পর্শে তার ঘুম ভেঙে গেল, ‘সে বলেছিল যে আমি নাকি তার যোগ্য নই!’
নিনার চোখে পানি। রাশেদ তার ঠোঁট দিয়ে ওর চোখের পানি মুছে দিল, চুমু খেল আলগোছে। আদরে আদরে ভাসিয়ে দিল তাকে।
-তুমি যেকোনো কারও জন্যই যোগ্য, সে-ই তোমার যোগ্য ছিল না।
তৃপ্ত নিনা ওকে জড়িয়ে ধরে ঘুম দিল। সকালে উঠে দুজন ফ্রেশ হয়ে আবার রওনা দিল শহরের দিকে। একটু পরে নিনার ফোন বেজে উঠল। চাপা স্বরে কথা চলল অনেকক্ষণ। ফোন রাখার পরে রাশেদের দিকে তাকিয়ে নিনা বলল।
-সেই উনি ফোন করেছিলেন, আমাকে ফেরত চাচ্ছেন। বিয়ে করতে চান।
রাশেদ কিছু বলল না।
-আমি রাজি হয়েছি, আবার একটা চান্স নিতে চাই।
রাশেদ কিছুই বলল না।
-তুমি কিছুই বলছ না কেন?
-বলার কিছু নেই বলেই বলছি না।
নিনা কিছু না বলে রাস্তার দিকে তাকিয়ে রইল।
-তবে যদি কোনো দিন ফ্রি হয়ে যাও তবে একটা নক করো।
-তুমি আমার জন্য অপেক্ষা করবে?
-তা জানি না, তবে আমি ফ্রি থাকলে একটা ওয়ান ওয়ে টিকিট কিনে স্টকহোম চলে এসো।