ওয়ার্ল্ড ওয়াইডের বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত

নিউইয়র্কে বাংলাদেশি মালিকানার ‘ওয়ার্ল্ড ওয়াইড ট্রাভেলস’-এর সাম্প্রতিক বিমান টিকিট প্রতারণার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে মামলার উদ্যোগ নেওয়া হচ্ছে। ৬ জুলাই ‘বাংলাদেশ সোসাইটি ইনক’-এর সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সোসাইটির সভাপতি কামাল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত ভুক্তভোগীদের পরামর্শ সভায় এমন সিদ্ধান্ত হয়।
সোসাইটির কর্মকর্তারা ছাড়াও সভায় একাধিক বাংলাদেশি অ্যাটর্নি ও আইনজীবী এবং শতাধিক ভুক্তভোগী প্রবাসী বাংলাদেশি উপস্থিত ছিলেন। সভাটি পরিচালনা করেন সোসাইটির সাধারণ সম্পাদক রুহুল আমীন সিদ্দিকী।
ওয়ার্ল্ড ওয়াইড ট্রাভেলসের প্রতারণায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের সমব্যথী হয়ে যুক্তরাষ্ট্রপ্রবাসী বাংলাদেশিদের আমব্রেলা সংগঠন হিসেবে পরিচিত ‘বাংলাদেশ সোসাইটি ইনক’ এবং বাংলাদেশি ব্যবসায়ীদের সবচেয়ে বড় সংগঠন ‘জ্যাকসন হাইটস বাংলাদেশ বিজনেস অ্যাসোসিয়েশন (জেবিবিএ) নিউইয়র্ক’ তাদের পাশে দাঁড়িয়েছে। জেবিবিএর সভাপতি জাকারিয়া মাসুদ জিকো বলেন, ‘ওয়ার্ল্ড ওয়াইড ট্রাভেল সার্ভিসেসের বিমান টিকিট কেলেঙ্কারির কারণে আমরা বিব্রত। জেবিবিএ আগামী সপ্তাহে সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে নিয়ে বৈঠকে বসে এ সমস্যা সমাধানের উদ্যোগ নেবে।’ তিনি জানান, ভুক্তভোগীদের সংখ্যা হাজারের বেশি হবে। অনেকে লিখিত অভিযোগ করেছেন বলেও তিনি জানান।
এ বিষয়ে নানা আইনি দিক নিয়ে বক্তব্য দেন অ্যাটর্নি নাজমুল আলম, অ্যাটর্নি ও ব্যারিস্টার মোস্তফা কামাল এবং আইনজীবী মজিবুর রহমান। সভায় ভুক্তভোগীরা ওয়ার্ল্ড ওয়াইড ট্রাভেলসের ঘটনাকে ‘পরিকল্পিত প্রতারণা’ হিসেবে তীব্র ক্ষোভের সঙ্গে উল্লেখ করেন। ভুক্তভোগীদের কয়েকজন নিউইয়র্ক থেকে প্রকাশিত কোনো কোনো সংবাদমাধ্যমের ভূমিকারও তীব্র সমালোচনা করেন।
পরে অ্যাটর্নি নাজমুল আলম উপস্থিত ভুক্তভোগীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। সাপ্তাহিক পরিচয় সম্পাদক নাজমুল আহসান ও সাপ্তাহিক সন্ধান সম্পাদক সনজীবন কে সরকারসহ অন্য সাংবাদিকেরা মিডিয়ার বিরুদ্ধে কোনো কোনো ভুক্তভোগীর অভিযোগের প্রতিবাদে বলেন, ‘ওয়ার্ল্ড ওয়াইড ট্রাভেলসের প্রতারণার খবর নিয়ে মিডিয়ার ভূমিকার বিষয়ে ঢালাও অভিযোগ করা সঠিক নয়। ভুক্তভোগীদের প্রতি গণমাধ্যমগুলোর সহমর্মিতা রয়েছে এবং মিডিয়া ওয়ার্ল্ড ওয়াইড ট্রাভেলসের প্রতারণার খবর কয়েকটি মাধ্যম শিরোনামও করেছে।
বাংলাদেশ সোসাইটির সমন্বয়ে ঐক্যবদ্ধভাবে ওয়ার্ল্ড ওয়াইড ট্রাভেলসের স্বত্বাধিকারী নামজুল হুদার বিরুদ্ধে মামলা করার বিষয়ে সভায় ঐকমত্য পোষণ করা হয়। প্রতারণার শিকার প্রবাসীদের পাশে দাঁড়ানোর জন্য বাংলাদেশ সোসাইটির উদ্যোগেরও প্রশংসা করেন তাঁরা। ‘ওয়ার্ল্ড ওয়াইড ট্রাভেলস’ থেকে অর্থ আদায় না হওয়া পর্যন্ত পাশে থাকার জন্য কমিউনিটির সকল কর্মকর্তা ও মিডিয়ার প্রতি তাঁরা অনুরোধ জানান। সভায় এয়ার টিকিট প্রতারণা সংশ্লিষ্ট সব দলিলপত্র সোসাইটির সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে হস্তান্তর করেন।
সভায় সোসাইটির অন্য কর্মকর্তাদের মধ্যে সিনিয়র সহসভাপতি আবদুর রহীম হাওলাদার, কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী, সাংস্কৃতিক সম্পাদক মনিকা রায়, স্কুল ও শিক্ষাবিষয়ক সম্পাদক আহসান হাবীব, কার্যকরী পরিষদ সদস্য ফারহানা চৌধুরী ও আবুল কাশেম চৌধুরী উপস্থিত ছিলেন। এ ছাড়া সভায় কমিউনিটির কয়েকজন বিশিষ্ট ব্যক্তি ছাড়াও শতাধিক ভুক্তভোগী প্রবাসী উপস্থিত ছিলেন। তাদের উপস্থিতিতে সভায় আসনসংকটে পড়তে হয় সোসাইটিকে। অনেকে দাঁড়িয়ে সভার কার্যক্রমে অংশ নেন এবং প্রত্যক্ষ করেন।

এদিকে সোসাইটি সূত্রে জানা গেছে, ৮ জুলাই শনিবার অনুষ্ঠেয় সোসাইটির কার্যকরী পরিষদ ও ট্রাস্টি বোর্ডের যৌথ সভায় ‘ওয়ার্ল্ড ওয়াইড ট্রাভেলস’-এর প্রতারণা সম্পর্কে করণীয় বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
উল্লেখ্য, ‘ওয়ার্ল্ড ওয়াইড ট্রাভেলস’ থেকে এমিরেটস এয়ারলাইনসের অগ্রিম টিকিট কেটেও পবিত্র ঈদুল ফিতরের আগে দেশে যেতে পারেননি অসংখ্য প্রবাসী বাংলাদেশি। ফলে ভুক্তভোগীরা নিউইয়র্কের ঐতিহ্যবাহী ট্রাভেল এজেন্সি ওয়ার্ল্ড ওয়াইড ট্রাভেলসের বিরুদ্ধে প্রতারণা অভিযোগ আনেন। ঘটনার পর থেকে ওয়ার্ল্ড ওয়াইড ট্রাভেলসের জ্যাকসন হাইটস ও জ্যামাইকাসহ পাঁচটি শাখা বন্ধ রয়েছে। প্রতিষ্ঠানটির কর্ণধার নাজমুল হুদা এবং কোনো কর্মকর্তা-কর্মচারীর দেখা-সাক্ষাৎ পাওয়া যাচ্ছে না।
অসহায় ও ভুক্তভোগী প্রবাসী বাংলাদেশি যাত্রীদের টিকিট বাতিলসহ পবিত্র ঈদুল ফিতরের আগে নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফেরত আসতে হয়। ঘটনার পর ‘ওয়ার্ল্ড ওয়াইড ট্রাভেলস’ স্বত্বাধিকারী নাজমুল হুদা টেক্সট ম্যাসেজে বিভিন্ন মিডিয়াকে জানান, ‘তিনি মাইল্ড হার্ট অ্যাটাকের শিকার’ এবং হাসপাতালে চিকিৎসাধীন। তিনি অসুস্থ থাকায় এ রকম ঘটনা ঘটেছে বলে তিনি দাবি করেন। এর পাশাপাশি প্রতিষ্ঠানের জ্যাকসন হাইটস শাখার ম্যানেজার সুমনের নীরবতাকেও দায়ী করেন তাঁরা। সুস্থ হয়ে ফিরে ভুক্তভোগী সবার অর্থ ফেরত দেবেন বলেও জোরের সঙ্গে দাবি করেন নাজমুল।