ওয়াশিংটন ডিসিতে আবৃত্তি সংগঠন সমস্বরের যাত্রা শুরু

ওয়াশিংটন ডিসিতে শুদ্ধ উচ্চারণ ও আবৃত্তি সংগঠন সমস্বরের যাত্রা শুরু হয়েছে। বাচিক শিল্পী অদিতি সাদিয়া রহমানের নেতৃত্বে আবৃত্তি শিল্পে শুদ্ধ উচ্চারণ, বাচনভঙ্গি, প্রক্ষেপণ ও কবিতার মর্মার্থ উপলব্ধির লক্ষ্যে ১৫ সেপ্টেম্বর সমস্বরের অভিষেক অনুষ্ঠিত হয়।
সংগঠনটির উদ্বোধন করেন ভয়েস অব আমেরিকার বাংলা বিভাগের প্রধান রোকেয়া হায়দার। তিনি উদ্বোধনী বক্তব্যে শুদ্ধ উচ্চারণের প্রয়োজনীয়তার ওপর আলোকপাত করেন।
জর্জ মেসন রিজিওনাল লাইব্রেরির মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানটিতে শুভেচ্ছা বাণী পাঠ করেন কবি ও সাংবাদিক আনিস আহমেদ। তিনি বলেন, সমস্বর ওয়াশিংটন ডিসিতে প্রথম বাংলা আবৃত্তি সংগঠন।
সমস্বরের পক্ষে অদিতি সাদিয়া রহমান স্বাগত বক্তব্যে সমস্বরের উদ্দেশ্য তুলে ধরে বলেন, কেবল আবৃত্তি অনুষ্ঠান আয়োজনই সমস্বরের মূল লক্ষ্য নয়, বরং সংগঠনটি ওয়াশিংটন ডিসিতে শুদ্ধ বাংলা উচ্চারণের আন্দোলন শুরু করতে চায়।
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মানবপ্রেম, সাম্যবাদ ও বিদ্রোহের অমর সৃষ্টি নিয়ে প্রযোজিত এই অনুষ্ঠানটির গ্রন্থনা ও পরিচালনায় ছিলেন অদিতি সাদিয়া রহমান। ‘অন্তর্যামী বিকশিতঃ অনন্ত সত্যে’ শীর্ষক এই আবৃত্তি আয়োজনে সমস্বরের যেসব সদস্যের প্রাণবন্ত অংশগ্রহণ উপস্থিত দর্শকদের মুগ্ধ করে তাঁরা হলেন—অদিতি সাদিয়া রহমান, আরিয়ানা এলাহী, কুলসুম আলম, তৌফিক হাসান, তারেক মেহ্দী, তিলক কর, মিজানুর রহমান খান, মো. শাহীনুর রহমান, রাহাত ই আফজা এবং সামারা এলাহী। পল ফেবিয়ান গোমেজের তবলার মূর্ছনা আবৃত্তি আয়োজনকে এক ভিন্নমাত্রা দেয়।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বটি সাজানো হয়েছিল আমন্ত্রিত বিশিষ্ট বাচিক শিল্পীদের পরিবেশনা দিয়ে। ভয়েস অব আমেরিকার বাংলা বিভাগের সাবেক প্রধান ইকবাল বাহার চৌধুরী ও সাংবাদিক সরকার কবির উদ্দিনের আবৃত্তি দর্শক-শ্রোতাদের মন ছুঁয়ে যায়।
ওয়াশিংটন ডিসির আরও যেসব বরেণ্য বাচিক শিল্পী এই পর্বে আবৃত্তি পরিবেশনা করেন তাঁরা হলেন—সিলিকা কণা, এ কে এম আসাদুজ্জামান, সাবরিনা চৌধুরী, এ কে এম খায়রুজ্জামান, স্বাতি সিনহা এবং শওকত খান দিপু।
নান্দনিক এই অনুষ্ঠান আয়োজনে সহযোগিতা করেছেন সুব্রত ধর, রায়হান এলাহী, মিজানুর রহমান, ইরাজ তালুকদার, মরিয়ম পারভীন ও ডেভিড রানা।