ওয়াশিংটন ডিসিতে দূতাবাসের উদ্যোগে একুশ উদ্যাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
একুশের অনুষ্ঠানে অতিথি ও বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তা–কর্মচারীরা
একুশের অনুষ্ঠানে অতিথি ও বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তা–কর্মচারীরা

বায়ান্নর মহান ভাষা আন্দোলনের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশের মধ্য দিয়ে ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসে ‘শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ উদ্‌যাপিত হয়েছে।
১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি সালাম, বরকত, রফিক, জব্বার, শফিকসহ অনেকে সেদিন ঢাকার রাজপথে বুকের রক্ত ঢেলে দিয়ে বাংলাকে তদানীন্তন পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠা করেছিলেন।
এরই ধারাবাহিকতায় বাংলাদেশ সরকারের প্রচেষ্টায় ১৯৯৯ সালের ১৭ নভেম্বর ইউনেসকো ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা দেয়।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বাংলাদেশসহ ১১টি দেশের শিল্পী দূতাবাসের বঙ্গবন্ধু অডিটোরিয়ামে সংগীত ও নৃত্য পরিবেশন করেন। দেশগুলো হচ্ছে—বাংলাদেশ, যুক্তরাষ্ট্র, আফগানিস্তান, কলম্বিয়া, রাশিয়া, নেপাল, ভারত, থাইল্যান্ড, প্যারাগুয়ে, ইউক্রেন ও শ্রীলঙ্কা।
অনুষ্ঠানে বাংলাদেশি কূটনীতিক মাহবুব হাসানের (সালেহ) লেখা একুশের কবিতা ‘একুশ আমার’ আবৃত্তি করেন মার্কিন কূটনীতিক ডেনিয়েল ব্যাকম্যান।
বিভিন্ন দেশের কূটনীতিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি এবং প্রবাসী বাংলাদেশিরা অনুষ্ঠানে অংশ নেন।
‘শহীদ দিবস’ উপলক্ষে দূতাবাসের কর্মকর্তা/কর্মচারীরা রাষ্ট্রদূতত মোহাম্মদ জিয়াউদ্দিনের নেতৃত্বে একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ শেষে শহীদদের স্মরণে কিছুক্ষণ নীরবতা পালন করেন।
সকালে রাষ্ট্রদূত জাতীয় পতাকা অর্ধনমিত করেন এবং বঙ্গবন্ধুর আবক্ষ মূর্তিতে পুষ্পস্তবক অর্পণ করেন। দূতাবাসের কর্মকর্তা ও কর্মচারীরা এতে অংশ নেন।
পরে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করা হয়। অনুষ্ঠানে ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
অপরাহ্ণে ওয়াশিংটন ডিসির সেক্রেটারি অব স্টেট কিমবারলে ব্যাসেট দূতাবাস প্রাঙ্গণে নবনির্মিত শহীদ মিনারের উদ্বোধন ও পুষ্পস্তবক অর্পণ করেন।
অনুষ্ঠানে রাষ্ট্রদূত জিয়াউদ্দিন বলেন, যেহেতু বাংলাদেশ একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ইউনেসকোর স্বীকৃতি আদায়ে মুখ্য ভূমিকা পালন করছে, সেহেতু বাংলাদেশকে শুধু বাংলা ভাষা নয়, পৃথিবীর অন্য ভাষাগুলোকেও সংরক্ষণের পবিত্র দায়িত্ব পালন করতে হবে।
রাষ্ট্রদূত বলেন, অন্য ভাষার প্রতি সম্মান প্রদর্শনের মাধ্যমে পারস্পরিক সমঝোতা, সহানুভূতি ও সংলাপের ভিত্তিতে আন্তর্জাতিক সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বৃদ্ধি পেতে পারে।