ওয়াশিংটন ডিসিতে প্রথমবারের মতো বাংলা বইমেলার আয়োজন

অন্তরে নিজের ভাষার জন্য লালন করা পরম মমতা প্রকাশের যেন আসর বসেছিল। একদল দেশ থেকে গিয়েছে সেখানে, আরেক দলের বসবাস সেখানেই। দুই পক্ষের মধ্যে সেতু রচনা করছিল একটি ভাষাই। আর সেই ভাষা বাংলাকে ঘিরেই সেখানে প্রকাশ ঘটে যত উচ্ছ্বাস আর ভালোবাসা। যুক্তরাষ্ট্রপ্রবাসী বাংলাদেশিদের সঙ্গে দেশ থেকে যাওয়া লেখক, সাহিত্যিকদের মেলা বসেছিল যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে।
গত ৩০ জুন ওয়াশিংটন মেট্রো এলাকার এনানডেলে প্রথমবারের মতো বসেছিল বাংলা বইয়ের মেলা। লেখক, প্রকাশক আর রাজধানীর আশপাশে বসবাস করা লোকজনের সমাগমে ব্যতিক্রমী হয়ে উঠেছিল ‘ডি সি বইমেলা ২০১৮’।
‘আমরা বাঙালী ফাউন্ডেশন’-এর সহায়তায় আয়োজিত এ বইমেলায় বাংলা একাডেমির মহাপরিচালক ড. শামসুজ্জামান খান ঘোষণা দিয়েছেন, আগামী বছর থেকে বাংলা একাডেমি ডি সি বইমেলাকে সরাসরি সহযোগিতা দেবে। ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাস থেকেও অব্যাহত সহযোগিতার প্রতিশ্রুতি এসেছে। ঢাকা থেকে এবারে আসা প্রকাশকদের সঙ্গে প্রথমাসহ অন্যান্য প্রভাবশালী প্রকাশনা প্রতিষ্ঠান ডি সি বইমেলায় যুক্ত হবে। প্রথম আলো উত্তর আমেরিকা ডি সি বইমেলা উপলক্ষে আগামী বছর বিশেষ প্রকাশনা বের করবে। এমন আশাবাদ আর উচ্ছ্বাসের মধ্য দিয়ে এক দিনের ডি সি বইমেলার সফল সমাপ্তি ঘটেছে।
বইমেলায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দিতে গিয়ে বাংলা একাডেমির মহাপরিচালক ড. শামসুজ্জামান খান বলেন, ‘আমেরিকার রাজধানী এলাকায় বাংলা বইয়ের উৎসব হচ্ছে বাঙালিদের অগ্রযাত্রার ফসল। ইতিহাস বলে, বাংলা ভাষা পর্তুগিজ, ইংরেজি, উর্দুর সঙ্গে লড়াই করে বিজয়ী হয়েছে। বাংলা সাহিত্যের অনুবাদ হলে অন্তত আরও ছয়-সাতজন বাঙালি সাহিত্যে নোবেল পদক পেতে পারতেন।’
বইমেলার প্রধান সমন্বয়ক স্থপতি আনোয়ার ইকবাল বলেছেন, প্রবাসীরা সব সময় অন্তরে লালন করেন বাংলা ভাষা ও সংস্কৃতির জন্য পরম মমতা। বেদনাও কাজ করে। বইমেলার মধ্য দিয়ে নিজেদের সমৃদ্ধ সাহিত্য আর সংস্কৃতিকে ঊর্ধ্বে তুলে ধরার প্রয়াস পাবেন প্রবাসীরা, এমন আশাবাদ প্রকাশ করেন তিনি।

যুক্তরাষ্ট্রের রাজধানীর উপকণ্ঠে সবুজঘেরা ছবির মতো শান্ত সুন্দর শহর এনানডেল বই মেলার আয়োজনে প্রবাসীদের পদভারে মুখরিত হয়ে ওঠে। বাংলা একাডেমির মহাপরিচালক, বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তা, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা থেকে শুরু করে দীর্ঘ প্রবাসজীবন কাটানো পেশাজীবীরা ছুটে এসেছিলেন বাংলা বইয়ের টানে। যুক্তরাজ্যসহ অন্য দেশগুলো থেকেও অংশগ্রহণ ছিল লক্ষণীয়। শুধু ডি সি বইমেলায় যোগ দিতে দূরের অঙ্গরাজ্য থেকে পরিবার নিয়ে মেলায় এসেছিলেন অনেকে।
মঙ্গল শোভাযাত্রা দিয়ে শুরু হয় বইমেলার আনুষ্ঠানিকতা। উদ্বোধন করেন বাংলা একাডেমির মহাপরিচালক ড. শামসুজ্জমান খান। স্বাগত বক্তব্য দেন আনোয়ার ইকবাল। মাননীয় প্রধানমন্ত্রী ও সংস্কৃতিমন্ত্রীর শুভেচ্ছাবাণী পাঠ করে শোনানো হয়। আতিয়া মাহজাবিন ও সামিনা আমিনের উপস্থাপনায় লেখক, প্রকাশক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বরা মঞ্চে কখনো বক্তব্য দেন, কখনো যোগ দেন আলাপচারিতায়।
দিনব্যাপী অনুষ্ঠানে যোগ দেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব বেলাল বেগ, রোকেয়া হায়দার, বাংলাদেশ দূতাবাসের কূটনীতিক কবি মাহবুব সালেহ, পৃষ্ঠপোষক মাযহারুল হক, দস্তগীর জাহাঙ্গীর, দেওয়ান আরশাদ আলী, অনামিশ্রা বড়ুয়া, ইশরাত সুলতানা, ইব্রাহীম চৌধুরী, জেসমীন চৌধুরী, কাজী জামান, আলপনা হাবিব, সন্তোষ বড়ুয়া, ড. আমীনুর রহমান, আশীফ এন্ত্রাজ, হারুনুর রশীদ চৌধুরী, ড. রুদ্র শংকর, ড. মাহবুব হক, হারেস সাঈদ, শেখ মিলন, শাহাব আহমেদ, অদিতি সাদিয়া রহমান, আল ফারুক, ডা. হুমায়ুন কবীর, ড. নাসরীন জেবিন, ফারজানা ইসলাম, মোস্তফা তানিম, ড. আব্দুন নুর, মিজানুর রহমান, হাসান মাহমুদ, আশরাফ আহমেদ, নাহিদ নাজিয়া, সাইদা সুলতানা, প্রকাশক ফরিদ আহমেদ, পারমিতা হিম, ফকির সেলিম, শাহদাত সবুজ, জীবক কুমার বড়ুয়া, মনজুর কাদের প্রমুখ।
বইমেলায় দিলারা হাশেমকে আজীবন এবং নুরজাহান বোসকে বিশেষ সম্মাননা তুলে দেন ‘আমরা বাঙালী ফাউন্ডেশন’-এর জীবক বড়ুয়া।

বইমেলাজুড়ে ছিল দেশে থেকে আসা বই, যুক্তরাষ্ট্রে প্রকাশিত বাংলা লেখকদের বই। লেখক মোস্তফা তানিম নিজেই স্টল দিয়েছেন। তাঁর বই কিনতে রীতিমতো লাইন পড়তে দেখা গেল। ছিল চিত্রপ্রদর্শনী। স্থানীয় শিল্পীদের আঁকা চিত্র শিল্প আর প্রদর্শনী ঘুরে দেখেছেন প্রবাসীরা।
কবি রুদ্র শংকর ‘বাঙালীর বঙ্গবন্ধু’ শিরোনামে কবিতা পাঠ করেন। তিনি উচ্চারণ করেন, ‘বীরের কখনো মৃত্যু হয় না জানি/ আমরা ভুলিনি মৃত শহীদের শোক/ তোমার স্বপ্নে আমরা স্বপ্ন দেখি/ বাঙালি জীবনে মুক্তির কথা হোক...’
বইমেলায় আগত প্রবাসীরা দাঁড়িয়ে কবি রুদ্র শংকরকে অভিবাদন জানান। প্রথম আলোর সঙ্গে আলাপচারিতায় এ কবি পশ্চিমবঙ্গে তাঁর কবি হয়ে ওঠার গল্প শোনান। নিজে বিজ্ঞানী হলেও বাংলা কবিতায় নিজের সত্তা খুঁজে পান বলে জানালেন।
বইমেলায় লেখক ডা. হুমায়ুন কবির বলেন, ‘আমি পাঠকদের খুশি করার জন্য লিখি না। লিখি নিজের তাগিদে।’
যুক্তরাজ্য থেকে যোগ দেওয়া লেখক জেসমীন চৌধুরী বলেন, ‘নিজের জীবনের যন্ত্রণা বহন করছি। এ যন্ত্রণা থেকেই লিখি।’
ঢাকার স্বনামধন্য প্রকাশনা সংস্থা সময়-এর ফরিদ আহমেদ ডি সি বইমেলাকে বললেন সম্ভাবনাময়। সময় প্রকাশনার স্টলে কবি আবু রায়হানকে ক্রেতা সামাল দিতে হিমশিম খেতে দেখা গেছে।
বইমেলা আয়োজকদের সঙ্গে প্রথম আলো উত্তর আমেরিকার মতবিনিময় হয়। আগামী মেলায় প্রথমা প্রকাশনার উপস্থিতি এবং প্রথম আলো উত্তর আমেরিকা বইমেলা উপলক্ষে বিশেষ প্রকাশনা ডি সি বইমেলাকে সমৃদ্ধ করবে বলে আয়োজকেরা মনে করেন।
বইমেলা উপলক্ষে ‘দীপালিকা’ নামের একটি মানসম্পন্ন প্রকাশনা মেলায় আগত লোকজনের হাতে তুলে দেওয়া হয়। দিনভর বইমেলায় সময়, অনন্যা, ঘুংঘুর, আদর্শ, আমরা বাংগালী, ইতি প্রকাশন, আলাপন, প্রিয়মুখী, গণ প্রকাশনা, আহমেদীয়া মুসলিম কমিউনিটি, জর্জিয়া থেকে যোগ দেওয়া সেবা লাইব্রেরি, নিউইয়র্কের ছড়াটে, পুথি নিলয় ঘিরে ছিল পাঠক-ক্রেতাদের ভিড়।
মূল মঞ্চের বাইরে লেখককুঞ্জে ছিল লেখক পাঠকদের খোলামেলা আলোচনা। হালকা খাবারের সঙ্গে দীর্ঘ আলাপে মেতে ছিলেন কোনো কোনো লেখক। অনেকেই যোগ দেন বাংলা ভাষা আর সংস্কৃতির প্রতি তাঁদের নাড়ির টানে।

প্রবাসীবহুল নিউইয়র্কের বাইরে যুক্তরাষ্ট্রের রাজধানী এলাকায় এমন মেলা যুক্তরাষ্ট্রে বাংলাভাষীদের জন্য নতুন মাত্রা বলে মনে করেন মেলায় আসা রাহবীন চৌধুরী।
মেলায় যোগ দেওয়া ডা. খালেকুজ্জমান বলেন, ‘আমাদের আত্মপরিচয় যে আমরা হারাব না—এর প্রমাণ বইমেলা নিয়ে প্রবাসীদের উচ্ছ্বাস।’
অনুষ্ঠানের শেষ দিকে সস্ত্রীক উপস্থিত হন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ। প্রথম আলো উত্তর আমেরিকার পক্ষ থেকে করা এক প্রশ্নের জবাবে তিনি জানান, ওয়াশিংটন ডিসির উপকণ্ঠে নিতান্তই অবসর সময় কাটাচ্ছেন তিনি।
ডি সি বইমেলা শেষের পরদিন ১ জুলাই ‘আমরা বাঙালী ফাউন্ডেশন’-এর সভাপতি জীবক বড়ুয়া এক বিবৃতিতে জানান, পরের ডি সি বইমেলা ২০১৯ সালের ২৯ জুন অনুষ্ঠিত হবে। শিগগিরই এ ব্যাপারে একটি কমিটি ঘোষণা করে কাজ শুরু করা হবে।