ওয়াশিংটন ডিসির বাংলা ঘর
রোববার সন্ধ্যায় যে আড্ডাটা হলো তাকে আমি বছরের সেরা শিষ্ট আড্ডা হিসেবে কবুল করলাম। বছরের আর পঁচিশটি দিন বাকি আছে, এর মধ্যে আরেকটা শিষ্ট আড্ডা এসে টেক্কা দেবে বলে ভরসা হয় না।
এই আড্ডার নাম হতে পারত “কাড্ডা”। কেন? সে কথায় পরে আসছি। আড্ডাটার উপকরণের মধ্যে ছিল এই সব- স্বরচিত কবিতা পাঠ, পরচিত (পর-রচিত) কবিতা আবৃত্তি, খালি গলায় গান, কৌতুক, জ্ঞানগর্ভ এবং শূন্যগর্ভ— উভয় ধরনের আলোচনা। আর অত্যাবশ্যকীয় হিসেবে ছিল উত্তেজিত তর্ক-বিতর্ক এবং খাদ্য রস। খাদ্য রস ছাড়া বাঙালির আড্ডা জমে না। আড্ডা চলাকালীন ঘরে বানানো নাশতা-পানি, চা-শরবত, আড্ডা উত্তর উপাদেয় বিরানী জাতীয় খাদ্য এবং সর্বশেষ ভিজা পিঠা (ভেজানো চিতই পিঠা, দুধ-চিতই বলাতে একজন সংশোধন করে দিয়ে বললেন, মানিকগঞ্জে এটাকে ভিজা পিঠা বলে। ওদিকে দেখলাম কে যেন দুধ-কদু প্রসঙ্গে হাসাহাসি করছে) কোনো কিছুরই অভাব ছিল না। স্থান, না ঢাকা শহর নয়, ওয়াশিংটন ডিসির উপকণ্ঠ, যাকে বলে গ্রেটার ওয়াশিংটন।
নতুন কিছুই নয়, এমন অনেক ভালো খাবারের কত আয়োজন হচ্ছে, গান-কবিতা, কৌতুক ও কঠিন বচসা সুন্দরভাবে হয়ে যাচ্ছে। পরিকল্পনা মাফিক কাঁপা গলায় কবিতা, মাপা গলায় গান, আর খ্যাপা জিভে ভোজ সব সময়ই হয়। এতে বৈচিত্র্য কিছু নাই। মধ্যে মধ্যে হাততালি দিতে হয়, “বাহ বেশ” বলতে হয়। বৈচিত্র্যটা আসে এসবের ফাঁকে ফাঁকে যে কথা হয়, তা থেকে। একজন গাঁইগুঁই করছিল, তার নাকি কবিতা রেডি নাই আজকে। তাকে বলা হলো, এটা “কবিখা” প্রজেক্ট, মানে কবিতার বিনিময়ে খাদ্য। কাজেই কবিতা পড়তেই হবে। আরেকজনকে “কৌবিখা”র সুযোগ দেওয়া হলো। তিনি কৌতুক জানতেন, তাই তিনিও খাবার পেলেন। এর মধ্যে আবেদীন সাহেব অনুযোগের সূরে বললেন, আপনারা রবীন্দ্রনাথ নিয়ে পড়ে আছেন, কিন্তু নজরুল নিয়ে বেশি কিছু করেন না কেন? নজরুল তো আমার মনে হয় আরও বেশি শক্তিশালী। উত্তপ্ত আলোচনার এমন উসকানির জন্য তাওয়া খুব গরম ছিল। কারও তর সইছে না। কে আগে মোক্ষম যুক্তিটা বলে ব্যাপারটা মিটিয়ে দেবে, তার প্রতিযোগিতাই বলা যায়। সেটা ঝগড়া-ঝাঁটি বা হাতা গুটানোর পর্যায়ে পৌঁছাল না। একজন বাকপটু ভদ্রলোক উদাহরণ দিয়ে বোঝালেন, “রবীন্দ্রনাথ মনে করেন গোলাপ ফুল, নজরুল রজনীগন্ধা। দু’জনেই ফুল, কোন ফুলকে আপনি ভালো বলবেন?”
জালাল সাহেব তাড়াতাড়ি কাব্য মূল্য থেকে দ্রব্য মূল্যে চলে এলেন। তার যেকোনো জিনিসের দাম জানা। বললেন, “বাজারে গোলাপ ফুলের দাম বেশি, ফুল টকটকে লাল হলে দাম আরও বেশি, ম্যাড়মেড়ে লালটা কম দামে পাওয়া যায়।”
মুকতাদির ভাই তাঁকে চেনেন না, তাই প্রশ্ন করলেন, “আপনি কার জন্য ফুল কেনেন এত? কোন ফুলের দাম বেশি আর কোনটার কম আমরা তো জানি না!” এটা একটা কথার ঢং, আমরা, মানে আপনি বাদে বাকি সবাই। অথচ খোঁজ নিলে দেখা যাবে প্রায় সবাই ফুলের বাজার মূল্য জানে। অদূরেই তাঁর অর্ধাঙ্গিনী বসে ছিলেন। তিনি আগুন দৃষ্টিতে তাকালেন। ফুল কেনার জন্য, নাকি এরকম একটা বেফাঁস কথা বলার জন্য, তা বোঝা গেল না।
যা হোক, শাখা-প্রশাখা বৃদ্ধি পাওয়া জীবের, নদীর ও আড্ডার একটা প্রধান ধর্ম। আড্ডার ক্ষেত্রে শাখা-প্রশাখা অনিবার্য। তারা সংখ্যায় প্রায় অসীম। তাতে বৈচিত্র্য আসে, কষ্ট লাঘব হয়, কিন্তু এক বিষয়ে পরিণতি আসে না, জ্ঞান অর্জন করা যায় না।
তারপর কে যেন অপরূপা নিয়ে কবিতা পড়ল। সবাই হাততালি ও প্রশংসা দিল বরাবরের মতোই। সেই সুবাদে প্রশ্ন এল, “অপ” যোগ করলে সব বাংলা শব্দ খারাপ অর্থে পরিণত হয়। কিন্তু রূপ বা রুপার সাথে “অপ” যোগ করলে খারাপ না হয়ে তার রূপ বেড়ে যায় কেন? কথা সত্য। “অপকর্ম” খারাপ, “অপঘাত” খারাপ, “অপহরণ” খারাপ। কোন “অপ” খারাপ না সেটা তৎক্ষণাৎ কেউ খুঁজে পেল না। বাংলা ভাষা বিশেষজ্ঞ হিসেবে কামাল সাহেব এগিয়ে এলেন। তিনি প্রায় ক্লাস রুমের শিক্ষকের মতো ঝাড়া একটা ব্যাখ্যা দিয়ে দিলেন। “অপ বাংলা ভাষায় একটা উপসর্গ। উপসর্গ শব্দের অর্থকে পরিবর্তন, পরিবর্ধন অথবা সংকোচন করে।” বহুদিন পর এমন শাস্ত্র মোতাবেক অর্থ পেয়ে সবাইকে খুশি এবং কিছুটা বাকরুদ্ধও বলে মনে হলো। তারপর কামাল সাহেব বললেন, “অপরূপ” এর আগে যে “অপ” আছে সেটা উপসর্গ না। অপরূপ নিজেই একটা শব্দ। মনে ধরল না। রূপ যদি একটা শব্দ না হতো, তাহলে অপরূপ একটা মৌলিক শব্দ হতে পারত। কিন্তু রূপ একটা শব্দ, কাজেই তার সামনের “অপ” টার উপসর্গ হওয়ারই সম্ভাবনা বেশি। কিন্তু আলাপ একটা শব্দের ওপরে যেন ঘুরপাক না খায় এ জন্যেই কিনা তালেব নামের জনৈক কবি বেশ জোরে শোরেই মেনে নিলেন, দেখাদেখি অন্যরাও।
আরও দুটি শব্দ নিয়ে ওয়াশিংটন ডিসি এলাকায় যে কি গভীর পর্যালোচনা হতে পারে, সেটা হয়তো সহজে অনুমেয় নয়। শব্দ দুটি হলো “খাজুইরা” আর “আজাইরা”। দুটার মানে কি এক, না কি কাছাকাছি , নাকি ভিন্ন? বহু আলোচনা, বহু পর্যালোচনা। শেষে সাব্যস্ত হলো, খাজুইরা আলাপ হলো নির্দোষ, শুধু কালক্ষেপণের জন্য। কিন্ত আজাইরা আলাপের মধ্যে দোষ থাকতে পারে, আপত্তিজনক হতে পারে। পরে গৃহকর্তা মোটা অভিধান খুলে বললেন, আজাইরা বলে এখানে কিছু নেই, “আজুড়ে” আছে। তার মানে বেহুদা বা অত্যধিক। ফারসি শব্দ, উদাহরণ দেওয়া আছে “তোমার যত আজুড়ে ভয়”। সেখান থেকেই আজাইরা এসেছে নাকি? সবাই নির্দ্বিধায় বলল, ওইটাই হবে, ওইটাই হবে।
আজাইরা বা খাজুইরা যেভাবেই সংজ্ঞা দেওয়া হোক না কেন, আলাপ এগিয়ে চলল। প্রশ্ন এল, কোন বয়সে কবিতা লেখা শুরু করা উচিত? একজন সতেরো বছর বয়সী কবি যে কবিতা লিখতে পারবে, তার যে প্রেমের অনুভূতি তা কি একজন ষাট বছর বয়সী কবির হবে? উত্তপ্ত আলোচনার মোক্ষম টপিক। যাঁরা সেখানে “কবি” ছিলেন, তাদের সবার বয়স সতেরোর ওপরে, সতেরোকে দুই দিয়ে গুন করার পরেও তালিকায় কাউকে পাওয়া যাবে না, তিন দিয়ে গুণ করে একজনকে পাওয়া যেতে পারে, এমন অবস্থা। যাই হোক, অনেক উদাহরণ, ব্যাখ্যা এসবের পরে একজন নিতান্ত দুঃসাহসী “কবি” বললেন, আমি এখনো সতেরো বছর বয়সের তরুণের মতো প্রেমে পড়তে পারি। যেমন আজকে ট্রেনে আসার সময় ঠিক আমার সামনে একটা মেয়ে বসেছিল। সে কার সঙ্গে যেন ফোনে কথা বলার পর অঝোর নয়নে কান্না করছিল। “কবি” বললেন, ‘আমি ট্রেন থেকে নেমে একটা ঘোরের মধ্যে চলে গেলাম। ঠিক একটা কিশোর ছেলের মতোই ওই সুনয়না ক্রন্দসীর কথা চিন্তা করতে লাগলাম। আমার মনে হলো আমি তার প্রেমে পড়ে গেছি। কিন্তু তখন ট্রেন চলে গেছে, সুনয়নাও চলে গেছে। তাই অগত্যা ভারাক্রান্ত মনে বাড়ি ফিরতে হলো।’ তার গলার স্বর সত্যিই খানিকটা ভারাক্রান্ত শোনাল। এমন কোমল হৃদয় কবিরা কেন যে কষ্ট পাওয়ার জন্য বাসা থেকে বের হন, সেটা বলতে গিয়েও বলা হলো না। কবির প্রেমের ব্যাপারটা কেউ তেমন আমলে আনল না, কারণ তখনই আরেক মুখোরোচক বিষয় এসে গেল। এই আড্ডা গ্রুপের একটা নাম দেওয়া যায় না? যায় না মানে? এত কবি, সংগীত শিল্পী, বাচিক শিল্পী যেখানে জড়ো হয়েছে, সেখানে নাম একটা সমস্যা? বহু নাম আসতে থাকল, বলা যায় নামের বন্যা বয়ে গেল। যেমন, “সবাই সতেরো”, “সতেরোয় শুরু” (প্রবীণ কেউ বললেন, মানে দু’ হাজার সতেরোতে আরকি)। তারপর একজন বললেন, “খোঁয়াড়” দিলে কেমন হয়? কারণ হিসেবে দেখালেন, অনেক কবি রাস্তায় ঘুরে বেড়াচ্ছিল, তাদেরকে এই গ্রুপে ধরে এনে শায়েস্তা করা হচ্ছে। আরেকজন প্রস্তাব করলেন, কবিতার আড্ডা, সংক্ষেপে “কাড্ডা”। বেয়ারা গোছের জুয়েল এবং রিপন সঙ্গে সঙ্গেই প্রবল উৎসাহে রাজি হয়ে গেল। তাতে সবচেয়ে শিষ্ট, প্রমিত ভাষার ইকবাল ভাই আঁতকে উঠলেন। তিনি প্রায় চিৎকার করে বললেন, না, না, কাড্ডা দেওয়া যাবে না। একজন বলল, “কেন? আমার বাড়ি তো বাড্ডায়। তাহলে কি বাড্ডা শব্দটা খারাপ?”
“শব্দের ভালো খারাপ নেই মানি, কিন্তু কাড্ডা না। একটু কাব্যিক কিছু হতে হবে।” কেউ একজন ছড়া বানিয়ে বলল, “যারা থাকে বাড্ডায় তারা আসে কাড্ডায়।” আরেকজন “বাংলা ঘর” বলাতেই ইকবাল ভাই দেরি না করে সেটা লুফে নিলেন, “এ তো খুবই ভালো শোনাচ্ছে, বাংলা শব্দটাও আছে এর মধ্যে।” কিন্তু সবাই বুঝল আসল কারণ কাড্ডা যেন না চলে আসে। এইরকম একটা গাড্ডার মধ্যে খাওয়া শুরু হলো। মুখোরোচক খাওয়া সব জ্ঞানগর্ভ আলোচনা এবং কুট-তর্কের পরিসমাপ্তি টানতে পারে, এ কথা সবার জানা। এই আড্ডার নাম শেষে কি হবে জানি না, তবে ওয়াশিংটন ডি সি এলাকায় যেমন বাংলা ঘর বসানোর পাঁয়তারা চলছে, তাতে আমেরিকা আর বেশিদিন আমেরিকা থাকবে বলে মনে হয় না। ট্রাম্প এটা বুঝতে পেরেই তো এত লম্ফঝম্প শুরু করেছে।
রচনাকাল: ডিসেম্বর ৩, ২০১৭
(পাদটীকা: নামগুলি ছদ্ম, যেন কে কী বলেছিল সেটা চাউর না হয়ে যায়। পরিশেষে “বাংলা ঘর” নামই রাখা হয়। আরও অনেকেই এতে যুক্ত হয়েছেন। মাসিক একটা আড্ডা হয়। নিচের ছবির মানুষগুলো বাংলা ঘরের সূচনালগ্নের কয়েকজন আড্ডাবাজ।)