
আমেরিকান বাংলাদেশিদের স্বপ্ন পূরণের অঙ্গীকার নিয়ে বৃহত্তর ওয়াশিংটনে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হলো আমেরিকান বাংলাদেশি ফ্রেন্ডশিপ সোসাইটির। ১৫ অক্টোবর দুপুরে ভার্জিনিয়ার স্প্রিংফিল্ডের ডেরা রেস্টুরেন্টে এক মতবিনিময় সভার মধ্য দিয়ে সোসাইটির এ যাত্রা শুরু হয়।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সংগঠনের উদ্যোক্তা জি আই রাসেল। সভা পরিচালনা করেন জুয়েল বড়ুয়া। উপস্থিত ছিলেন সাদেক এম খান, মনির পাটোয়ারী, মনির হোসেন, মোস্তাফিজুর রহমান রনি ও জাহিদ হোসেন। এতে বক্তৃতা করেন রফিক পারভেজ, শেখ সেলিম, অমর ইসলাম, মোশারফ হোসাইন দুলাল, আনসিুর রহমান, জাহিদুল ইসলাম, জাহিদ ইমন, দস্তগীর জাহাঙ্গীর, ইকবাল চৌধুরী, শামীম হায়দার, কামরুল ইসলাম কামাল, মজনু মিয়া, হারুনুর রশীদ বাবু, সিদ্দিকুর রহমান, জেবা রাসেল, আনোয়ার হোসাইন, মিশা বিনতে ইসলাম, মোস্তাফিজুর রহমান কাজল, ওসমান খান মুন্সী প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতেই জি আই রাসেল শুভেচ্ছা বক্তব্যে বলেন, ‘আমেরিকান বাংলাদেশি ফ্রেন্ডশিপ সোসাইটি ২০১৪ সাল থেকে বৃহত্তর ওয়াশিংটন এলাকায় নিবন্ধিত ও তালিকাভুক্ত হয়ে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড চালিয়ে আসছে। বন্যার্ত ও রোহিঙ্গাদের জন্য সাহায্য ও অনুদান প্রদানসহ বিভিন্ন চ্যারিটি তহবিলে সাহায্য সহযোগিতা করে আসছে। তিনি বলেন, ২০০৯ ও ২০১১ সালে ওয়াশিংটনের মাটিতে আমরা ফেডারেশন অব বাংলাদেশি অ্যাসোসিয়েশন ইন নর্থ আমেরিকা যা ফোবানার দুটি সফল সম্মেলন উপহার দিয়েছি। উত্তর আমেরিকায় বসবাসরত বাংলাদেশিদের সবচেয়ে বড় সংগঠন এটি। অথচ এখন এই ফোবানা দুটি ভাগে বিভক্ত হয়ে দীর্ঘদিন ধরেই উত্তর আমেরিকায় কাজ করে আসছে। দীর্ঘদিন ধরেই এই বিভক্ত ফোবানাকে ঐক্যবদ্ধ করার প্রক্রিয়া অব্যাহত আছে।
জি আই রাসেল বলেন, ২০১৬ সালে ওয়াশিংটনে ফোবানা সম্মেলন হওয়ার পর ফোবানাকে আবারও ঐক্যবদ্ধ করার প্রক্রিয়া শুরু হয়েছে। সেই প্রক্রিয়ার মধ্যে দুটি প্রক্রিয়া ছিল বিশেষভাবে উল্লেখযোগ্য। দুটি বিভক্ত ফোবানাকে ঐক্যবদ্ধ করে এক ছাতার তলে আনা এবং সেটি যদি সম্ভব না হয়, তাহলে অন্তত ওয়াশিংটনবাসীকে ঐক্যবদ্ধ করে একটি ফোবানার পতাকাতলে সবাইকে নিয়ে আসা।
রাসেল বলেন, এ বছর কলম্বাস ডে উইকেন্ডে ফ্লোরিডার মায়ামিতে অনুষ্ঠিত ফোবানা সম্মেলনেও আমেরিকান বাংলাদেশ ফ্রেন্ডশিপ সোসাইটি অংশগ্রহণ করে এবং ভোটাভুটির মাধ্যমে সদস্য সংগঠন হিসাবে অন্তর্ভুক্ত হয়। ২০১৫ সাল থেকেই আমেরিকান বাংলাদেশ ফ্রেন্ডশিপ সোসাইটি ফোবানার সদস্য সংগঠন। তিনি বলেন, ‘আমরা আমাদের সংগঠনের একটি শক্তিশালী কমিটি করে ২০১৮ সালে আটলান্টায় অনুষ্ঠিত ফোবানা সম্মেলনে অংশগ্রহণ করব এবং ওয়াশিংটনে ২০২০ সালে ফোবানা সম্মেলন করার জন্য কর্তৃপক্ষের কাছে আবেদন করব।’
সভায় মনির পাটোয়ারী সভায় উপস্থিত সংগঠনের সদস্যদের উদ্দেশ্যে বলেন, চার বছর ধরে বৃহত্তর ওয়াশিংটনে আমেরিকান বাংলাদেশ ফ্রেন্ডশিপ সোসাইটি (এবিএসএফ) নীরবে কাজ করে আসছে। তবে এই প্রথমবারের মতো একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করার প্রয়োজনীয়তা অনুভব করার পরই আমরা সবাইকে ডেকেছি। খোলামেলা আলাপ-আলোচনা আর মতামতের মাধ্যমে কমিটি গঠন করতে চাই।’
সভায় বক্তারা বৃহত্তর ওয়াশিংটনে সব ধর্মের মানুষের জন্য কবরস্থান, অসহায় মানুষের কর্মসংস্থান বাসস্থান ও কমিটি গঠন প্রক্রিয়া নিয়ে নানা মত প্রকাশ করেন এবং উদ্যোক্তাদের প্রতি সংগঠনের আদর্শ উদ্দেশ্য নিয়ে বিভিন্ন প্রশ্ন রাখেন। মতবিনিময় সভায় বক্তাদের প্রশ্নগুলোর জবাব দেন মনির পাটোয়ারী, মোস্তাফিজুর রহমান রনি ও মনির হোসেন। সভা শেষে আমেরিকান বাংলাদেশি ফ্রেন্ডশিপ সোসাইটির কর্মকর্তারা বলেন, এ মাসের মধ্যেই সোসাইটির একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে এবং আগামী নভেম্বর মাসের কোনো এক দিনে কমিটির শপথগ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হবে।