ওয়াশিংটনে ডুয়াফির কার্যক্রম শুরু
ভয়েস অফ আমেরিকায় কর্মরত সাংবাদিক শতরূপা বড়ুয়াকে সভাপতি ও অণুজীব বিজ্ঞানী ইসরাত সুলতানাকে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দিয়ে যুক্তরাষ্ট্রের বৃহত্তর ওয়াশিংটন ডিসি এলাকাভিত্তিক সংগঠন ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই ফোরাম ইনকর্পোরেটেডের (ডুয়াফি) নবনির্বাচিত পরিচালনা পরিষদ নতুন বছরের প্রথম দিন থেকে কাজ শুরু করেছে।
দুবছর (২০২১-২০২২) মেয়াদি পাঁচ সদস্যের এই বোর্ডের অন্য সদস্যরা হলেন—সহসভাপতি পদে মন্টেগোমারি কলেজের সংযুক্ত অধ্যাপক আবদুল কাইউম খান, যুগ্ম সম্পাদক পদে ব্যাংকার ইরাজ তালুকদার ও ট্রেজারার পদে ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথে স্টাফ সায়েন্টিস্ট হিসেবে কর্মরত নাজমুল হক।
ডুয়াফির নবনির্বাচিত প্রেসিডেন্ট শতরূপা বড়ুয়া মনে করেন, আগামী দুবছর সংগঠন হিসেবে ডুয়াফির জন্য খুব গুরুত্বপূর্ণ। বিশেষ করে ২০২১ সাল। কেননা, বছরটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষ পূর্তি ও বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর বছর।
ছাত্র-ছাত্রীদের নানা প্রয়োজনে পাশে থাকার ও নিজেদের মধ্যে ভাববিনিময় এবং সামাজিক ও সাংস্কৃতিক মিলনমেলা হিসেবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন নবনির্বাচিত বোর্ড সদস্যরা। নতুন কমিটির সদস্যরা তাদের ওপর অর্পিত দায়িত্ব সবার সহযোগিতা নিয়ে যথাযথভাবে পালন করবেন বলেও প্রতিশ্রুতি দেন।