ওয়াশিংটনে বাঙালিদের বড়দিন উদ্যাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বড়দিনে ওয়াশিংটনে প্রবাসি বাংলাদেশিরা
বড়দিনে ওয়াশিংটনে প্রবাসি বাংলাদেশিরা

মেট্রো ওয়াশিংটনের প্রবাসী বাঙালিরা বড়দিন উৎসব উদ্‌যাপন করেছেন। দেশীয় সাজে নারী-পুরুষ ও শিশুরা পবিত্র খ্রিষ্টযাগে অংশ নেয়। স্থানীয় গির্জাগুলোতে বড়দিন উপলক্ষে চলে বিশেষ প্রার্থনা। এই প্রার্থনায় আমেরিকানদের সঙ্গে প্রবাসী বাংলাদেশিরা অংশ নেয়।
বড়দিনের আগের রাতে গির্জাগুলোতে মধ্যরাত অবধি চলে বিশেষ প্রার্থনা। স্থানীয় সেন্ট ক্যামিলাস চার্চে উল্লেখযোগ্যসংখ্যক প্রবাসী বাংলাদেশি অংশ নেয়। এই সময় অন্যান্য ভাষার সঙ্গে বাংলায় গান পরিবেশন করে বাঙালি কয়্যার গ্রুপ।

সেন্ট ক্যামিলাস ক্যাথলিক চার্চ, সেন্ট মার্ক ক্যাথলিক চার্চ ও সেন্ট জন দা ব্যাপ্টিস্ট ক্যাথলিক চার্চে বিপুলসংখ্যক বাংলাদেশি অংশ নেয়। সেন্ট ক্যামিলাস চার্চের পালক পুরোহিত ব্রাদার ক্রিস তাঁর উপদেশ বাণীতে সারা বিশ্বের সব মানুষের মঙ্গল কামনা করে বলেন, ‘যিশু এসেছিলেন মানবজাতির মুক্তির লগ্নে।’ তিন বিশ্বশান্তি কামনা করে সবাইকে প্রার্থনা করার আহ্বান জানান। খ্রিষ্টযাগে বাংলা গান একটি বিশেষ পরিবেশ সৃষ্টি করে।

খ্রিষ্টযাগ শেষে ব্রাদার ক্রিস বলেন, ‘আমি খুব খুশি যে আমার চার্চে প্রচুরসংখ্যক বিভিন্ন ভাষাভাষী ও জাতির মানুষ একত্রে অংশ নিয়েছে।’

বাঙালি অধ্যুষিত এলাকা মেট্রো ওয়াশিংটনে বড়দিন উদ্‌যাপন করতে বিভিন্ন অঙ্গরাজ্য থেকে অনেকে আসেন। স্থানীয় প্রবাসী জেরোম পবিত্র রোজারিও বলেন, ‘আমরা স্থানীয় জনগণের সঙ্গে একসঙ্গে আমাদের বাঙালি ঐতিহ্যকে ধরে রাখতে চাই।’

বড়দিন উপলক্ষে স্থানীয় সামাজিক সংগঠন বাংলাদেশ খ্রিষ্টান অ্যাসোসিয়েশন, বাঙালি-আমেরিকান খ্রিষ্টান অ্যাসোসিয়েশন ও ইছামতি ডিসেম্বরের শুরুতে বাড়ি বাড়ি কীর্তন গেয়ে যিশুর জন্ম বার্তা ঘরে ঘরে পৌঁছে দেন। কীর্তনে সব বয়েসের মানুষেরা অংশ নেয়। বড়দিন উপলক্ষে সংগঠনগুলো তাদের মুখপাত্র প্রকাশ করে এবং বড়দিন পুনর্মিলনীর আয়োজন করে।

বড়দিনের আনন্দে বাড়ি, দোকানপাটসহ বিভিন্ন স্থাপনায় আলোকসজ্জা করা হয়। বাড়িতে বাড়িতে শোভা পাচ্ছিল প্রতীকী গোশালা ও শান্তার ছবি। এই সময় প্রতি বাড়িতে বাংলার ঐতিহ্যবাহী ফিলিস পিঠা, কাকন পিঠা, বিভিক্ষা পিঠা, চিতই পিঠা, চিরুনি পিঠা তৈরি করা হয়। মুক্তি গোমেজ বলেন, ‘বড়দিন মানেই নানা ধরনের পিঠা দিয়ে অতিথি আপ্যায়ন। প্রবাসেও এ ঐতিহ্যকে ধরে রাখতে পেরে আমি খুব খুশি।’

বিপুল এলিট গনছালভেসের বাড়িতে আন্তঃধর্মীয় বড়দিন উৎসব পালন করা হয়। আবু রুমি-পারভীন, কচি খান-রিমি ও মোস্তফা-পারভীন দম্পতি এতে অংশগ্রহণ করেন। এ ছাড়া বড়দিন উপলক্ষে সাহিত্য ও সাংস্কৃতিক ফোরাম বড়দিন টিভি অনুষ্ঠান ‘প্রবাসের মাটিতে বড়দিন আনন্দমেলা’ নির্মাণ করে। এতে স্থানীয় প্রবাসীরা অংশগ্রহণ করেন।