ওয়াশিংটনে বিসিসিডিআই বাংলা স্কুলের পিঠা উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ওয়াশিংটনে বিসিসিডিআই বাংলা স্কুলের পিঠা উৎসবে প্রবাসী বাংলাদেশিরা
ওয়াশিংটনে বিসিসিডিআই বাংলা স্কুলের পিঠা উৎসবে প্রবাসী বাংলাদেশিরা

ভার্জিনিয়া অঙ্গরাজ্যের ফেয়ারফ্যাক্সের গ্লাসগো মিডল স্কুলে বাংলাদেশ সেন্টার ফর কমিউনিটি ডেভেলপমেন্ট ইনক (বিসিসিডিআই) বাংলা স্কুলের উদ্যোগে পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি অনুষ্ঠিত ১৫তম এ পিঠা উৎসবে গ্রেটার ওয়াশিংটনপ্রবাসী বাংলাদেশিরা যোগ দেন।
লিজা বড়ুয়ার উপস্থাপনায় বাংলা স্কুলের শিক্ষার্থীদের পরিবেশিত বাংলাদেশ ও আমেরিকার জাতীয় সংগীতের মধ্য দিয়ে পিঠা উৎসবের সূচনা ঘটে। এর পর স্বাগত বক্তব্য রাখেন বিসিসিডিআই-বাংলা স্কুলের সভাপতি সঞ্জয় বড়ুয়া। বাংলা স্কুলের গানের শিক্ষক নাসের চৌধুরী পরিচালনায় দলীয় সংগীতে অংশ নেন বাংলা স্কুলের সদস্য ও শিক্ষার্থীদের অভিভাবকেরা। পরে সংগীত পরিবেশন করে বাংলা স্কুল মিউজিক একাডেমি।
অনুষ্ঠানে বাংলা স্কুলের নির্বাচন কমিশনার অ্যাটর্নি সুদীপ বোস ২০২০-২১ সালের জন্য বিসিসিডিআইয়ের নবনির্বাচিত নয়জন পরিচালককে পরিচয় করিয়ে দেন। সঞ্জয় বড়ুয়া পরিচয় করিয়ে দেন স্কুলের অধ্যক্ষ শামীম চৌধুরীসহ সব শিক্ষককে।
এর পর মঞ্চে আসে বাংলা স্কুল ড্যান্স একাডেমি। বিভিন্ন নকশাদার দেশীয় পিঠা উৎসবে আগতদের নজর কাড়ে। উৎসবস্থলে পিঠার পাশাপাশি ছিল শাড়ি, চুড়ি, গয়নাসহ নানা সামগ্রীর স্টল। এবারের পিঠা উৎসবে বাংলা স্কুলের নিজস্ব পিঠার স্টলসহ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই ফোরাম ইনক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যালামনাই ফোরাম ইনক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অ্যালামনাই, ‘ঝাল টক মিষ্টি পিঠা ঘর’, ‘চলো যাই পিঠা খাই’, ‘আলো পিঠা ঘর’সহ মোট নয়টি স্টল অংশ নেয়।
নাচ-গানের সঙ্গে সঙ্গে পিঠাসহ রকমারি পণ্যের কেনাকাটা—সব মিলিয়ে মুখর ছিল উৎসবস্থল। পিঠা উৎসবের গ্র্যান্ড স্পনসর হিসেবে ছিল আইটি ফার্ম পিপল এন টেক। এ ছাড়া ছিলেন গোল্ড স্পনসর মাজবুল হক রিয়েলটর, সিলভার স্পনসর পিআর রিয়েলটর ও দিলাল আহেমেদ।
প্রবাসে বসে দেশজ পিঠার এই উৎসব আয়োজন উপস্থিত সবাইকে মুগ্ধ করে। গ্রেটার ওয়াশিংটনে পিঠা উৎসবের ১৫তম এ আসরের আয়োজন করে বিসিসিডিআই সবার প্রশংসা কুড়িয়েছে। সব শেষে সংগঠনটির সাধারণ সম্পাদক পঙ্কজ চৌধুরীর ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে উৎসবের সমাপ্তি হয়।