প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ড্রিমারদের চিন্তা না করার পরামর্শ দিয়েছেন। অল্প বয়সে বাবা-মায়ের সঙ্গে আমেরিকায় এসেছেন, এমন প্রায় আট লাখ কাগজপত্রহীন অভিবাসীর ১০ থেকে ১২ বছরের মধ্যে নাগরিকত্ব দেওয়ার বিষয়টি নিয়ে আলোচনার পথ খোলা আছে। তবে ট্রাম্পের কথার পিঠে ভিন্ন ব্যাখ্যা আছে আন্দোলনকারীদের। আর এ সপ্তাহেই হোয়াইট হাউস থেকে পারিবারিক অভিবাসন সংকুচিত করার প্রস্তাব আসছে। এর সঙ্গে আবার অবৈধ অভিবাসীদের কর্মসংস্থান কঠিন করে তোলা হচ্ছে। ডিভি লটারির বদলে আমেরিকায় অভিবাসনের ভিন্ন কর্মসূচির প্রস্তাব আসছে। প্রস্তাবে মেধা ও কাজের ভিসার মাধ্যমে অভিবাসনকে গুরুত্ব দেওয়া হচ্ছে।
অভিবাসন ইস্যু এখন আমেরিকার রাজনৈতিক দাবার ঘুঁটি। অভিবাসীদের দেশ হিসেবে পরিচিত আমেরিকার অভিবাসীরাই এখন রাজনৈতিক চালের শিকার। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চালের কাছে হার মানছেন উদারনৈতিক রাজনীতিকেরা। ২৪ জানুয়ারি সন্ধ্যায় প্রেসিডেন্ট ট্রাম্প ডেফার্ড অ্যাকশন ফর চাইল্ডহুড অ্যারাইভাল বা ডাকা কর্মসূচির লোকজনকে চিন্তা না করার পরামর্শ দেন। হোয়াইট হাউস থেকে অভিবাসন নিয়ে সমঝোতার রূপরেখা তৈরি হচ্ছে। আগামী সপ্তাহেই আইনপ্রণেতাদের কাছে পেশ করা হবে এই প্রস্তাব। ডেমোক্র্যাটরা এসব প্রস্তাব আগেই নাকচ করে দিয়েছেন।
ড্রিমারদের ১০–১২ বছর পর নাগরিকত্বের যে সুযোগ ট্রাম্প দিতে চাইছেন, তাতে যুক্তরাষ্ট্রের নাগরিক মর্যাদা পাওয়ার জন্য আবার নতুন করে অপেক্ষার প্রহর গুনতে হবে লাখ লাখ তরুণকে। তাঁরা নাগরিক হলেও তাঁদের কাগজপত্রহীন বাবা-মায়ের জন্য আবেদন করতে পারবেন না—এমন বিধান রাখতে চাইছেন ট্রাম্প। এটিকে একই দেশে দ্বিতীয় শ্রেণির মর্যাদায় কিছু নাগরিকত্বের বিধান প্রবর্তনের শামিল বলে মনে করছেন অনেক ড্রিমার। এ নিয়ে তাঁরা আন্দোলন করছেন। আর ডেমোক্র্যাটরা বারবারই বলছেন, একটা মীমাংসিত বিষয়কে সামনে এনে সমস্যার জাল তৈরি করে ডোনাল্ড ট্রাম্প তাঁর দেয়াল নির্মাণের টাকা জোগাড়ের দর-কষাকষি করছেন। এটাতে ডেমোক্র্যাটরা কতটা ছাড় দেবেন, সেটার ওপরও নির্ভর করছে ভবিষ্যতের রাজনীতি।
নিজের রক্ষণশীল ভিতকে শক্ত করার জন্য একের পর এক ঘুঁটি চালছেন প্রেসিডেন্ট ট্রাম্প। অভিবাসনবিরোধীরা তাঁদের ঐক্যের জায়গা খুঁজে নিচ্ছেন। ডেমোক্র্যাট ও উদারনৈতিক রাজনীতিকেরা অনেকটাই বিভক্ত ও দিশেহারা। প্রেসিডেন্ট ট্রাম্পের সময় অভিবাসন নিয়ে যে আশঙ্কা করা হয়েছিল, পরিস্থিতি এখন অনেকটাই সেদিকে মোড় নিচ্ছে। ২৪ জানুয়ারি সন্ধ্যায় সিনেটের এক-তৃতীয়াংশ সদস্য ওয়াশিংটনে পৃথক এক বৈঠকে অভিবাসন নিয়ে সমাধান খোঁজার চেষ্টা করেছেন।
গত সপ্তাহে অর্থবিল নিয়ে আমেরিকার কেন্দ্রীয় সরকারের চাকা বন্ধ হয়ে পড়েছিল। ড্রিমার বা ডাকা কর্মসূচির আওতায় আমেরিকায় বসবাসরত প্রায় আট লাখ অভিবাসীর বৈধতা নিয়ে সুরাহার পথ আটকে দেন প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি সরকার অচল করার দায় চাপান ডেমোক্র্যাটদের ওপর। চাপের মুখে ডেমোক্র্যাটরা কোনো সুনির্দিষ্ট প্রতিশ্রুতি ছাড়াই সাময়িক একটি অর্থবিলে স্বাক্ষর করলে তিন দিন পর সরকারি কাজকর্ম চালু হয়। ৮ ফেব্রুয়ারির মধ্যে আবার সমঝোতা না হলে সরকার অচল হয়ে পড়তে পারে। প্রেসিডেন্ট ট্রাম্প সরাসরি বলে দিয়েছেন, দেয়াল নির্মাণে অর্থ বরাদ্দ নিশ্চিত না হলে ডাকা কর্মসূচির তরুণদের জন্য তিনি কিছু করবেন না। ডাকা তরুণদের জন্য সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা আমেরিকায় বসবাস, শিক্ষা ও কাজের সুযোগ দিয়ে একটি কর্মসূচি চালু করেছিলেন। ট্রাম্প ক্ষমতায় এসে সেই কর্মসূচি বাতিল করেন। মার্চের প্রথম সপ্তাহের মধ্যে ডাকা কর্মসূচি নিয়ে কোনো সিদ্ধান্ত না হলে প্রায় আট লাখ অভিবাসীর ভাগ্য অনিশ্চিত হয়ে পড়বে।
এর আগে ট্রাম্প বলেছেন, অবৈধ অভিবাসীদের জন্য মায়াকান্না করতে গিয়ে তিনি দেশের নিরাপত্তা আর সেনা তহবিল জোগানে ছাড় দিতে পারেন না। আবার ২৪ জানুয়ারি সন্ধ্যায় তিনি বলেন, ডাকা কর্মসূচির তরুণদের জন্য চিন্তার কোনো কারণ নেই। প্রেসিডেন্ট ট্রাম্পের কোনো কথাই আস্থায় নিতে পারছে না মানুষ। কারণ, তিনি একটি কথা বলছেন তো পরক্ষণেই আবার সিদ্ধান্ত বদলে ভিন্ন কথা বলছেন।
অভিবাসনের সঙ্গে দেশের নিরাপত্তা জড়িয়ে রাজনীতির চাল চালছেন প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি বলেছেন, পারিবারিক অভিবাসন বন্ধ করতে হবে। ডিভি লটারি কর্মসূচিতে এখনো যেসব দেশ থেকে লোক আসছে, তা বন্ধ করতে হবে। ডেমোক্র্যাটদের পক্ষ থেকে বলা হচ্ছে, ৫ মার্চের মধ্যে অভিবাসন নিয়ে সমঝোতা না হলে সরকার সচল রাখার আলোচনায় তাঁরা উৎসাহী হবেন না। এ নিয়ে ওয়াশিংটনে রাজনৈতিক সংঘাত অনিবার্য হয়ে উঠেছে।
সিনেটে ডেমোক্র্যাট দলের নেতা সিনেটর চার্লস শুমার গত সপ্তাহের পুরো সমঝোতা প্রক্রিয়ার সঙ্গে জড়িত ছিলেন। শেষ মুহূর্তে হোয়াইট হাউসে গিয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের দেয়াল নির্মাণের বিষয়ে নমনীয় হওয়ার আভাসও দিয়েছিলেন। খোদ সিনেটর চার্লস শুমার বলছেন, প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে কোনো সমঝোতার আলোচনা বেশ জটিল।
এরই মধ্যে ২৪ জানুয়ারি হোয়াইট হাউস থেকে জানানো হয়, প্রেসিডেন্ট ট্রাম্পের পক্ষ থেকে অভিবাসন সংস্কার নিয়ে একটা কাঠামো কংগ্রেসে পাঠানো হবে। হোয়াইট হাইসের প্রেস সেক্রেটারি সারা সেন্ডার্স বলেন, হোয়াইট হাউসের প্রস্তাবে অভিবাসন নিয়ে প্রেসিডেন্টের ইচ্ছার প্রতিফলন থাকবে।
ড্রিমারদের জন্য অভিবাসন সুবিধাসহ পারিবারিক অভিবাসন সংকুচিত করার কথা এ প্রস্তাবে থাকবে বলে অভিবাসী গ্রুপগুলো তাৎক্ষণিকভাবে ধারণা করছে। অভিবাসন আইন সংস্কার নিয়ে আসলে কী হতে যাচ্ছে, তা চলতি সপ্তাহে পরিষ্কার হয়ে উঠবে বলে মনে করা হচ্ছে। ডাকা কর্মসূচির জন্য কোনো সুযোগ সৃষ্টির প্রস্তাব থাকতে পারে। পাশাপাশি দেয়ালের জন্য অর্থ আদায় ও পারিবারিক ভিসার নাটকীয় পরিবর্তন আনার প্রস্তাব থাকবে বলে মনে করা হচ্ছে।
উদারনৈতিক রিপাবলিকান সিনেটর হিসেবে পরিচিত সিনেটর সুজান কলিন্স ও সিনেটর লিন্ডসে গ্রাহাম প্রভাবশালী অন্তত ৩০ জন সিনেটর নিয়ে বৈঠক করেছেন। অভিবাসন নিয়ে আমেরিকার চলমান বিতর্কের মূল খেলোয়াড় হিসেবে পরিচিত সিনেটর টম কটন ও সিনেটর ডেভিড প্রিভিউ ওই সভায় উপস্থিত ছিলেন না। রিপাবলিকান সিনেটর সুজান কলিন্স ও ডেমোক্র্যাট সিনেটর জো মানচিন আবার আইনপ্রণেতাদের নিয়ে পৃথক একটা বৈঠকের উদ্যোগ নিয়ে মাঝামাঝি সমঝোতার পথ খুঁজছেন বলে সংবাদ প্রকাশিত হয়েছে।
গত সপ্তাহে বন্ধ হয়ে যাওয়ার পর সরকার সচল করার শর্ত ছিল কংগ্রেসে অভিবাসন সংস্কার নিয়ে অবাধ, মুক্ত ও ন্যায়সংগত আলোচনা হবে। সিনেটে সংখ্যাগরিষ্ঠ দলের নেতা সিনেটর মিচ ম্যাককনেল বলেন, অভিবাসন নিয়ে দেওয়া প্রতিশ্রুতি রক্ষার ইচ্ছা রয়েছে তাঁর। সংশয়-সংকটে থাকা আমেরিকার অভিবাসীরা এখন আর কোনো পক্ষকেই আস্থায় নিতে পারছেন না। নিজেদের রাজনৈতিক স্বার্থ রক্ষা করতে গিয়ে অভিবাসীদের স্বার্থ কতটা জলাঞ্জলি দিয়ে সমঝোতা হয়, তা দেখার অপেক্ষায় অভিবাসীরা।