ওয়াশিংটনের বাংলাদেশ দূতাবাসে ৪৬তম সশস্ত্র বাহিনী দিবস পালিত

যথাযথ মর্যাদা ও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ২১ নভেম্বর ওয়াশিংটনের বাংলাদেশ দূতাবাসে ৪৬তম সশস্ত্র বাহিনী দিবস পালিত হয়েছে। ১৯৭১ সালের ২১ নভেম্বর বাংলাদেশের গৌরবোজ্জ্বল মুক্তিযুদ্ধে সেনা, নৌ ও বিমানবাহিনী যৌথভাবে পাকিস্তান হানাদার বাহিনীর বিরুদ্ধে আক্রমণ পরিচালনা করে। এ দিনটির স্মরণে প্রতি বছর ২১ নভেম্বর বাংলাদেশ সশস্ত্র বাহিনী দিবস পালন করা হয়।
দিবসটি উপলক্ষে বাংলাদেশ দূতাবাস বঙ্গবন্ধু মিলনায়তনে এক সংবর্ধনার আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন জয়েন্ট গ্লোবাল পলিসি অ্যান্ড পার্টনারশিপসের উপপরিচালক ও মার্কিন বিমানবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল হুবি সি হেগভেট। অনুষ্ঠানে আমেরিকায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ জিয়াউদ্দিন ও প্রতিরক্ষা অ্যাটাচে ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ শামসুজ্জামান স্বাগত বক্তব্য রাখেন। অনুষ্ঠানের শুরুতেই পরিবেশন করা হয় বাংলাদেশ ও আমেরিকার জাতীয় সংগীত।
প্রধান অতিথি মার্কিন বিমানবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল হুবি সি হেগভেট বলেন, আমেরিকা ও বাংলাদেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দিন দিন দৃঢ় থেকে দৃঢ়তর হয়েছে। বিশেষত অপারেশন ডেজার্টে বাংলাদেশ সেনাবাহিনীর অংশগ্রহণ এই সম্পর্ককে আরও উন্নত করেছে।
তিনি বলেন, দুর্যোগ মোকাবিলায় আমেরিকা-বাংলাদেশ যৌথ সামরিক মহড়াসহ বিভিন্ন পর্যায়ে দুই দেশ একযোগে কাজ করছে। জাতিসংঘ শান্তিবাহিনীতে বাংলাদেশের সেনাদের অংশগ্রহণ ও ঘূর্ণিঝড় ক্যাটরিনার সময় বাংলাদেশ সরকার আমেরিকার পাশে দাঁড়িয়েছিল। বাংলাদেশ ও আমেরিকার মধ্যে সম্পর্ক শুধু দুটি সরকারের মধ্যেই সীমাবদ্ধ নেই। এটি দুই দেশের জনগণের মধ্যেও বিদ্যমান।

রাষ্ট্রদূত মোহাম্মদ জিয়াউদ্দিন তাঁর স্বাগত বক্তব্যে সশস্ত্র বাহিনীর সদস্যসহ বাংলাদেশের মুক্তিযুদ্ধে সব শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন। এ সময় সদ্য স্বাধীন বাংলাদেশে একটি আধুনিক সশস্ত্র বাহিনী গড়ে তুলতে অবিস্মরণীয় অবদানের জন্য তিনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ সশস্ত্র বাহিনী প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা, অবকাঠামোগত উন্নয়ন, রোহিঙ্গাদের নিবন্ধন, ভোটার নিবন্ধন ও কম্পিউটারাইজড জাতীয় পরিচয়পত্র তৈরিতে বিশেষ ভূমিকা পালন করেছে। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অগ্রণী ভূমিকা পালনের মাধ্যমে বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি বহুলাংশে উজ্জ্বল করেছে এ বাহিনী।
স্বাগত ও শুভেচ্ছা বক্তব্য শেষে ৪৫তম সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে কেক কাটা হয়। এ ছাড়া ব্রিগেডিয়ার জেনারেল হুবি সি হেগভেট ও তাঁর স্ত্রীর হাতে বাংলাদেশের পক্ষ থেকে বিশেষ উপহার তুলে দেন রাষ্ট্রদূত মোহাম্মদ জিয়াউদ্দীন ও তাঁর স্ত্রী। পরে অনুষ্ঠানে আগত অতিথিদের বাংলাদেশি খাবার দিয়ে আপ্যায়ন করা হয়।
অনুষ্ঠানে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, প্রতিরক্ষা অ্যাটাচে, মার্কিন পররাষ্ট্র দপ্তর ও পেন্টাগনের ঊর্ধ্বতন কর্মকর্তা, গণমাধ্যমকর্মী, আমেরিকায় বসবাসরত বাংলাদেশ সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা, প্রবাসী বাংলাদেশি এবং বাংলাদেশ দূতাবাসের সব কর্মকর্তা-কর্মচারীসহ অনেকে উপস্থিত ছিলেন।