
পবিত্র মাহে রমজানকে সামনে রেখে নিউইয়র্কের ব্রঙ্কসে খলিল পার্টি সেন্টারে গত ৩০ এপ্রিল ওয়েলকাম রামাদান শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে আলোচকেরা পবিত্র কোরআন-হাদিসের আলোকে মাহে রমজানের গুরুত্ব, তাৎপর্য ও ফজিলত বর্ণনা করেন। রোজা পালনের নিয়ম-কানুনসহ মাহে রমজানের পবিত্রতা রক্ষায় করণীয় ও বর্জনীয় সম্পর্কেও বিস্তারিত আলোচনা করেন ইসলামি স্কলারেরা। তাঁরা বলেন, গুনাহ মাফের সর্বোত্তম মাস হচ্ছে রমজান।
সেমিনারে আলোচনায় অংশ নেন মাওলানা শাহ মো. সাইফুল্লাহ সিদ্দিকি, পার্কচেস্টার জামে মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ মাঈনুল ইসলাম, বাংলাবাজার জামে মসজিদের খতিব মাওলানা আবুল কাশেম ইয়াহইয়া, হাফিজ জাকির আহমেদ, প্রফেসর ইকবাল প্রমুখ।
মজুমদার ফাউন্ডেশনের কর্ণধার মূলধারার রাজনীতিক আইনজীবী মোহাম্মদ এন মজুমদারের সভাপতিত্বে এবং আইটিভির সিইও মাওলানা শহিদুল্লাহর সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য রাখেন খলিল বিরিয়ানি হাউস, খলিল হালাল চায়নিজ অ্যান্ড খলিল পার্টি সেন্টারের প্রেসিডেন্ট ও সিইও মো. খলিলুর রহমান। খলিল বিরিয়ানি হাউস, খলিল হালাল চায়নিজ অ্যান্ড খলিল পার্টি সেন্টারের আয়োজনে এ সেমিনারের স্পনসর ছিল মজুমদার ফাউন্ডেশন।
অন্যদের মধ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন স্টার্লিং-বাংলাবাজার বিজনেস অ্যাসোসিয়েশন ও বাংলাবাজার জামে মসজিদের প্রতিষ্ঠাতা সভাপতি গিয়াস উদ্দিন, মার্কস হোম কেয়ারের ম্যানেজার কমিউনিটি অ্যাকটিভিস্ট আলমাস আলী, কমিউনিটি অ্যাকটিভিস্ট নজরুল হক, আহবাব চৌধুরী খোকন প্রমুখ।
আলোচকেরা বলেন, পবিত্র রমজান মাস অন্যান্য মাস থেকে মর্যাদাপূর্ণ একটি মাস। এ মাসেই মহান আল্লাহ পবিত্র কোরআন নাজিল করেন। আল-কোরআন সঠিক পথের দিশারি। ইহকাল ও পরকালের সবকিছুরই দিক নির্দেশনা রয়েছে এ পবিত্র কোরআনে। মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ অনুসরণ করে ভ্রাতৃত্ববোধ ও মানবকল্যাণে ব্রতী হওয়ার আহ্বান জানান তাঁরা।
আলোচকেরা বলেন, রমজান মাসেই পবিত্র শবে কদর নামে মহিমান্বিত এক রজনী রয়েছে, যা হাজার মাসের চেয়েও উত্তম। এই রাতে আল্লাহ পবিত্র কোরআন নাজিল করেন। শবে কদর রাত মুমিন মুসলমানদের ইবাদত-বন্দেগির, পাপ-পঙ্কিলতা থেকে মুক্তির রাত। এ রাতে মহান আল্লাহ তাঁর বান্দাদের প্রতি বরকত ও রহমত নাজিল করেন। গুনাহ মাফের জন্য রমজান মাস হচ্ছে সর্বোত্তম মাস।
তাঁরা আরও বলেন, প্রকৃত অর্থে রমজান মুসলমানের জন্য আল্লাহর নৈকট্য লাভের এক সুবর্ণ সুযোগ। একজন সত্যিকার মুসলমানের দায়িত্ব হলো, আল্লাহ প্রদত্ত ইবাদতের বিশেষ মৌসুমগুলোর জন্য পূর্ব প্রস্তুতি গ্রহণ করা। রমজানের ববরকতময় মাসের জন্য প্রস্তুতি হিসেবে কিছু কাজ এখন থেকে শুরু করতে পারি।
বাদ মাগরিব পবিত্র কোরআন থেকে তিলাওয়াতের মাধ্যমে সু-স্বাগতম মাহে রমজান অনুষ্ঠানটি শুরু হয়। পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন হাফিজ জাকির আহমেদ। দেশ, জাতি, মুসলিম উম্মাহসহ বিশ্ব মানবতার জন্য আল্লাহর রহমত কামনায় মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়। মোনাজাত পরিচালনা করেন মাওলানা শাহ মো. সাইফুল্লাহ সিদ্দিকি। শেষে তবারক বিতরণ করা হয়।