ওয়েস্ট ভার্জিনিয়ায় বন্যায় প্রাণহানি ২৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের ওয়েস্ট ভার্জিনিয়া অঙ্গরাজ্যে তুমুল বৃষ্টিপাতের কারণে সৃষ্ট বন্যায় অন্তত ২৩ জন মারা গেছে। জলমগ্ন ঘরবাড়ি থেকে উদ্ধার করা হয়েছে কয়েক শ লোককে। বলা হচ্ছে, ওয়েস্ট ভার্জিনিয়া শত বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যার কবলে পড়েছে। তুমুল বর্ষণ ও বন্যায় অঙ্গরাজ্যজুড়েই হয়েছে ক্ষয়ক্ষতি। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে এক শর বেশি ঘরবাড়ি। যোগাযোগব্যবস্থা ভেঙে পড়ার কারণে একটি বিপণিবিতানে আটকা পড়েন প্রায় ৫০০ লোক। সেখানে ও অন্যান্য বন্যাকবলিত এলাকার লোকজনকে উদ্ধারে পরিচালনা করা হয় জোর উদ্ধার অভিযান। অঙ্গরাজ্যের হোমল্যান্ড সিকিউরিটি ডিভিশন জানিয়েছে, বন্যায় গ্রিনব্রায়ার কাউন্টিতেই মারা গেছে ১৫ জন এবং উদ্ধার অভিযান চলছে। গভর্নর আর্ল রে টম্বলিন বলেছেন, অঙ্গরাজ্যের ৫৫ কাউন্টির মধ্যে ৪৪টিতে জরুরি অবস্থা জারি করা হয়েছে। সহায়তায় নিয়োগ করা হয়েছে ৫০০ সৈন্য। এটিকে ‘অঙ্গরাজ্যের কয়েকটি অংশের জন্য শতাব্দীর সবচেয়ে ভয়াবহ বন্যা’ বলে আখ্যায়িত করেন তিনি।