ক বি তা র এ ক পা তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>

‘শব্দার্থশাসন জ্ঞানমাত্রেনৈবন বেদ্যতে।
বেদ্যতে স তু কাব্যর্থতত্ত্বজ্ঞৈরেব কেবলম্‌’

কাব্যার্থের বোধ-সম্পন্ন পাঠকই কেবল সহৃদয় পাঠক।
সুতরাং রস আস্বাদ হলেও একজন যিনি সে রস সৃষ্টি করতে আগ্রহী তাঁকে যেমন সাধনা করতে হয়—আবার যিনি রসের প্রতীতি লাভ করবেন, সেই সহৃদয় পাঠককেও আস্বাদনের নিমিত্ত নিত্য অনুশীলনে চিত্তকে প্রস্তুত করতে হয়। কাব্যক্ষেত্রে কবি ও পাঠক উভয়ই রসের সাধনায় ব্রতী। কবির কাম্য অনুভূত সত্যকে আকাঙ্ক্ষিত শব্দরূপে সহৃদয়ের সকাশে পৌঁছে দেওয়া—আর পাঠকের প্রচেষ্টা কবির ধ্যানের জগৎকে নিজের অন্তরজগতে উপলব্ধি করা। (নরেন বিশ্বাস প্রণীত কাব্যতত্ত্ব-অন্বেষা)।
আমেরিকায় এপ্রিল মাস ‘কবিতার মাস’ হিসেবে বরণীয়। প্রকৃতিতে এখন ফুলেল বসন্ত। এই বসন্তে সব কবিতাপ্রেমীকে ‘কবিতার এক পাতা’—এপ্রিল সংখ্যায় সাদর আমন্ত্রণ।
আপনাদের সবার প্রতি আমাদের উন্মুক্ত-হৃদয় ভালোবাসা—ফারুক ফয়সল


ক্যাপিটাল
ওমর শামস

টাকা এলেই আমার চুল খাগড়ার মতো গজিয়ে ওঠে। নিঃসাড় মগজ সচল, রক্ত চঞ্চল, পেশি সবল, বায়ু ব্যাকুল হয়ে ওঠে।
আমার পা বলে, তিব্বত চলো-কাঁচা বাজারে গেলে থলিও বলে, বাঘাড় মাছ কেন-ওটা না, বড়টা।
আমার বাসনারা বলে, আমরা পিঞ্জরায় থাকব না। তারা উদাসীন ম্যাজেলান ছায়াপথের দিকে উড়তে থাকে।
মনে হয়, উন্নয়নের তরঙ্গে ঝাঁপ দিই, রাজনীতির নৌকায় ভাসি—অন্তত কবিসংঘের খ্যাংরাকাঠি বাজাই।
কিন্তু আমি জানি, আসলে এগুলো ক্যাপিটাল নয়—টাকাগুলো কবে পাব?


না অর্জুন না একলব্য
সৈয়দ কামরুল

চানমারি করিনি কখনো দ্রোণে কেটে দিইনি আঙুল
দেবপায়ে দক্ষিণা প্রতুল।
যে যায় যুদ্ধে যাক, পড়ে থাক জঙ্গলে সাধক।
আন্ধারমানিক বনে ফেলেছি কার্ল মার্ক্স
দেয়ালে দেয়ালে ইনসমনিয়া রাত।

ছেড়ে গেছি নীল নীড়
উড়ালের ডানায় তুলে পরাস্ত অনাম্যাটোপিয়া!

চানমারি করিনি কখনো দ্রোণে কেটে দিইনি আঙুল
দেবপায়ে দক্ষিণা প্রতুল।
তোমার যুদ্ধে আমার নেই সায়।
যুদ্ধ ছিল না কখনো জনযুদ্ধ জয়!
স্পার্টায় যাব না আমার এথেন্স প্রিয়।
কার জন্য যুদ্ধ লেখো—যুদ্ধ মহাকাব্য!

পাবের টেবিলে বুঁদ সিরাজ গ্লাসে যায় আলোকবর্ষ
না অর্জুন—না একলব্য!

চানমারি করিনি কখনো দ্রোণে কেটে দিইনি আঙুল
দেবপায়ে দক্ষিণা প্রতুল।
যদি দিই ‘আঙুল কাটিয়া কলম বানাইয়া’
একছত্র প্রেমপত্র লিখে দেব মেঘ ও মানবের সিম্যানটিক্স।

ট্রয়ের হেলেন নয়; নেব সেমন্তীর সকাল ছড়ানো চোখ।
উত্তুরে আকাশ নয়; নেব সেমন্তীর বুকে বিছানো অরোরা বরিয়ালিস আলো।
নেব সিজদার মতো নমিত চুমুক—জোয়ার প্রবণ বুক।

না-রুমি না-যামি
ঘর ছেড়ে আসি আমি বুনো খিদে গন্দমের পাপ!
পাপের দুহাতে খুলব দুনিয়াদারি ঢালো না যতই হ্যামলক।


সীমান্তরেখায় শববাহী যাত্রী
হোসাইন কবির

যতবারই এপার–ওপার করি
গমনাগমনে নির্গমনে বহির্গমনে
ততবারই গোপনে মৃত্যুর পরোয়ানা পরখ করি।
সীমান্তরেখায় ওরা পাহারাদার
আমি এক শববাহী যাত্রী—

অসংখ্য
অগণিত
মৃত অবয়ব
সারবন্দি কফিন
ঘুমায় আমার ভেতর।

আঙুলের ছাপচিত্রে আর
রেটিনায় আলো ফেলে
ওরা কী বুঝেছে এসব!
না! না!
বলিনি সে কথা কখনো তাদের।
সীমান্তরেখায় ওরা পাহারাদার
আমি এক শববাহী যাত্রী হে।

দেহঘড়ি
তুষার গায়েন

অনেক ওপর থেকে যখন দেখছি পৃথিবীকে নীল ছায়াচ্ছন্ন দূর সবুজাভ মাটি ক্ষীণ জলরেখা আর মানব বসতি মায়া আর মরীচিকাময় দূরাগত হাতছানি স্তরীভূত মেঘ ভেদ করে ডাকে, ‘আয়, শূন্যতা সরিয়ে এই পৃথিবীর বুকে দেখি কতটা পারিস দিতে প্রেম, বিরোধবিহীন!’

দূরত্ব মিলিয়ে গেলে জঙ্গমতা, জেগে ওঠে কোলাহল

ভাবের শরীরে জাগে প্রয়োগের সীমাবদ্ধ রেখা মনের মতন করে কিছু সম্পন্ন হয় না আর! দেহঘড়ি টিক্ টিক্ বেজে চলে চক্রপথে, ঢং ঢং করে একবার পরিক্রমা ঘোষিত হবার আগে─‘দ্রুত করো, মনসংযোগে নিবদ্ধ হও বিধাতার মতো জীবন চক্রের দাবি পূর্ণ করো এই দফা হাহাকারে নিঃস্ব ও ক্রন্দিত হবার আগে!’
সতর্ক শাসন করে যায় ব্যঙ্গমা-ব্যাঙ্গমী
রূপকথার


ভোরের বাক্শক্তি
ফারহানা ইলিয়াস তুলি

এই বৃক্ষটি অনেক বড় হতে পারত। কিন্তু তোমরা
তাকে প্রকোষ্ঠে রেখে বানিয়েছ বনসাই। এই গোলাপটিতে
থাকতে পারত আরও অনেক সুবাস। কিন্তু তোমরা
কৃত্রিম উপাদান ছড়িয়ে তাকে করে রেখেছ জন্মাহত।

যে শিশুটি জন্মের আগেই হারিয়েছে তার বাক্শক্তি—
তার দিকে তাকাও। দেখবে; তার গলায় লেগে আছে

তোমাদের কালো হাতের দাগ। অথচ আমরা সমস্বরে,
একদিন বলেছিলাম—‘শতফুল ফুটতে দাও’!

জগতে যারা কোনো ভাষায়ই কথা বলে না, তাদেরও
নিজস্ব একটি ভাষা আছে।
চোখের ভাষা––
আঙুলের ভাষা––
ঘুরে দাঁড়াবার ভাষা—

আবছা রোদেরও আছে একটি বিচিত্র শক্তি।
যে শক্তির ছায়ায় দাঁড়িয়েই পৃথিবীর পূর্বকোণকে
উদয়ের প্রতীক নির্ণয় করেছিল আদিম সূর্য।

আর মানুষেরা কথা দিয়েছিল, তারা চিরকাল
মানুষের জন্যই বিলিয়ে দেবে সকল প্রেম,
সেই সূর্যছায়ায়।

বিকেলের পথ
নাহার মনিকা

বিকেলের পথ, ওই রাস্তায়
প্রতিদিন তুমি রাজপথ হও।
পদচ্ছাপ রেখে রং বদলাও
আমি হাতড়াই, রং অন্ধ।
তুমি নীল শার্ট, জন্মান্ধ
আসমানী নীল।

ওই রাস্তায় টং দোকানের
বেঞ্চিতে বসে গুলতানী মারো
চুইংগাম খোলা রাংতা কাগজে
ওরিগামি দিয়ে জাহাজ বানাও,
ছোট্ট কিন্তু নিখুঁত, একটা
জলাশয় খুঁজে ভাসে ও লোকটা।

ভেসেই গিয়েছে—এই ভেবে কিছু
বৃষ্টির পানি খলবল করে
এসে জমা হয় আবদ্ধ ঘরে।
দেখো নাই তুমি? আমি দেখলাম
বারান্দা থেকে অর্ধেক ঝুঁকে
পানির ভেতর নীল শার্ট রং
আকাশ ঢুকেছে। শার্টের ভেতরে
আগ্রাসী কাঁধে মাথা রাখা যায়,
অভিমান করে দূরে থাকা যায়।

অনেক রঙের সন্ধ্যা নামবে-
সেদিকে তুমি যে ঝুঁকে থাকবে
সেতো জানা আছে।
খুচরো ভাংতি অভিমান দিয়ে
বৃষ্টির ব্যাংক খোলা থাকবে না।
পানির ভেতর নীল রং গুলে
রাজপথ জুড়ে খেলা জমবে না।

সে কারণে, আমি আসমান ডাকি
বলি, হে আকাশ নীল থেকে ভাই
বের হয়ে আয়, ওই দেখো পথ
প্রতিদিন খুব রং বদলায়।

নার্সিসাস
সাজ্জাদ বিপ্লব

নিজেকে ছাড়া কাউকে যে ভালোবাসি না
নিজেকে ছাড়া কাউকে চিনিও না
চেনা যায়!

নিজে যখন নিজের কাছেই ফিরে আসি
নিজেকে দেখি উল্টে ও পাল্টে
ঘুরে-ফিরে। ঘরে ফিরে—
তবু, নিজেকে পাই না।

মনে হয় আমি যেন অন্য কেউ
অচেনা-অজানা এক যুবক পুরুষ
বসত করছি এক সঙ্গে
ভিন্ন-ভিন্ন আঙ্গিকে। আদলে। চেহারায়।

কখনো-কখনো যার, কোন-কোন মুখ
চকিতে একটু দেখা যায়