কংগ্রেসওমেন পদপ্রার্থী বদরুন সবার সহযোগিতা চান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মতবিনিময় সভায় কংগ্রেসওমেন পদপ্রার্থী বদরুন খান মিতা ও প্রবাসী বাংলাদেশি সমর্থকেরা
মতবিনিময় সভায় কংগ্রেসওমেন পদপ্রার্থী বদরুন খান মিতা ও প্রবাসী বাংলাদেশি সমর্থকেরা

মার্কিন কংগ্রেস নির্বাচনে নিউইয়র্ক ডিস্ট্রিক্ট ১৪ এর কংগ্রেসওমেন পদপ্রার্থী বদরুন খান মিতা বলেছেন, আমেরিকার চলমান রাজনৈতিক পরিস্থিতিতে সব কমিউনিটিকে একত্র করার যোগ্যতা নিয়ে এগিয়ে যেতে হবে।

মার্কিন কংগ্রেস নির্বাচনে বর্তমান সময়ের আলোচিত ডেমোক্র্যাট আলেকজান্দ্রিয়া ওকাসিওকে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া বাংলাদেশি বদরুন খান মিতা তাঁর নির্বাচনী প্রচারাভিযানে সব মহলের সহযোগিতা কামনা করেছেন। নিউইয়র্কে বাংলা সংবাদমাধ্যমের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান।

২৪ সেপ্টেম্বর জ্যাকসন হাইটসের একটি কমিউনিটি সেন্টারে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় ডেমোক্র্যাট দলের ডিস্ট্রিক্ট লিডার অ্যাট লার্জ অ্যাটর্নি মঈন চৌধুরীসহ কমিউনিটি নেতাদের মধ্যে মইনুল ইসলাম, ফজলুর রহমান, নজরুল ইসলাম, নুরে আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

বদরুন নাহার মিতা বাংলাদেশিদের ভোটার তালিকাভুক্তির আহ্বান জানান। তিনি বলেন, অনেকেই যোগ্যতা থাকা সত্ত্বেও ভোটার হিসেবে তালিকাভুক্তিতে পিছিয়ে আছেন। রাজনৈতিক পরিবর্তনের জন্য ভোটার তালিকাভুক্তি ও ভোট প্রদানের কোনো বিকল্প নেই। তিনি বলেন, শুধু বাংলাদেশি কমিউনিটি নয় অন্যান্য অভিবাসী কমিউনিটির সঙ্গে তিনি দীর্ঘদিন থেকে কাজ করে আসছেন। তাঁর নির্বাচনী প্রচারণায় এসব অতীত কর্মকাণ্ড সহায়ক হিসেবে কাজ করবে।

২৯ সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে সাতটায় জ্যাকসন হাইটসের বেলাজিনো পার্টি হলে তাঁর নির্বাচনী তহবিল সংগ্রহ নৈশভোজে সবাইকে যোগদানের আহ্বান জানিয়েছেন বদরুন খান মিতা।