কংগ্রেসওম্যান গ্রেস মেংয়ের সঙ্গে কনসাল জেনারেলের বৈঠক

আমেরিকার প্রতিনিধি পরিষদের সদস্য গ্রেস মেংয়ের সঙ্গে বৈঠক করেছেন নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের কনসাল জেনারেল সাদিয়া ফয়জুননেসা। কুইন্স ডিস্ট্রিক্ট অফিস ফ্লাশিংয়ে ১৪ ফেব্রুয়ারি এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে কনসাল জেনারেল বাংলাদেশের স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী সম্পর্কে কংগ্রেসওম্যানকে অবহিত করেন। তিনি বলেন, জাতির পিতার সুযোগ্যা কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্বে উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে।’ তিনি বলেন, ‘নিউইয়র্কের কুইন্সে সর্বোচ্চসংখ্যক বাংলাদেশি-আমেরিকান বাস করেন। প্রবাসী বাংলাদেশিদের বিশেষ করে নতুন প্রজন্মকে দেশের ইতিহাস ও ঐতিহ্যের সঙ্গে সম্পৃক্ত রাখতে ও বিদেশিদের আগ্রহের বিষয়টি বিবেচনা করে ‘মুজিব বর্ষ’ উপলক্ষে কুইন্স পাবলিক লাইব্রেরিতে “বাংলা কর্নার” স্থাপন প্রক্রিয়াধীন রয়েছে।’
বৈঠকে সাদিয়া ফয়জুননেসা বলেন, ‘বাংলাদেশি-আমেরিকান জনগোষ্ঠী ঐতিহ্যগতভাবে কঠোর পরিশ্রমী, সমৃদ্ধ সংস্কৃতিমনস্ক ও আইন-শৃঙ্খলার প্রতি শ্রদ্ধাশীল।’ এ সময় তিনি গ্রেস মেংকে বাংলাদেশি-আমেরিকান জনগোষ্ঠীর সামাজিক কার্যক্রম, বাংলা ভাষার ব্যবহার বৃদ্ধি ও সংস্কৃতি বিস্তারে সহযোগিতার অনুরোধ জানান। একই সঙ্গে তাঁকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। উত্তরে গ্রেস মেং কনসাল জেনারেলকে ধন্যবাদ জানান এবং বলেন, বাংলাদেশ তাঁর সফর তালিকার শীর্ষে রয়েছে। একই সঙ্গে প্রথম নারী কনসাল জেনারেল হিসেবে নিউইয়র্কে বাংলাদেশ সরকারের প্রতিনিধিত্ব করার জন্য সাদিয়া ফয়জুননেসাকে অভিনন্দন জানান তিনি। বিজ্ঞপ্তি