কংগ্রেসকে পাশ কাটিয়ে অভিবাসন আইনে পরিবর্তনের উদ্যোগ
কংগ্রেসকে উপেক্ষা করেই যুক্তরাষ্ট্রের অভিবাসন আইনে ব্যাপক পরিবর্তন আনার পথ খোঁজা হচ্ছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন বিরোধী প্রশাসনের এমন প্রয়াস ক্রমশ স্পষ্ট হয়ে উঠেছে। ট্রাম্প প্রশাসন আমেরিকার অভিবাসন আইনের ব্যাপক পরিবর্তন আনার জন্য একদিকে কংগ্রেসের অনুমোদন চেয়েছে। অন্যদিকে ডিএইচএস (ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি) এই আইনে নীরবে অতি সূক্ষ্ম পরিবর্তন আনার উপায় খুঁজছে। এর ফলে যুক্তরাষ্ট্রে অবৈধভাবে আসা সঙ্গীবিহীন অপ্রাপ্ত বয়স্ক শিশুদের যুক্তরাষ্ট্রে থাকার বিষয়টি সংকুচিত হতে পারে বলে মনে করা হচ্ছে। বলা হচ্ছে, এতে তাদের যুক্তরাষ্ট্র থেকে বিতাড়নের প্রক্রিয়া দ্রুততর হবে। ভিসা কর্মসূচি কঠোর হবে, যা যুক্তরাষ্ট্রে বৈধ অভিবাসন ভিসাপ্রাপ্তিকে সীমিত করবে।
এসব কৌশলের কোনটিই এখনো চূড়ান্ত হয়নি। এগুলো বিভিন্ন পর্যায়ে রয়েছে। এগুলো প্রেসিডেন্ট ট্রাম্পের অভিবাসন নীতির প্রতিফলন ঘটতে পারে, যা প্রেসিডেন্ট গত সপ্তাহে কংগ্রেসে পাঠিয়েছেন। এটা এখনো অস্পষ্ট প্রশাসন ‘ডাকা’ (ডের্ফার্ড অ্যাকশন ফর চাইল্ডহুড অ্যারাইভাল) কর্মসূচির সমঝোতামূলক আলোচনার ভাগ্যে কী ঘটে তা দেখার জন্য প্রশাসন অপেক্ষা করবে কিনা। ট্রাম্প এ কর্মসূচির ইতি টানতে চান। আমেরিকার অভিবাসন আইনে পরিবর্তন আনতে প্রেসিডেন্ট তার নির্বাহী ক্ষমতা ব্যবহার করার প্রস্তাবও বিবেচনাধীন রয়েছে।
অবৈধভাবে যুক্তরাষ্ট্রের প্রবেশকারী সঙ্গীবিহীন ১৮ বছরের কম বয়সী শিশুদের মধ্যে এখনো সঙ্গী ভুক্ত হয়নি, অথবা তাদের পিতা/মাতার কিংবা অভিভাবকের সঙ্গে মিলিত হয়নি এমন শিশুদের ব্যাপারে কী করা যায় সে প্রক্রিয়া খুঁজে দেখা হচ্ছে। এসব সঙ্গীবিহীন শিশুরা আইনানুযায়ী বৈধ এবং তাদের বিষয়টি নিষ্পত্তি করার দায়িত্ব স্বাস্থ্য ও মানবসেবা বিভাগের কাছে হস্তান্তর করা হবে। তবে তারা রাজনৈতিক আশ্রয়ের জন্য আবেদন করতে পারবে।
অন্যদিকে স্বরাষ্ট্র এবং বিচার মন্ত্রণালয় (ডিপার্টমেন্ট অব জাস্টিস) সঙ্গীবিহীন অপ্রাপ্তবয়স্ক শিশুদের যুক্তরাষ্ট্রে থাকার ব্যাপারে কঠোর বিকল্প খুঁজে দেখছে। যার মাধ্যমে যদি সঙ্গীবিহীন অপ্রাপ্ত শিশুরা ১৮ বছর বয়স হওয়ার আগে তাদের পিতামাতা বা অভিভাবকের যুক্তরাষ্ট্রে সঙ্গে মিলিত হয়ে থাকলে তাদের কোনোভাবেই সঙ্গীবিহীন অপ্রাপ্তবয়স্ক শিশু হিসেবে প্রাপ্ত সুযোগের আওতাধীন বলে বিবেচনা করা হবে না।
ইতিপূর্বে সিএনএন সংগৃহীত একটি অপ্রকাশিত নথি থেকে জানা গেছে প্রশাসন এ ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে যে, সঙ্গীবিহীন অপ্রাপ্তবয়স্ক শিশুরা কোনোভাবেই যুক্তরাষ্ট্রে থাকার যোগ্য বলে বিবেচিত হবে না। এটা হবে ২০০৮ সালে চালু হওয়া আইনের সঙ্গে আকাশ-পাতাল পার্থক্যের মতো। ট্রাম্প প্রশাসন সঙ্গীবিহীন অপ্রাপ্তবয়স্ক শিশুদের নিরাপত্তা বিধান সংক্রান্ত ২০০৮ সালের উদ্যোগকে আইনের ফাঁক বলে চিহ্নিত করে।
ট্রাম্প প্রশাসন এমন পিতামাতাকেও পাকড়াও করার অধিকার চেয়েছে যারা চোরাচালানিদের পয়সা দিয়ে সন্তানদের অবৈধভাবে যুক্তরাষ্ট্রে এনেছেন।
হোয়াইট হাউস ২০০৮ সালের এ সংক্রান্ত আইনকে সংশোধন করার জন্য কংগ্রেসকে আহ্বান জানিয়েছে। ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট ডিপার্টমেন্টের ভারপ্রাপ্ত পরিচালক টম হোম্যান বলেন, তাঁর সংস্থা সঙ্গীবিহীন অপ্রাপ্তবয়স্ক শিশুসহ প্রাপ্তবয়স্কদের আস্তানার সন্ধান করছে এবং যুক্তরাষ্ট্রে অবৈধ হলে তাদের বহিষ্কারের প্রক্রিয়া গ্রহণ করা হবে। যদি চোরাচালানিদের অর্থ দেওয়া হয়ে থাকে তাহলে তাদের বিরুদ্ধে মানব পাচারের অভিযোগ আনা হবে।
অন্যদিকে যুক্তরাষ্ট্রে বৈধভাবে আসার সুযোগকে আরও কঠোর এবং সংকুচিত করার জন্য আরও নানা ধরনের ফন্দি ফিকির বের করতে ট্রাম্প প্রশাসন কাজ করছে, যাতে কংগ্রেসকে পাশ কাটিয়ে অভিবাসন প্রশ্নে কঠোর অবস্থান নিশ্চিত করা যায়।