কংগ্রেসে নেতানিয়াহুর ভাষণে নতুন কিছু নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বারাক ওবামা, নেতানিয়াহু
বারাক ওবামা, নেতানিয়াহু

ইরান প্রসঙ্গে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ভাষণকে প্রত্যাখ্যান করেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। প্রেসিডেন্টের দল ডেমোক্রেটিক পার্টির জ্যেষ্ঠ নেতারা এবং ইরানও মার্কিন কংগ্রেসে দেওয়া ভাষণের সমালোচনায় সরব হয়েছেন। আলোচিত ওই ভাষণে নেতানিয়াহু ইরানের পরমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক মহলকে সতর্ক করে দেন। খবর বিবিসি ও আল-জাজিরার।
হোয়াইট হাউসকে পাশ কাটিয়ে গত মঙ্গলবার মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে ভাষণ দেন ইসরায়েলের প্রধানমন্ত্রী। কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের রিপাবলিকানদলীয় স্পিকার জন বেহনারের আমন্ত্রণে ওই ভাষণ দেন তিনি। নেতানিয়াহু সতর্ক করে দেন, ইরানের বিতর্কিত পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনায় থাকা সম্ভাব্য চুক্তিটি তেহরানকে পরমাণু অস্ত্র তৈরি থেকে বিরত রাখার পরিবর্তে উল্টো এমন অস্ত্র তৈরির পথ সুগম করে দেবে।
এর প্রতিক্রিয়ায় মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, নেতানিয়াহুর ভাষণে ‘নতুন কিছুই নেই’। তিনি এমন চুক্তির বিকল্প কোনো টেকসই উপায় বাতলে দিতে পারেননি।
ওবামা বলেন, নেতানিয়াহুর ভাষণ সরাসরি শুনতে পারেননি তিনি। তবে ভাষণের প্রতিলিপি পড়ে তিনি দেখতে পেয়েছেন, নেতানিয়াহু কোনো যৌক্তিক বিকল্প পথ দেখাননি। ওবামা বলেন, প্রধানমন্ত্রী (নেতানিয়াহু) যে বিকল্প দিয়েছেন, তা হলো ‘কোনো চুক্তি নয়’। সেটা হলে ইরান এখনই তার পারমাণবিক কর্মসূচি পুনরায় শুরু করবে... কোনো প্রকার প্রতিবন্ধকতায় থাকবে না। যেটা তারা করে আসছিল।
ইরানকে একটা বিকল্প পথ না দিয়ে কেবল অবরোধ-নিষেধাজ্ঞা যথেষ্ট নয় বলে মন্তব্য করেন ওবামা।
ইসরায়েলি প্রধানমন্ত্রীর সফর শুরু থেকেই বিতর্কের জন্ম দেয়। কারণ, রিপাবলিকান দলের নেতা স্পিকার জন বেহনার হোয়াইট হাউসের সঙ্গে পরামর্শ না করেই তাঁকে আমন্ত্রণ জানান। মার্কিন প্রেসিডেন্ট আগেই জানিয়ে দিয়েছিলেন, তিনি নেতানিয়াহুর সঙ্গে সাক্ষাৎ করবেন না। কারণ হিসেবে বলা হয়, মাত্র দুই সপ্তাহ পরেই ইসরায়েলে সাধারণ নির্বাচন, যেখানে নেতানিয়াহুও একজন প্রার্থী। এ সময় তাঁর সঙ্গে মার্কিন প্রেসিডেন্টের সাক্ষাৎ রাজনৈতিক বার্তা দেবে।
ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রসহ ছয় বিশ্বশক্তির পারমাণবিক বিষয়ে আলোচনা একটি গুরুত্বপূর্ণ পর্যায়ে থাকার প্রেক্ষাপটে নেতানিয়াহুর এই সফর এল। সিদ্ধান্ত মোতাবেক, উভয় পক্ষকে ৩১ মার্চের মধ্যে একটি কাঠামো চুক্তি করতে হবে। এরপর জুন মাসের মধ্যে একটি চূড়ান্ত চুক্তির সময়সীমা নির্ধারণ করা হয়েছে।
কংগ্রেসে দেওয়া ভাষণে নেতানিয়াহু ইরানকে ‘পুরো বিশ্বের জন্য হুমকি’ হিসেবে চিত্রায়িত করেন। তিনি দাবি করেন, ইরানকে যে বিশ্বাস করা যায় না, সেটি তারা বারবার প্রমাণ করেছে। বর্তমানে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি ও ইরানি পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফ প্রস্তাবিত যে চুক্তিটি নিয়ে সুইজারল্যান্ডে আলোচনা চালিয়ে যাচ্ছেন, তার সমালোচনা করেন নেতানিয়াহু।
ভাষণের জন্য কংগ্রেসে উষ্ণ প্রশংসা কুড়ান নেতানিয়াহু। তবে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জো বাইডেনসহ বেশির ভাগ ডেমোক্র্যাট সদস্যই এ সময় অনুপস্থিত ছিলেন।