ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, মার্কিন কংগ্রেসে তাঁর মঙ্গলবারের ভাষণের উদ্দেশ্য প্রেসিডেন্ট বারাক ওবামাকে অসম্মান প্রদর্শন করা নয়। গতকাল সোমবার ওয়াশিংটনে শীর্ষ মার্কিন-ইসরায়েল লবি সংগঠন এইপ্যাক-এর (এআইপিএসি) নীতিবিষয়ক সম্মেলনে এ কথা বলেন ৪৮ ঘণ্টার বিতর্কিত সফরে যুক্তরাষ্ট্র যাওয়া নেতানিয়াহু। নেতানিয়াহু বলেন, তিনি একেবারেই চান না, ইসরায়েল যুক্তরাষ্ট্রে একটি দলীয় রাজনীতির বিষয়ে পরিণত হোক।
মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার রিপাবলিকান নেতা জন বেহনারের আমন্ত্রণে ইসরায়েলি প্রধানমন্ত্রী কংগ্রেস অধিবেশনে ইরান নিয়ে ভাষণ দেবেন। গত রোববার তিনি ওয়াশিংটনে পৌঁছান। মনে করা হচ্ছে, ইরানের ওপর নতুন অবরোধের বিরুদ্ধে ওবামা যে ভেটো দেওয়ার হুমকি দিয়েছেন, তার পাল্টা ব্যবস্থা হিসেবেই কংগ্রেসে নেতানিয়াহুর ভাষণের আয়োজন করা হয়েছে।
হোয়াইট হাউস বলেছে, নেতানিয়াহুর এ সফরে তাঁর সঙ্গে দেখা করবেন না প্রেসিডেন্ট ওবামা। কারণ হিসেবে প্রকাশ্যে বলা হচ্ছে, ইসরায়েলের আসন্ন নির্বাচনের কথা। হোয়াইট হাউস বলছে, নির্বাচনের ওপর ওবামা-নেতানিয়াহু বৈঠক প্রভাব ফেলতে পারে।
ওবামা সরকার পারমাণবিক কর্মসূচি নিয়ে ইরানের সঙ্গে যে সমঝোতার উদ্যোগ নিয়েছে, তা ইসরায়েলের পছন্দ নয়। দেশটি ইরানকে তার অস্তিত্বের জন্য হুমকি মনে করে।
এদিকে ইরানের সঙ্গে আন্তর্জাতিক মহলের পরমাণু চুক্তির খুঁটিনাটি আগেই প্রকাশ না করার জন্য ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে গতকাল সতর্ক করে দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। জেনেভায় সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ইসরায়েলের নাম প্রকাশ না করে এ কথা বলেন তিনি।