কংগ্রেসের তদন্ত চান তিন ভুক্তভোগী নারী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ এনে সোমবার নিউইয়র্কে সংবাদ সম্মেলন করেন তিন নারী l ছবি: রয়টার্স
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ এনে সোমবার নিউইয়র্কে সংবাদ সম্মেলন করেন তিন নারী l ছবি: রয়টার্স

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তোলা তিন নারী তাঁদের বাজে অভিজ্ঞতার বিবরণ দিয়ে এ বিষয়ে কংগ্রেসে তদন্তের দাবি জানিয়েছেন। গত সোমবার নিউইয়র্কে সংবাদ সম্মেলনে ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ তোলা নারীরা হলেন জেসিকা লিডস, সামান্থা হোলভে ও র‍্যাচেল ক্রুকস। সামান্থা হোলভে ২০০৬ সালের মিস নর্থ ক্যারোলাইনা।
তবে হোয়াইট হাউস জানিয়েছে, ট্রাম্পের বিরুদ্ধে ওই তিন নারীর অভিযোগ মিথ্যা।
ওই তিন নারী মূলত ২০১৬ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগেই ট্রাম্পের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ করেছিলেন। এবার তাঁদের হেনস্তার অভিজ্ঞতার বিবরণ তুলে ধরেন। ট্রাম্পের বিরুদ্ধে জেসিকা, সামান্থা ও র‍্যাচেলের অভিযোগ, ট্রাম্প তাঁদের শরীরের স্পর্শকাতর স্থানে হাত দিয়েছেন, জড়িয়ে ধরেছেন এবং জোর করে চুমু দিয়েছেন।
সামান্থা বলেন, ২০০৬ সালে প্রতিযোগিতার সময় তাঁর বয়স ২০ বছর। তখন এক অনুষ্ঠানে ট্রাম্প তাঁর দিকে এমনভাবে তাকাচ্ছিলেন, যেন তিনি মাংসের টুকরো। এনবিসির এক অনুষ্ঠানে তিনি বলেন, কংগ্রেসের বিভিন্ন সদস্যের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগের তদন্ত শুরু হয়েছে, তাই তিনি ট্রাম্পের বিরুদ্ধেও কংগ্রেসের তদন্তের দাবি করছেন।
বিবিসি জানিয়েছে, ৭০ বছর বয়সী জেসিকা লিডসের অভিযোগ, ৩৮ বছর বয়সে তিনি নিউইয়র্ক থেকে একটি ফ্লাইটের প্রথম শ্রেণির কেবিনে ট্রাম্পের পাশের আসনে বসেছিলেন। সেখানেই জোর করে ট্রাম্প তাঁকে হয়রানি করেন। তিনি বলেন, ‘ট্রাম্প প্রকৃত অর্থে আমার ওপর ঝাঁপিয়ে পড়েছিলেন।’
র‍্যাচেল ক্রুকসের অভিযোগ, তিনি ট্রাম্প টাওয়ারে একটি রিয়েল এস্টেট প্রতিষ্ঠানের অভ্যর্থনাকারীর চাকরি করতেন। তখন তাঁর বয়স ছিল ২২ বছর। ২০০৫ সালে একদিন লিফটের বাইরে ট্রাম্প তাঁকে জোর করে জড়িয়ে ধরেন। এরপর তাঁর ঠোঁটে চুমু দেন। র‍্যাচেল বলেন, ‘এ ঘটনায় আমি বিস্মিত হয়েছিলাম। ভেঙে পড়েছিলাম।’
হলিউডের প্রযোজক হার্ভে ওয়েনস্টেইনের বিরুদ্ধে সম্প্রতি যৌন হয়রানির অভিযোগ ওঠার পর সারা বিশ্বে ঘটে যাওয়া যৌন হয়রানির ঘটনাগুলো সামনে চলে আসছে। যেসব নারী ও পুরুষ যৌন হয়রানির শিকার হয়েছেন, তাঁরা সামাজিক যোগাযোগমাধ্যমে হ্যাশট্যাগ ‘#মি টু’ দিয়ে সেই তিক্ত অভিজ্ঞতার কথা প্রকাশ করছেন। এ পর্যন্ত ট্রাম্পের বিরুদ্ধে ১৫ জন নারী যৌন হয়রানির অভিযোগ তুলেছেন।
একসময় মার্কিন টেলিভিশন এনবিসির শো দ্য অ্যাপ্রেনটিস উপস্থাপনা করতেন ট্রাম্প। ওই অনুষ্ঠানে পঞ্চম সেশনের প্রতিযোগী ছিলেন সামার জারভস। নির্বাচনের আগে গত অক্টোবরে তিনি অভিযোগ করেন, চাকরির সুযোগ করে দেওয়ার কথা বলে ট্রাম্প তাঁকে যৌন হয়রানি করেন।
এ বিষয়ে গতকাল হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি সারাহ স্যান্ডারস বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ ধরনের অভিযোগ সরাসরি প্রত্যাখ্যান করেছেন। এদিকে এই অভিযোগের পরিপ্রেক্ষিতে ট্রাম্পকে পদত্যাগের আহ্বান জানিয়েছেন তিনজন ডেমোক্র্যাট সিনেটর।