কংগ্রেসের প্রতিবেদনে স্নোডেনের তীব্র নিন্দা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এডওয়ার্ড স্নোডেন
এডওয়ার্ড স্নোডেন

এডওয়ার্ড স্নোডেনকে নিছক একজন ‘অসন্তুষ্ট’ কর্মী আখ্যা দিয়ে মার্কিন কংগ্রেসের একটি কমিটি বলেছে, তাঁর কার্যকলাপে কেবল যুক্তরাষ্ট্রের শত্রুরাই লাভবান হয়েছে। যুক্তরাষ্ট্রের গোপন ও স্পর্শকাতর তথ্য ফাঁস করার নেপথ্যে তাঁর কোনো ‘নৈতিক উদ্দেশ্য’ ছিল না। তবে মার্কিন জাতীয় নিরাপত্তা সংস্থার (এনএসএ) সাবেক চুক্তিভিত্তিক কর্মী স্নোডেন এটি প্রত্যাখ্যান করেছেন।
মার্কিন প্রতিনিধি পরিষদের গোয়েন্দাবিষয়ক কমিটির প্রতিবেদনটি গত বৃহস্পতিবার প্রকাশিত হয়। এর আগের দিনই দুটি মানবাধিকার সংগঠন স্নোডেনকে ক্ষমা করার জন্য প্রেসিডেন্ট বারাক ওবামাকে আহ্বান জানিয়ে এক কর্মসূচি শুরু করে।
এনএসএর সাবেক কর্মী স্নোডেন ২০১৩ সালে যুক্তরাষ্ট্রের বেশ কিছু গোপন তথ্য ফাঁস করে আলোড়ন তোলেন। পরে তিনি দেশ ত্যাগ করে রাশিয়ায় আশ্রয় নেন।
প্রতিনিধি পরিষদের গোয়েন্দাবিষয়ক কমিটির প্রতিবেদনে বলা হয়, অসন্তুষ্ট কর্মী স্নোডেন প্রায়ই তাঁর উর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে ঝগড়ায় জড়াতেন। তাঁকে এ জন্য তিরস্কার করা হয়েছিল।
তবে কংগ্রেস কমিটির এ প্রতিবেদনের সমালোচনা করে স্নোডেন বলেন, এতে আনাড়িভাবে মিথ্যার ফুলঝুরি ছোটানো হয়েছে।
এদিকে তথ্য ফাঁস করে আলোড়ন তোলা ওয়েবসাইট উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জের গ্রেপ্তারি পরোয়ানা বহাল রেখেছেন সুইডেনের একটি আপিল আদালত।